প্রস্তুতি নেই, সিএনজি অটোরিকশার নতুন ভাড়া কার্যকর হয়নি
প্রস্তুতির অভাবে রাজধানীতে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার বাড়তি ভাড়া গতকাল শনিবার কার্যকর হয়নি। এখন ১৬ জানুয়ারি থেকে এ ভাড়ার হার কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এরই মধ্যে বিআরটিএ এ-সংক্রান্ত সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে যোগাযোগ মন্ত্রণালয় ও সিএনজি চালক-মালিকদের সংগঠনকে জানিয়েছে।গত ৪ নভেম্বর যোগাযোগ মন্ত্রণালয় চালক-মালিকদের চাপে রাজধানী ঢাকায় চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ও মালিকের জমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু গত প্রায় এক মাসে এ-সংক্রান্ত কোনো প্রস্তুতি নেওয়া হয়নি।বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান প্রথম আলোকে গতকাল শনিবার বলেন, সিএনজি অটোরিকশার অধিকাংশ মিটার বিকল। মিটার সচল না হওয়ায় নতুন ভাড়ার হার কার্যকর করার পূর্বঘোষিত সময়সীমা বাড়ানো হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া ধার্য করা হয়েছে ২৫ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া সাত টাকা। মালিকের দৈনিক জমা করা হয়েছে ৬০০ টাকা। প্রতি মিনিট অপেক্ষার (যানজট, যাত্রাবিরতি ও সিগন্যাল) জন্য এক টাকা ২৫ পয়সা করা হয়েছে।বর্তমানে প্রথম দুই কিলোমিটারের ভাড়া ১৪ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ছয় টাকা নির্ধারিত আছে। প্রতি মিনিট অপেক্ষার জন্য নির্ধারিত আছে এক টাকা। মালিকের জমা সাড়ে ৪০০ টাকা।বিআরটিএ সূত্র জানায়, ২০০২-০৩ সালে ঢাকায় সিএনজি অটোরিকশা চালু করার সময় বিআরটিএর তালিকাভুক্ত ১৭টি কোম্পানি মিটার সরবরাহ করে। সে সময় বলা হয়েছিল, মিটারে ভাড়া প্রতিস্থাপন, মিটার অচল হলে কিংবা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মিটারে পরিবর্তন আনতে হলে ওই ১৭ কোম্পানির মাধ্যমেই করতে হবে। কিন্তু বর্তমানে এই ১৭টির মধ্যে মাত্র পাঁচটি কোম্পানি চালু আছে। বাকিগুলো বন্ধ হয়ে গেছে।ঢাকায় এখন প্রায় ১২ হাজার সিএনজি অটোরিকশা আছে। অধিকাংশ কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় সময়মতো সব মিটারে ভাড়া পুনস্থাপন করা হয়নি। সে জন্য সময় বাড়ানো হয়েছে।এদিকে ৪ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী, মিটার অনুযায়ী গন্তব্যে যাওয়া, মিটারের অতিরিক্ত ভাড়া আদায় না করা, মিটার কারসাজি (টেম্পারিং) না করা, চালকের কাছ থেকে নির্ধারিত হারের বেশি জমা আদায় না করাসহ বেশ কিছু সরকারি সিদ্ধান্ত মানার বিষয়ে মালিক ও শ্রমিক সংগঠন, বিআরটিএ এবং পুলিশের মধ্যে ১৫০ টাকার স্ট্যাম্পে যৌথ চুক্তিনামা করার কথা। গত ৩০ ডিসেম্বরের মধ্যে এই চুক্তিনামা হওয়ার কথা ছিল। চালক ও মালিক সংগঠনগুলো এই সিদ্ধান্ত মেনে তাদের হলফনামা জমাও দিয়েছে। কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি।ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, তাঁরা হলফনামা বিআরটিএতে জমা দিয়েছেন। বিআরটিএ স্বাক্ষরের উদ্যোগ নেয়নি। তিনি আরও জানান, ১৬ জানুয়ারি নতুন ভাড়ার হার কার্যকর করার বিষয়টি তাঁরা মৌখিকভাবে জেনেছেন। এখনো চিঠি পাননি।এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যান বলেন, ভাড়া বৃদ্ধির গেজেট এখনো হাতে পাননি তাঁরা। শিগগিরই যৌথ চুক্তিনামায় স্বাক্ষর হবে।ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ বলেন, ১৬ জানুয়ারি থেকে নতুন ভাড়া কার্যকর হবে। এর আগে কেউ বাড়তি ভাড়া নেবে না। এবার তাঁরা সরকারের সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করবেন।