বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে চলতি মাসের ২৯ তারিখে দুবাইয়ে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। সেই ম্যাচ শেষ পর্যন্ত হচ্ছে না। আর্জেন্টিনার কোচ ডিয়েগো ম্যারাডোনা তাই বেজায় চটেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জুলিও গ্র্যানডেনার ওপর।তাই ক্ষোভ নিয়েই ম্যারাডোনা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমি খেলোয়াড়দের কথা দিয়েছিলাম, দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে তাঁরা দুবাইয়ে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, তাঁদের সেই লক্ষ্য পূরণ হচ্ছে না। ম্যাচটি বাতিল করা হয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি হিসেবেই সেই ম্যাচটি খেলার কথা ছিল।’এর পরই জুলিও গ্র্যানডেনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেছেন, ‘গ্র্যানডেনা আমাকে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় জনাচল্লিশেক লোক নিয়ে যেতে বলেছিলেন। আমি তাঁকে বিনয়ের সঙ্গে জানিয়েছিলাম, জাতীয় দলের সঙ্গে সাধারণত কোনো অতিথি ভ্রমণ করেন না। এর পরপরই জানতে পারি দুবাইয়ে আমাদের প্রস্তুতি ম্যাচটি হচ্ছে না।’ এই অতিথি কারা তা অবশ্য তিনি প্রকাশ করেননি।তবে ব্যাপারটি নিয়ে গ্র্যানডেনার সঙ্গে ম্যারাডোনা সরাসরি কথা বলবেন বলে জানিয়েছেন। ম্যারাডোনা বলেছেন, ‘বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে প্রস্তুতিমূলক ম্যাচের বিকল্প নেই।’