প্রাইভেট অটোরিকশার ভাড়ায় চলা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানী ও আশপাশের এলাকায় ‘প্রাইভেট’ (ব্যক্তিগত) লেখা রুপালি রঙের অটোরিকশার ভাড়ায় চলাচলের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবাদপত্রে প্রকাশিত দুটি প্রতিবেদন আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন।যোগাযোগসচিব, বিআরটিএর চেয়ারম্যান, ডিএমপি কমিশনার ও ঢাকার জেলা প্রশাসককে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এ ধরনের গাড়ির নিবন্ধন কেন বাতিল করা হবে না এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন প্রয়োগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মহানগর পুলিশ কমিশনারকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়।২০০৪ সাল থেকে ঢাকা ও এর আশপাশের এলাকায় ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহারের জন্য কতসংখ্যক অটোরিকশাকে নিবন্ধন দেওয়া হয়েছে, আগামী ৫ জুনের মধ্যে তার হিসাব আদালতে দাখিল করতে বলা হয়েছে। বিআরটিএর চেয়ারম্যানকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। এ ছাড়া ‘দ’ সিরিজের গাড়িগুলো নিবন্ধনের মূল নথি একই সময়ের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার প্রথম আলোকে বলেন, ‘৭ মে ইনকিলাব-এ এবং ১৩ মে ডেইলি স্টার-এ প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত এই আদেশ দেন।