প্রস্তুতির শেষ ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর গুনে হিসাব করলে এখনো কয়েকটি দিন। উদ্বোধনী অনুষ্ঠানটা রয়েছে তিন দিনের দূরত্বে, বাংলাদেশ-ভারত উদ্বোধনী ম্যাচটি আরও পাঁচ দিন পর। বিশ্বকাপ তো এখনো পড়ে রয়েছে আয়োজনের জোগাড়-যন্তরের সীমানায়। এখানে এক পোঁচ বাড়তি রং, ওখানে একটু ঝাড়পোছ, হঠাৎ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সামলানোর শেষ মহড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততা...। আপনি বলতেই পারেন, প্রথম ম্যাচটা মাঠে না নামলে বিশ্বকাপের বসন্ত বাতাস গায়ে লাগে নাকি!বিশ্বকাপটা আসলেই এবার ঘোর বসন্তকালের অনুষঙ্গ। শুরুতে সঙ্গী শিমুল-পলাশের রং, শেষে যোগ দেবে কৃষ্ণচূড়ার দ্রোহ। তবে মূল লড়াইয়ের আগে যেমন থাকে আহ্বানধ্বনি, মূল মঞ্চায়নের আগে যেমন থাকে মহড়া, বিশ্বকাপের আনুষ্ঠানিকতায় তেমনই অঙ্গাঙ্গী অবস্থান প্রস্তুতি ম্যাচের। প্রস্তুতি ম্যাচের প্রথম পর্বও শেষ হয়ে গেল কাল। চট্টগ্রামে বাংলাদেশ দল কানাডাকে ৯ উইকেটে উড়িয়ে দেওয়া জয়ে গায়ে মাখল উষ্ণতা। নামের সঙ্গে যখন ‘প্রস্তুতি’ জড়িয়ে থাকে, তার মধ্যে প্রতিশোধের আগুন খুঁজতে যাওয়ার মানে হয় না। তবু আট বছর পর একটা তৃপ্তির অনুভূতি জাগছে। ২০০৩ বিশ্বকাপে কানাডার কাছে হার যে এখনো বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে একটা ক্ষতচিহ্ন। আসলে একেপেশে এই প্রস্তুতি ম্যাচে প্রতিশোধ তো নয়, খুঁজে নিতে পারেন প্রতিশ্রুতি। দেশের স্বপ্ন বয়ে ঠিক পথেই এগিয়ে চলেছে সাকিব-তামিমের দল! ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার ইতিহাস বুকে নিয়ে একদা ঘুমিয়ে পড়া ম্যাপল পাতার দেশ কানাডা, বছরের পাঁচ মাস বরফের চাঁইয়ের নিচে ডুবে থাকা কানাডা, প্রথম এসে যদি আপনাকে বিশ্বকাপের উষ্ণতা দিতে অপারগ হয়, তাহলে প্রতাপান্বিত পাকিস্তান আছে। পরশু রাতেই ঢাকায় এসে কাল শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে ‘বুম বুম’ আফ্রিদির পাকিস্তান। এই স্টেডিয়ামেই পরশু বাংলাদেশের সঙ্গে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ। আগামীকাল ঢাকায় এসে পৌঁছাবে ‘তিন সিংহে’র ইংল্যান্ড। এর আগে ঢাকার যানজটে নাকাল ঢাকার রাজপথের চলমান জীবন দেখে বিশ্বকাপ-বিশ্বকাপ ভাবটা হয়তো জাগেনি। এবার জাগছে। এই কয়েকটি দিন ঠিক যেন ত্রিমাত্রিক ছবির মতো, বিশ্বকাপে ঢুকে পড়ার অনুভূতি। এর মধ্যে ঢুকে গেলেই সেই স্বপ্ন দেখার শুরু। নিজেদের উঠোনে স্বপ্নের সীমাটা কত দূর? কাল সকালে সাইরেন বাজাতে বাজাতে যখন শহীদ আফ্রিদিকে নিয়ে বাসটা ঢুকল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটে, অনেক কৌতূহলী মুখ রইল তাকিয়ে। পাশের জটলায় কিছু কিশোর-যুবকের মুখে ভাষা পেল সবার মনে লুকিয়ে থাকা স্বপ্নটা, ‘এইবার দেশের মাটিতে বাংলাদেশ কিছু একটা করবো।’ অনির্দিষ্ট বক্তব্যের পরিপূরক বাক্যে পাওয়া গেল পল্লবিত আশা, ‘সেমিফাইনালে তো যাইবোই। ফাইনালও হইতে পারে।’বিশ্বকাপ মানে নতুন আশার জাল বোনা। বিশ্বকাপ হলো চির প্রাপ্তির উৎসমুখ। বিশ্বকাপ বুকের জ্বালা জুড়ানোরও উপলক্ষ। পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি যেমন বললেন, তাতে এই বিশ্বকাপ হবে পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরে পাওয়ার পারের কড়ি। তারাও ছিল সহ-আয়োজক, কিন্তু একটি বিদেশি দলের ওপর (শ্রীলঙ্কা) হঠাৎ উড়ে আসা সন্ত্রাসের কালো মেঘখণ্ড তাদের বানিয়ে দিল দর্শক। আয়োজনস্বত্ব হারিয়েছে পাকিস্তান। পাকিস্তান এখন আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছেই নিষিদ্ধ এক দেশ। তাঁর হূদয় খুঁড়ে বেদনা জাগানো প্রশ্নটি উঠল সংবাদ সম্মেলনে, আফ্রিদি বললেন, ‘আমি আশাবাদী, শিগগিরই আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে পাকিস্তানে।’ এই লক্ষ্যটাই নাকি একাট্টা করেছে অনৈক্যের প্রতীক পাকিস্তান দলকে। আফ্রিদি তো বলেই দিলেন, ‘বিশ্বকাপ জিতে বিশ্বকে একটা বার্তা দিতে চাই।’ কিন্তু বার্তা তো আছে অন্য দলেরও। অস্ট্রেলিয়ার আছে পঞ্চম আর টানা চতুর্থ শিরোপা জয়ের আকাঙ্ক্ষা। দক্ষিণ আফ্রিকা জিততে চায় ‘চোকার’ ছাপ মুছে ফেলতে। ইংল্যান্ডের প্রতিজ্ঞা বিশ্বকাপকে ঘিরে চিরন্তন দুঃখ ঘোচানোর। শচীন টেন্ডুলকারের অপ্রাপ্তি মুছে ভারতের দ্বিতীয় শিরোপা জয়ের প্রত্যয়। উপমহাদেশ থেকেই শ্রীলঙ্কার দ্বিতীয় শিরোপা জয়ের প্রতিশ্রুতি। কিন্তু বাংলাদেশের স্বপ্ন? কাল থেকে এই স্বপ্নকে মনে হলো অনেক জীবন্ত, ঠিক শেরেবাংলা স্টেডিয়ামের ওই উজ্জ্বল আলোর মতোই।