প্রস্তুতি নিয়েও মার খেল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের কর্মসূচি ছিল পূর্বঘোষিত, পুলিশের প্রস্তুতিও ছিল জোরালো। তবু গত সোম ও মঙ্গলবার রাজধানীসহ সারা দেশের ১৮ জেলায় তাদের কর্মীদের হাতে মার খেয়েছে পুলিশ। এতে আহত হন অন্তত ১৫৬ জন পুলিশ সদস্য। পুলিশের মোট পাঁচটি গাড়ি ভাঙচুর ও একটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৪৬টি।পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশের মনোবল ভেঙে দিতে পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। এ ছাড়া কোথাও কোথাও পুলিশ কর্মকর্তাদের অদক্ষতা ও কৌশলেও ভুল ছিল। আবার সরকারের শেষ দিকে রাজনৈতিক আনুগত্য নিয়ে দোদুল্যমানতায় ভোগা কোনো কোনো পুলিশ কর্মকর্তা হামলার সময় গা বাঁচিয়ে চলার চেষ্টা করেছেন।জানতে চাইলে পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, আচমকা হামলার কারণে পুলিশ আহত হয়েছে। এটা পুলিশের ধারণার বাইরে ছিল। ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সব মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ এবং ৬ থেকে ১৩ নভেম্বর দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও নয়জন শীর্ষস্থানীয় নেতার মুক্তিসহ কয়েকটি দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।জামায়াতের কর্মসূচির বিষয়ে সতর্কতা হিসেবে সোমবার সকাল থেকে রাজধানীর প্রেসক্লাব, পল্টন, মতিঝিল এলাকায় অবস্থান নেয় বিপুলসংখ্যক পুলিশ। থানার পুলিশের পাশাপাশি ছিলেন পুলিশের দাঙ্গা দমন বিভাগের (পিওএম) সদস্যরাও। তাঁদের সঙ্গে ছিল লাঠি ও ঢাল। পরনে ছিল বর্ম, বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট। ছিল কাঁদানে গ্যাস ছোড়ার বন্দুক ও শটগান। মোতায়েন ছিল দাঙ্গা দমনের সাঁজোয়া যানও। বিকেল চারটার দিকে মতিঝিল এলাকা থেকে বের হয় জামায়াতের প্রথম মিছিল। সেখান থেকেই সূত্রপাত হয় সংঘর্ষের। এখানে আহত হন ২২ জন পুলিশ সদস্য। একই দিন বগুড়া, সাতক্ষীরা, নড়াইল, নোয়াখালী, মৌলভীবাজার, চট্টগ্রাম, কুষ্টিয়া, জয়পুরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে পুলিশের ওপর হামলা চালান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এতে অন্তত ৫৪ জন পুলিশ সদস্য আহত হন। মঙ্গলবার একইভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নোয়াখালী, ভোলা, সাতক্ষীরা ও বরিশালেও পুলিশের ওপর হামলা হয়েছে। এতে আহত হন অন্তত ৮০ জন। বিভিন্ন টিভি চ্যানেলের ভিডিওচিত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, পালাতে গিয়ে মার খেয়েছেন পুলিশ সদস্যরা। সংঘর্ষের সময় হঠাৎ কয়েকজন যুবককে বিচ্ছিন্ন কোনো পুলিশ সদস্যের ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে। মসজিদ, রেস্তোরাঁ, বন্ধ দোকান বা গলি থেকে তাঁরা ছোট ছোট দলে ভাগ হয়ে দলছুট পুলিশ সদস্যকে মারধর করে ফেলে রেখে সরে পড়েন।সোমবার বগুড়া শহরের সাতমাথা এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ও মঞ্জুরুল ইসলাম ভূঁইয়াকে লাঠি দিয়ে বেদম পেটান। একই দিন নোয়াখালীতে জামায়াতের দলীয় কার্যালয়ের কাছে রফিকুল ইসলাম নামের এক এসআইকে মারধর করে রাস্তার পাশের খালে ফেলে দেওয়া হয়। এ সময় আরও তিন কনস্টেবলকে পেটানো হয়। জয়পুরহাটের প্রধান সড়কে জামায়াতের মিছিল থেকে হামলা হলে পুলিশ সদস্যরা রাস্তার পাশের দোকান ও বাস কাউন্টারে ঢুকে পড়েন। এখানেও তাঁদের ধরে পেটানো হয়। মঙ্গলবার রাজশাহীর সাহেব বাজারে এক পুলিশ সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে তাঁকেই মারধর করতে দেখা যায় জামায়াতের কর্মীদের। চট্টগ্রামে জামায়াতের হামলায় পুলিশ প্রেসক্লাব ও ডা. খাস্তগীর বিদ্যালয়ে আশ্রয় নেয়। এখানেও জামায়াতের কর্মীরা লাঠি দিয়ে এক পুলিশ সদস্যকে বেদম মারধর করেন। সাতক্ষীরায় আহত হন ছয় পুলিশ সদস্য।ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, মিছিল-সমাবেশের পর পুলিশের ওপর হামলা হতে পারে, এমন আশঙ্কা ছিল। এ জন্য প্রস্তুতিও ছিল। কিন্তু হঠাৎ করেই প্রেসক্লাব-পল্টন এলাকায় পুলিশকে ঘিরে আক্রমণ শুরু করেন জামায়াতের কর্মীরা।মনিরুল দাবি করেন, পুলিশের মনোবল ভেঙে দিয়ে বাহিনীটির মধ্যে আতঙ্ক ছড়াতে জামায়াত পরিকল্পিতভাবে এ হামলা চালাচ্ছে। পুলিশ এসবের কিছু দালিলিক প্রমাণও পেয়েছে।পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জামায়াতের কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা হতে পারে, এ তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব তথ্য বুঝিয়েও দেওয়া হয়। তবু সংঘর্ষের সময় তাঁদের তৎপরতা ছিল না। সরকারের শেষ দিকে রাজনৈতিক আনুগত্য নিয়ে দোদুল্যমানতায় ভোগা কর্মকর্তারা গা বাঁচিয়ে চলার চেষ্টা করেছেন। এ পরিস্থিতিতে সাধারণ পুলিশ সদস্যরা পালাতে গিয়ে মার খেয়েছেন। ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, হামলা হতে পারে, এ আশঙ্কায় রোববার রাতেই কর্মকর্তাদের ব্রিফ করা হয়। সাধারণত বিকেলের দিকে পল্টন-প্রেসক্লাব এলাকায় জামায়াত-শিবিরের তৎপরতা থাকে। এসব এলাকায় জামায়াতের অনেক নেতা-কর্মী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। কাজ শেষে সংগঠনের হয়ে মাঠে নামেন তাঁরা। কিন্তু সোমবার সকাল থেকেই পুলিশ মোতায়েন রাখা হয়। তাদের বলা হয়েছিল, দুপুরের পর থেকে অধিক সতর্ক থাকার জন্য। কিন্তু ‘আর কিছু হবে না’ ভেবে বিকেলের দিকেই পুলিশ সদস্যরা গা ছেড়ে দেন। এই অবস্থায় হামলার সময় কেউই প্রতিরোধ করতে পারেননি।