জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে প্রহসন করলে সরকারকে খেসারত দিতে হবে। তিনি বলেন, জামায়াতের নেতাদের সঙ্গে বিচারের নামে প্রহসন করলে তাদের লাখ লাখ অনুসারী চুপ করে বসে থাকবে না।আজ বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের ঢাকা মহানগর কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে আজহার এসব কথা বলেন।আজহারুল ইসলাম প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেন, ‘আমাদের শক্তিকে খাটো করে দেখবেন না।’আজহারুল ইসলাম অভিযোগ করেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য বর্তমান ট্রাইব্যুনাল নিরপেক্ষ নয়। এর মাধ্যমে ন্যায়বিচার পাওয়া যাবে না।সার, বীজ ও কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়। সমাবেশে দলের ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, প্রচার সম্পাদক তাসনিম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।