প্রস্তুতি ম্যাচেও লড়াইয়ের আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাঈমুর রহমান, জাহাঙ্গীর আলমকে পাওয়া গেল করিডরে। একটু পর মোহাম্মদ রফিকও এসে নামলেন গাড়ি থেকে। বিসিবির অফিসে কাল দিনভরই সাবেক ক্রিকেটারদের আনাগোনা। বিশ্বকাপের সৌজন্য টিকিট দেওয়া হচ্ছে সাবেক ক্রিকেটারদের। টিকিটের খাম খুলে অনেকেই হতাশ। কথা ছিল সাবেক ক্রিকেটাররা প্রতি ম্যাচের দুটি করে টিকিট পাবেন। কিন্তু দেওয়া হয়েছে একটি করে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট!বিশ্বকাপ যতই কাছে আসছে, টেনশন-আফসোস-রোমাঞ্চ বাড়ছে। চাহিদামতো টিকিট না পাওয়ার দীর্ঘশ্বাসের সঙ্গে যোগ হচ্ছে বিসিবির চাকুরেদের আফসোস। সারা বছর ক্রিকেটের সঙ্গে থাকলেও বিশ্বকাপটা অনেকের অদেখা থেকে যেতে পারে। কারণ, খেলার দিনগুলোতে নাকি বন্ধ থাকবে বিসিবির অফিস! বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন কার্ড পাননি বলে ক্ষুব্ধ দেখাল বিসিবির কয়েকজন কোচকেও। সাধারণ দর্শকদের মধ্যে তো টিকিট নিয়ে হাহাকার আছে আগে থেকেই।এত আফসোস, এত মনঃকষ্টের মধ্যে বাংলাদেশে বিশ্বকাপটা জাতীয় আনন্দের উপলক্ষ হবে কি? প্রশ্নটা থাকছে এবং তার মধ্যেই চট্টগ্রামে বাংলাদেশ-কানাডা প্রস্তুতি ম্যাচের পর আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও খুলে যাচ্ছে বিশ্বকাপের দরজা। বাংলাদেশ আজ শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ পাকিস্তানের বিপক্ষে।ভাবছেন, বাংলাদেশ আবার কবে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী হলো? পাকিস্তান ক্রিকেটে যতই অশান্তির আগুন আর বিতর্ক থাকুক, সামর্থ্যের দিক দিয়ে বাংলাদেশের কি তাদের সঙ্গে তুলনা চলে! দুদলের মুখোমুখি হওয়া ৬৫টি ওয়ানডের মধ্যে ৬৪টিতেই জিতেছে পাকিস্তান, বাংলাদেশ জয়ী মাত্র একটিতে। তার পরও বাংলাদেশকে পাকিস্তানের ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ বলাটা ধৃষ্টতা নয়তো কী!বিশ্বাস না হলে বিশ্বকাপের খাতা খুলে দেখুন, সেখানে বাংলাদেশই এগিয়ে ১-০-তে। এ পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলে বাংলাদেশ দল পাকিস্তানের মুখোমুখি হয়েছে কেবল ১৯৯৯ সালে এবং নর্দাম্পটনের ওই লড়াইয়ে ৬২ রানে জয়ী বাংলাদেশ। সেই থেকে পাকিস্তান নিশ্চয়ই বিশ্বকাপ-প্রতিশোধের অপেক্ষায় ক্ষণ গুনছে। কিন্তু পরের দুই বিশ্বকাপের ফিকশ্চারটাই এমন হলো, বাংলাদেশকে পেল না পাকিস্তান। অপমান ফিরিয়ে দেওয়ার অপেক্ষা আর ক্ষুধা কেবলই বেড়েছে। ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ ছাড়া আর কার জন্য কেউ এমন অপেক্ষা করে?এবারও কোয়ার্টার ফাইনালের আগে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সম্ভাবনা নেই। কাজেই বিশ্বকাপে না হোক, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও তো বাংলাদেশ পাকিস্তানের ১৯৯৯ বিশ্বকাপের ক্ষতটা জাগিয়ে তোলে। পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি যেমন বলেছেন, বাংলাদেশের কাছে বিশ্বকাপে হারের কষ্টটা এখনো তিনি বয়ে বেড়ান। কিন্তু বাংলাদেশ কি সহজেই পাকিস্তানের কাছে হারতে চাইবে? এই বাংলাদেশের মধ্যে ’৯৯-এর বাংলাদেশের চেয়ে জিগীষা যে অনেক বেশি!বাংলাদেশের কোচ জেমি সিডন্স অবশ্য সময়ের সঙ্গে চলতে পছন্দ করেন। ১৯৯৯ নয়, তাঁর সামনে এখন ২০১১ বিশ্বকাপ এবং তারও আগে আজকের প্রস্তুতি ম্যাচটা। ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগটাকে ‘দারুণ অনুশীলন’ মনে হচ্ছে সিডন্সের কাছে। খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা নয়, এ ম্যাচেও মূল ফোকাস থাকবে পাওয়ার প্লের ব্যাটিংয়ে, ‘যেহেতু আমরা ১৩ জন খেলোয়াড়ই নিয়েই খেলব, অতিরিক্ত হিসেবে বোলারই থাকবে। পাওয়ার প্লেতে আমরা যেটা করতে চাই সেটাই করার চেষ্টা থাকবে।’ ব্যাটিং লাইনআপ চট্টগ্রামের ম্যাচের মতোই। তবে চট্টগ্রামে যেহেতু খুব বেশি ব্যাটিং করতে হয়নি, কিছু নতুনত্ব আনা সেই লাইনআপ অদেখাই এখনো। প্রতিপক্ষ পাকিস্তান, পাওয়ার প্লের কৌশল, নতুন ব্যাটিং লাইনআপ মিলিয়ে সিডন্সের কাছে আজকের ম্যাচটাই নিজেদের দেখে নেওয়ার আয়না।পাকিস্তানের কাছেও অনেকটা তা-ই। তবে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ অন্তত শোয়েব আখতারের কাছে ভালোই গুরুত্ব পাচ্ছে। একাডেমি মাঠে মোটামুটি ঢিলেঢালা অনুশীলনের এক ফাঁকে এসে বলে গেলেন, ‘১৯৯৯ এর তুলনায় এখন তারা অনেক ভালো দল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই উন্নতি করেছে। আমার তো ধারণা, বাংলাদেশ সেমিফাইনাল, কমপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে। প্রতিদিনই নিজেদের প্রমাণ করছে দলটা।’ বাংলাদেশ যে ভালো দল হয়ে গেছে, সেটা বোঝাতে নিউজিল্যান্ডের ‘বাংলাওয়াশের’ উদাহরণ টেনেছেন পাকিস্তানি পেসার। আবার পাকিস্তানও যে হেলাফেলার দল নয়, সেটাও বোঝাতে চাইলেন তাদের সাম্প্রতিক নিউজিল্যান্ড সফরের প্রসঙ্গ তুলেই, ‘আমরা এই ম্যাচটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি। যে দলের বিপক্ষেই খেলি, আমরা জিততে চাই। আমরা নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে এসেছি, কাজটা মোটেও সহজ ছিল না।’বাংলাদেশ প্রবল কিংবা দুর্বল যে প্রতিপক্ষই হোক, আজ কোমর বেঁধেই নামবে পাকিস্তান। উইকেট কিছুটা মন্থর মনে হলেও এখানকার আবহাওয়ায় নাকি দারুণ মানিয়ে গেছে দলটা। কাজেই এখন শুধু খেলার অপেক্ষা, ‘বিশ্বকাপের আগে বা বিশ্বকাপে আমাদের সব ম্যাচেই সিরিয়াস থাকতে হবে। প্র্যাকটিস ম্যাচে হলেও এটাকে আমরা তাই স্বাভাবিক একটা ম্যাচ হিসেবেই নিচ্ছি।’অনুশীলন ম্যাচ বলেই কিনা, পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির মতো কাল মিডিয়ার সামনে এলেন না সাকিব আল হাসানও। কোচের সঙ্গে দলের প্রতিনিধি হিসেবে এখানেও এক পেসার—শফিউল ইসলাম। অভিজ্ঞতায়-আকৃতিতে শোয়েবের চেয়ে হাজার মাইল পিছিয়ে থাকলেও শফিউলের আত্মবিশ্বাসে কমতি নেই, ‘আমাদের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ভালো দল, সেটা প্রমাণ করার জন্য হলেও ম্যাচটা গুরুত্বপূর্ণ। এ ম্যাচে আমরা রিলাক্সড থাকব না। কারণ, এখানে ভালো করলে সামনের ম্যাচগুলোর জন্য ভালো হবে।’ কানাডার ম্যাচে শফিউলের বোলিং দারুণ প্রশংসা পেয়েছে সহ-অধিনায়ক তামিম ইকবালের। তবে শফিউল নিজে কিছুটা অতৃপ্ত, ‘আমার মনে হয় কানাডার বিপক্ষে একটু বাইরে বাইরে বল ফেলেছি। এটা একটু ভুল হয়েছে। আশা করি, সামনের ম্যাচে ঠিক হয়ে যাবে।’সামনের ম্যাচ তো আজই! শফিউলদের আরও ভালো করার তাড়নাটা যেন পুরো বিশ্বকাপেই থাকে।