প্রস্তুতি নেওয়া শেষ, এখন প্রয়োজন বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মনে করে, ২০১০-১১ অর্থবছরটি হতে হবে সরকারের কর্মসূচি বাস্তবায়নের বছর। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা ও প্রেক্ষিত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থবছরের কার্যক্রম পরিচালনা করতে হবে।সিপিডির মতে, ২০০৯-১০ অর্থবছরে সরকার মূলত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিয়েছে। এখন সময় এসেছে এসব প্রস্তুতির ভিত্তিতে জনগণের সামনে কর্মকাণ্ড বাস্তবায়ন করা।ঢাকায় সিপিডির নিজ কার্যালয়ে গতকাল শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব কথা বলা হয়। এ সময় আগামী অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির জন্য সরকারের কাছে দেওয়া সুপারিশের বিভিন্ন দিক তুলে ধরা হয়।এতে বলা হয়, আগামী বাজেটে বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো বিনির্মাণ হতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি মূল্যস্ফীতির চাপ সহনীয় রাখার পদক্ষেপ থাকতে হবে।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এ সময় সিপিডির গবেষক উত্তম কুমার দেব, ফাহমিদা খাতুন, খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং সংলাপ বিভাগের প্রধান আনিসাতুল ফাতেমা উপস্থিত ছিলেন।মোস্তাফিজুর রহমান বলেন, চলতি অর্থবছর সরকারকে বিভিন্ন নীতিমালা ও আইন করতে হয়েছে, যে জন্য অনেক সময় লেগেছে। সেদিক থেকে এটাকে প্রস্তুতির বছর বলা যেতে পারে। কিন্তু এখন দরকার বাস্তবায়ন।মোস্তাফিজুর রহমান উদাহরণ দিয়ে বলেন, এবারের বাজেটে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) জন্য বরাদ্দ ছিল। তবে নীতিমালা করতেই অনেক সময় লেগে গেছে। তাই পিপিপির তেমন কোনো বাস্তবায়ন হয়নি। আগামী অর্থবছরে অবশ্যই বাস্তবায়নে যেতে হবে।বিদ্যুৎসংকটকে অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘আগামী দুই বছরে এই সংকট থেকে পুরোপুরি বের হয়ে আসা যাবে না। সে জন্য এই সময়কালের জন্য সাময়িকভাবে বিভিন্ন ব্যবস্থা নিয়ে ও প্রণোদনা দিয়ে অর্থনীতির বিভিন্ন খাতকে সচল রাখতে হবে।’বিদ্যুতের সংকট মোচনে সিপিডি আগামী বাজেটে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে। এগুলোর মধ্যে আছে পুরোনো উৎপাদন কেন্দ্রগুলোর সংস্কার ও পুনর্গঠনের জন্য তাত্ক্ষণিক বরাদ্দ, ভর্তুকিমূল্যে জেনারেটরের জন্য ডিজেল ও ফার্নেস তেল সরবরাহ, জেনারেটর ও জেনারেটরের যন্ত্রাংশ আমদানিতে কর ছাড়, ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (ক্যাপটিভ পাওয়ার প্লান্ট) স্থাপনে স্বল্প সুদে ঋণ প্রদান ইত্যাদি।সিপিডি বিদ্যুতের মূল্য যৌক্তিকীকরণের পদক্ষেপ আপাতত গ্রহণ না করারও পরামর্শ দিয়েছে। এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, এখন বিভিন্ন শিল্পকারখানায় বিকল্প বিদ্যুৎ জোগানের জন্য বাড়তি খরচ করতে হচ্ছে। ফলে তাদের উৎপাদন খরচও অনেক বেড়ে গেছে।সিপিডি কয়লানীতি দ্রুত চূড়ান্ত করারও তাগিদ দিয়েছে। আর কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা উত্তোলনের আগে কয়লাখনি এলাকার অধিবাসীদের পুনর্বাসনের বিষয়ে আগামী বাজেটে বরাদ্দ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।একইভাবে ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশের ভূখণ্ডে ৩৫ কিলোমিটারের যে সঞ্চালন লাইন স্থাপন করতে হবে, সে জন্য বাজেটে বরাদ্দ দিতে হবে বলেও উল্লেখ করেছে সিপিডি।আগামী বাজেটে রপ্তানিমুখী শিল্প খাতের জন্য মন্দা মোকাবিলার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি অব্যাহত রাখার সুপারিশ করেছে সিপিডি। এর পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছে, মন্দার নেতিবাচক প্রভাব খানিকটা দেরিতে পড়েছে। তাই এটি কাটিয়ে উঠতে সমর্থন বজায় রাখা প্রয়োজন।সিপিডি মনে করে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে এবার কিছুটা অগ্রগতি হলেও তা যথেষ্ট নয়। তাই এ কাজে গতি বাড়ানো প্রয়োজন।এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, চলমান ও নতুন প্রকল্পগুলো পরিষ্কারভাবে আলাদা করা উচিত। পাশাপাশি ১০০টি প্রকল্প বাছাই করে সেগুলোর বাস্তবায়ন নিবিড়ভাবে তদারক করা দরকার। এ ক্ষেত্রে বিদ্যুৎ ও অবকাঠামো প্রকল্পগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে।এক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে অর্থ সংস্থান এখন আর তেমন কোনো সমস্যা নয়। দেশি-বিদেশি দুই উৎস থেকেই অর্থ পাওয়া সম্ভব। সমস্যাটা বাস্তবায়নের। সরকারকে এদিকেই সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।’সিপিডির সুপারিশে রাজস্ব আয়, বিশেষত আয়কর বাড়ানোর জন্য অনলাইনে আয়কর-বিবরণী দাখিলের ব্যবস্থা চালু এবং স্বয়ংক্রিয় কর ক্যালকুলেটর স্থাপনের কথা বলা হয়েছে। এ ছাড়া আগামী খানা আয়-ব্যয় জরিপ এমনভাবে সাজানোর কথা বলা হয়েছে, যেন দেশে সম্ভাব্য আয়করদাতাদের সম্পর্কে ধারণা পাওয়া যায়।সিপিডি অপ্রদর্শিত আয় বৈধ করা বা কালো টাকা সাদা করার আর কোনো সুযোগ না দেওয়ার সুপারিশ করেছে। এবারের বাজেটে এই সুযোগ দেওয়া হলেও তাতে তেমন কোনো সাড়া মেলেনি বলে মন্তব্য করেছেন মোস্তাফিজুর রহমান।রাজস্ব বাড়াতে পুঁজিবাজারের মূলধনি আয় থেকে কর সংগ্রহে কিছু মধ্যমেয়াদি পদক্ষেপ গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে, বাজার অস্থির করে তুলতে পারে, এমন কোনো পদক্ষেপ না নেওয়ার কথা বলা হয়েছে।