প্রস্তুতি শেষ হয়নি, তাই মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশিদের সম্মাননা দেওয়ার যে উদ্যোগ সরকার নিয়েছিল, তা আর এই ডিসেম্বরে হচ্ছে না। স্বাধীনতার ৪০ বছর পূর্তির অংশ হিসেবে এই সম্মাননার উদ্যোগ নেওয়া হয়।এখন সম্মাননা দেওয়া যায় এমন ব্যক্তি ও সংগঠনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পরিকল্পনা নিয়েই সন্তুষ্ট থাকছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে সুবিধাজনক সময়ে নির্বাচিত ব্যক্তিদের সম্মাননা দেওয়া হবে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, সম্মাননা-সংক্রান্ত জাতীয় কমিটির সর্বশেষ সভার পর ব্যক্তি ও সংগঠন মিলিয়ে ১১২টি নামের তালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এই মাসে তালিকাটি প্রকাশ করা হবে। এরপর আগামী জানুয়ারি মাসে নির্বাচিত ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিমন্ত্রণ জানানো হবে।তবে তালিকা চূড়ান্ত করার বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন জাতীয় কমিটির অন্যতম সদস্য ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ওই সভায় সিদ্ধান্ত হয়েছিল, ৫৫০ ব্যক্তি-প্রতিষ্ঠানের নামের তালিকা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে যাবে। আর ওই তালিকা বিজয় দিবস উপলক্ষে ঘোষণা করা হবে। ২০১২ সালের জানুয়ারি কিংবা মার্চে তালিকা থেকে ১১২ জনকে সম্মাননার জন্য ঢাকায় আমন্ত্রণ জানানো হবে। মুনতাসীর মামুন বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। পরে প্রয়োজনে এই তালিকা সংযোজন-বিয়োজন হতে পারে।২০১০ সালের শুরুর দিকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নেতৃত্বাধীন একটি কমিটি এই কাজ শুরু করে। তখন বলা হয়েছিল, ২০১১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিদেশিদের সম্মাননার প্রক্রিয়া শুরু হবে। কয়েকজনকে দিয়ে প্রক্রিয়াটি শুরু হবে। সম্মাননা অনুষ্ঠান পর্যায়ক্রমে বাংলাদেশে ও বিদেশে বাংলাদেশের দূতাবাসে আয়োজন করা হবে।অবশ্য মুক্তিযুদ্ধে বিদেশিদের সম্মাননা জানানোর অংশ হিসেবে গত ২৫ জুলাই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা (মরণোত্তর) দেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের হাত থেকে ইন্দিরা গান্ধীর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তাঁর পুত্রবধূ কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী।তালিকা পরিবর্তন: প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানান, স্বাধীনতা দিবসে (২৬ মার্চ, ২০১১) বিদেশিদের বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা দেওয়া হবে, এমন পরিকল্পনা থেকে গত বছর সাড়ে পাঁচ শ নামের একটি খসড়া তালিকা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তালিকাটি ছোট করার পরামর্শ দেওয়া হয়। পরে তালিকা কাটছাঁট করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা পঞ্চাশে নামিয়ে আনা হয়।মন্ত্রিপরিষদ বিভাগ ওই তালিকা পাওয়ার পর জানতে চায়, মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্ব থেকে যুদ্ধোত্তর কয়েক বছরে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও সোভিয়েত প্রভাবে থাকা পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশের বিভিন্ন ব্যক্তি বিশেষ অবদান রেখেছিলেন। তালিকায় ওই সব দেশের সেই সব নেতা বা ব্যক্তিত্বের নাম নেই। আবার তালিকা সংশোধনের পরামর্শ দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৯০ করা হয়। এরপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বেশ কয়েকজন মন্ত্রী আরও কিছু নাম প্রস্তাব করেন। সব মিলিয়ে চলতি মাসের প্রথম দিন অনুষ্ঠিত বৈঠকে ওই তালিকায় ১১২ ব্যক্তি-প্রতিষ্ঠান স্থান পায়। এই তালিকাই আপাতত চূড়ান্ত হিসেবে মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য পাঠানো হয়।তালিকায় থাকা উল্লেখযোগ্যরা: তালিকায় ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছাড়াও সে দেশের বেশ কয়েকজন নেতা, সাবেক সামরিক কর্মকর্তা ও শিল্পীর নাম রয়েছে।বিশ্বনেতাদের মধ্যে রয়েছেন সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট নিকোলাই পদগোর্নি ও লিওনিদ ব্রেজনেভ, প্রধানমন্ত্রী আলেক্সি কসেগিন, কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো, যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট জসিপ ব্রজ (মার্শাল) টিটো, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ ও হ্যারল্ড উইলসন, মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি, ঢাকায় সাবেক মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাড। তালিকায় থাকা উল্লেখযোগ্য ভারতীয় হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং, প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায় ও তৎকালীন প্রধানমন্ত্রীর সচিব দুর্গা প্রসাদ ধর এবং মাদার তেরেসা। সাবেক সামরিক কর্মকর্তাদের তালিকায় আছেন ফিল্ড মার্শাল স্যাম মানেকশ, লে. জেনারেল জগজিৎ সিং অরোরা, লে. জেনারেল জে এফ আর জ্যাকব এবং এস এস উবান।শিল্পী ও সাহিত্যিকদের তালিকায় আছেন পণ্ডিত রবিশংকর, গায়ক জর্জ হ্যারিসন, ফরাসি দার্শনিক ও লেখক আঁদ্রে মালরোঁ, জোয়ান বায়েজ, কবি অ্যালান গিন্সবার্গ, সাংবাদিক সায়মন ড্রিং।সংগঠনের মধ্যে আছে আকাশবাণী, বিবিসি, অক্সফাম, ইন্টারনেশনাল কমিটি ফর রেডক্রস (আইসিআরসি) ও ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্ট।কমিটিতে কারা আছেন: পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে প্রধান করে গঠিত জাতীয় কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস, মুক্তিযুদ্ধবিষক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান, সাবেক কূটনীতিক কে এম শিহাবউদ্দীন ও মহিউদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় কুমার রায়, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।