প্রস্তুতি নিচ্ছে বিএনপি প্রার্থী চূড়ান্ত হয়নি
বিএনপি আসন্ন ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য দলটি প্রস্তুতি নিতেও শুরু করেছে। তবে দলের পক্ষ থেকে কাকে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে, তা চূড়ান্ত করা হয়নি। বিএনপির সূত্রে জানা গেছে, ঢাকার মেয়র পদে লড়তে এরই মধ্যে দলের চারজন আগ্রহ দেখিয়েছেন।সূত্র জানায়, সম্ভাব্য মনোনয়ন-প্রত্যাশীদের মধ্যে আছেন বর্তমান মেয়র ও দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল।বিএনপির নেতারা জানান, আনুষ্ঠানিকভাবে না হলেও সম্ভাব্য এসব প্রার্থীর কেউ কেউ প্রচারকাজ শুরু করেছেন। আবার কেউ কেউ মনোনয়ন পেতে নানাভাবে তদবির চালাচ্ছেন। তবে শেষ পর্যন্ত আবদুল আউয়াল ও সাদেক হোসেনের মধ্য থেকে যেকোনো একজনকে প্রার্থী করা হতে পারে। বিএনপির নেতারা বলেন, ডিসিসির নির্বাচনকে বিএনপি জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ হিসেবে দেখছে। তা ছাড়া দলের সাংগঠনিক ভিত কতটা মজবুত, তাও এই নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে। দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে। নির্বাচনে জিততে পারবেন এমন ব্যক্তিকেই খুঁজে বের করা হবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে ডিসিসির নির্বাচনে অংশ নেবে বিএনপি। তিনি আশা করেন, বিএনপি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে কাজ করছে। তবে কোনো প্রার্থীকে এখনো চূড়ান্ত করা হয়নি।প্রচারণা শুরু: নির্বাচনে বিএনপির প্রার্থী হবেন এমনটা ধরে নিয়েই কাজ শুরু করেছেন আবদুল আউয়াল। এরই মধ্যে তিনি কারওয়ান বাজারে নির্বাচনী দপ্তর স্থাপন করেছেন। ২০০২ সালে তিনি বিএনপির আশ্বাস পেয়ে ডিসিসি নির্বাচনে কাজ শুরু করেছিলেন।আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী আইন মেনে যতটা সম্ভব প্রচার শুরু করেছি। মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। জনগণের সুবিধা-অসুবিধা বোঝার চেষ্টা করছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির মতো বড় দলে অনেক প্রার্থী থাকবেন। আশা করি সব দিক বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবে।’মির্জা আব্বাস গত ঈদে রাজধানীবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগান। তবে সরাসরি তিনি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি। প্রথম আলোকে তিনি বলেন, দল যাঁকে মনোনয়ন দেবে, তিনিই মেয়র প্রার্থী হবেন। এ ক্ষেত্রে কারও কিছু বলার নেই।হান্নান শাহ প্রথম আলোকে বলেন, যাঁর নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাঁকেই বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে। দলের নেতা-কর্মীরা যাঁকে সমর্থন দেবেন, তিনি তাঁর পক্ষে কাজ করবেন।প্রস্তুত হচ্ছে বিএনপি: বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা প্রথম আলোকে বলেন, ডিসিসি নির্বাচন দলের জন্য একটা চ্যালেঞ্জ। বিএনপির প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে কি না, তাও এই নির্বাচনে প্রমাণিত হবে। গত এক বছরে বিএনপি কতটা সংগঠিত হয়েছে, সামনের দিনগুলোতে কী করণীয় তা নির্ধারণে ডিসিসি নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।