প্রাইভেট কারে ছিনতাইয়ের ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে মানুষের সংখ্যার তুলনায় বাসের সংখ্যা নগণ্য। কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরতে রীতিমতো যুদ্ধ করতে হয় নগরবাসীকে! কিন্তু এই যুদ্ধে কি সবাই জয়ী হয়? না, এই যুদ্ধে পরাজিত হয়ে নগরের মোড়ে মোড়ে হাজার হাজার লোক বাসের জন্য অপেক্ষা করতে থাকে। সন্ধ্যার আগমুহূর্ত থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই মহাযজ্ঞ! এই সুযোগ কাজে লাগাচ্ছে ছিনতাইকারী চক্র। এরা যাত্রীর বেশ ধরে প্রাইভেট কার নিয়ে নেমে পড়ছে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে। আর তখনই ঘটছে বিপদ। কোনো কিছুর হেরফের হলে হারাতে হচ্ছে জীবনটাও। এসব নিয়ে প্রতিবেদন। লিখেছেন তানজিল আহমদছদ্মবেশে ছিনতাইকারীগাড়িতে উঠতে না পারা কিংবা দ্রুত পৌঁছাতে প্রাইভেট কার কিংবা মাইক্রোবাসে উঠছে অনেক যাত্রী। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে ছিনতাইকারীরা। তারা প্রাইভেট কার কিংবা মাইক্রোবাস নিয়ে চালক ও যাত্রীর বেশে অবস্থান করে। যাত্রী দেখে গন্তব্যে পৌঁছার জন্য ডাকাডাকি শুরু করে। এরপর প্রাইভেট কার কিংবা মাইক্রোবাসের ভেতরেই অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের সব কেড়ে নেয়। শুধু ছিনতাই নয়, এর ব্যতিক্রম হলে যাত্রীদের খুন করতেও পিছপা হয় না ছিনতাইকারীরা। অনেকের মতো এর শিকার হয়েছেন রমনা থানার নয়াটোলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ও এটিএন বাংলার ক্যামেরাম্যান শফিকুল ইসলাম। ছিনতাইকারীরা তাঁদের টাকা, মুঠোফোন ছিনিয়ে নিয়েই ক্ষান্ত হয়নি, দুজনকেই খুন করেছে। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের দেওয়া তথ্যমতে, তারা সংঘবদ্ধ একটি চক্রের সঙ্গে জড়িত, যারা চালক ও যাত্রী সেজে প্রাইভেট কারে খেপ মারার নাটক করে নিয়মিত ছিনতাই করে। ছিনতাইয়ের সময় কোনো হেরফের হলেই যাত্রীদের খুন করতেও দ্বিধাবোধ করে না। আবার চোখেমুখে মলম লাগিয়ে রাস্তায় ফেলে যায়। অন্যদিকে যাত্রীর বেশে প্রাইভেট কারে উঠে চালককে মেরে প্রাইভেট কারটাও ছিনতাই করে থাকে। ছিনতাইয়ের জন্য তারা সন্ধ্যার পরের সময়টাকে বেছে নেয়। কেননা এই সময়ে নগরের মোড়ে মোড়ে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গন্তব্যে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারে না তারা। বাসে ওঠার যুদ্ধে জিততে না পারলে কি কোনো কিছু চিন্তা করার সময় থাকে! প্রাইভেট কার কিংবা মাইক্রোবাস থামলেই দৌড়ে গিয়ে বাসে উঠে পড়ে।বাসের বিকল্প প্রাইভেট কার?রাত ১১টা বাজতে বেশি দেরি নেই। জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে আছেন অনেকে। তাঁদের বেশ কয়েকজন যাবেন মিরপুর এলাকায়। দীর্ঘ সময় কোনো গাড়ি না আসায় ছটফট করছেন তাঁরা। হঠাৎ একটি প্রাইভেট কার এসে থামল। চালক দাঁড়ানো ব্যক্তিদের উদ্দেশে বললেন, ‘ভাই, মিরপুরে যাবার কেউ আছেন নাকি?’ চালকের কথায় দৌড়ে গেলেন কেউ কেউ। মিরপুরে যেতে চাইলে ৪০ টাকা ভাড়া লাগবে বলে জানান চালক। ‘টাকা কি মুড়ির মোয়া নাকি?’ চালকের সঙ্গে তর্কে জড়ালেন যাত্রীদের দুজন। চালকও নাছোড়বান্দা, তার ওপর এসি গাড়ি বলে কথা। অবশেষে ৩০ টাকায় দফারফা হলো চালক আর যাত্রীদের মধ্যে। প্রাইভেট কার ভরতে বেশি দেরি লাগল না। এতক্ষণ যাঁরা দূরে দাঁড়িয়ে ছিলেন, তাঁরাও দৌড়ে প্রাইভেট কারের আসন দখল করে ফেললেন। প্রাইভেট কারটি ছুটে চলল মিরপুরের উদ্দেশে। নগরে প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। গাড়ি আসছে না কিংবা গাড়িতে উঠতে পারছেন না অথবা দ্রুত পৌঁছানো দরকার, এমন মুহূর্তে অনেক যাত্রীই প্রাইভেট কার কিংবা মাইক্রোবাসে উঠে পড়ছেন গন্তব্যে যেতে। ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মতিঝিল, প্রেসক্লাব, নিউমার্কেট, বনানীসহ বিভিন্ন এলাকায় প্রাইভেট কারে নিয়মিত যাত্রীদের ওঠানামা করতে দেখা যায়। মালিকের অজান্তে গাড়ি নিয়ে চালক বেরিয়ে পড়েন খেপ মারতে। মালিককে বাড়িতে পৌঁছে দিয়ে কিংবা গাড়ি গ্যারেজে নিয়ে যাওয়ার কথা বলে চালক বাড়তি ইনকামের আশায় নেমে পড়েন। এ প্রসঙ্গে কারওয়ান বাজারে নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক প্রথমে কথা বলতে না চাইলেও পরে বলেন, ‘বেতন আর কয় টাকা দেয়। স্যাররে বাসায় নামায় দিয়া মাঝে মাঝে এ কাজ করি। স্যার তো জানে গাড়ি গ্যারেজে।’ ভুক্তভোগীদের কথাফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে একটি মাইক্রোবাসে হুড়মুড় করে উঠে পড়লেন অনেক যাত্রী। কিন্তু তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরও তাতে ওঠেননি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত উত্তরার আবদুল আজিজ। কেননা এর আগে মাইক্রোবাসে যাওয়ার পথে পেছনে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। এরপর চোখে মলম লাগিয়ে ফেলে গিয়েছিল খিলক্ষেত এলাকায়। তিনি বলেন, ‘আরও তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকতে রাজি আছি, কিন্তু মাইক্রোবাসে ভুলেও উঠব না। দেরি করে বাসায় যেতে সমস্যা নেই।’ কিন্তু বেশির ভাগ যাত্রীই কোনো চিন্তাভাবনা না করেই মাইক্রোবাসে ওঠার প্রতিযোগিতায় নেমে পড়ছেন। শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে একটি প্রাইভেট কারের চালক যাত্রী খুঁজছিলেন। মিরপুর ১৪ নম্বরের যাত্রী পেয়েও তিনি যেতে রাজি হলেন না। সালেহ চৌধুরী নামের এই চালক জানান, বছর দুয়েক আগে একবার যাত্রী নিয়ে যাচ্ছিলেন সাভারে। যাত্রীবেশে গাড়িতে ওঠে চারজন। আমিনবাজার পার হতেই গাড়ি থামাতে বলে। থামাতেই একজন অস্ত্র বের করে। হাত-পা ধরে মাফ চেয়েও কাজ হয়নি। তাঁকে মারতে থাকে ছিনতাইকারীরা। ঠিক সেই সময় র‌্যাবের একটি গাড়ি আসায় কিছু বোঝার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এর পর থেকে নিরাপদ মনে না হলে খেপ মারেন না সালেহ। তিনি বলেন, ‘প্রাইভেট কারে উঠলে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স দেখে ওঠা উচিত। আবার মাইক্রোবাসের ভেতরে আরও কেউ আছে কি না কিংবা সন্দেহভাজন কেউ উঠছে কি না, তা-ও জানা জরুরি। আর ড্রাইভারদেরও সতর্ক হওয়া উচিত, জায়গা ও যাত্রীর মতিগতি বুঝে খেপ মারা দরকার। টাকার চেয়ে জীবন বড়। আবার চাকরি হারানোর ভয়ও আছে!’বাসে চলাচলই নিরাপদবাসের বিকল্প হিসেবে প্রাইভেট কার কিংবা মাইক্রোবাসের ব্যবহার নিয়ে কথা হয় ডিএমপির (ঢাকা মহানগর পুলিশ) যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ইব্রাহিম ফাতেমীর সঙ্গে। যাত্রী ও চালকদের নিরাপত্তায় কিছু পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘ছিনতাইকারীদের একটি চক্র এই কাজ করছে। এ জন্য যাত্রীদের সচেতন হতে হবে। সচেতনতাই পারে এ ধরনের অপরাধ থেকে দূরে রাখতে। প্রাইভেট কার কিংবা মাইক্রোবাস দেখলেই তাতে ওঠা যাবে না। কারণ, ভেতরে কে বা কারা বসে আছে, তা যাত্রীদের জানা নেই। সরলভাবে বিশ্বাস করে তাতে উঠলে ছিনতাইয়ের পাশাপাশি অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই একটু সময় লাগলেও, কষ্ট করে হলেও বাসে যাওয়াই ভালো।’ এ ছাড়া কোনো ধরনের সন্দেহ হলে কাছে থাকা পুলিশকে জানালে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।