হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিয়ে গতকাল রোববার ঢাকায় প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভীর সঙ্গে আলোচনা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন।আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ওই শীর্ষ বৈঠকের আলোচনার বিষয়বস্তু ও বিভিন্ন চুক্তির প্রস্তুতি নিয়ে তাঁরা আলোচনা করেছেন। এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। দুই প্রধানমন্ত্রীর আসন্ন শীর্ষ বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হবে এবং আলোচনা শেষে যেসব চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সইয়ের তালিকায় রয়েছে, সেগুলোর প্রস্তুতি নিয়ে কথা হয়েছে।’ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, ‘মনমোহনের সফরের প্রস্তুতির অংশ হিসেবেই গতকাল সকালে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন পররাষ্ট্রসচিব শিবশংকর মেনন।’ ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে তিনি বেলা ১১টায় ঢাকায় পৌঁছান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উপদেষ্টা গওহর রিজভী ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম।প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ভারতের সাবেক পররাষ্ট্রসচিব শিবশংকর মেননের দুই দিনের কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক ছাড়াও আজ সোমবার দুপুরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক হবে। এ ছাড়া সকালে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। আজ সন্ধ্যায় ঢাকা ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সঙ্গে আরেক দফা বৈঠক করবেন। প্রসঙ্গত, দুই প্রতিবেশী দেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে মূল সমন্বয়ের কাজটি করছেন দুই উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভী এবং ভারতের শিবশংকর মেনন। আনুষ্ঠানিকভাবে দুই দেশের এ তিন উপদেষ্টা ‘উচ্চপর্যায়ের সমন্বয়কারী’ হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা গত দেড় বছরে বেশ কয়েকবার ভারত সফরে গেলেও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে এটাই শিবশংকর মেননের প্রথম ঢাকা সফর।