প্রাইভেট রিকশায় চেপে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশালের ৪ আবদুল্লাহ সরকার লেনের বাসিন্দা নাসির উল্লাহ প্রাইভেট কারের মালিক। কিন্তু তাঁর আবার প্রাইভেট রিকশাও আছে। ব্যক্তিগত গাড়ি থাকতে আবার ব্যক্তিগত রিকশা কেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের বাসা গলি-ঘুপচির মধ্যে। প্রাইভেট কার ঢোকে না। পুরান ঢাকায় যানজট থাকে সব সময়। গাড়ির চেয়ে ফাঁকফোকর দিয়ে রিকশা আগে চলে যায়। বাচ্চারা রিকশা দিয়েই স্কুলে যায়। সমস্যা হচ্ছে স্কুলসময়ে সহজে রিকশা পাওয়া যায় না। তাই বছর দশেক আগে নিজেই একটি রিকশা কিনে নিই। বাড়ির মহিলারাও আশপাশে রিকশায় চলাফেরা করে।’যেসব অযান্ত্রিক যানের ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) লাইসেন্স আছে তার মধ্যে আছে প্রাইভেট রিকশা ও প্রাইভেট রিকশা ভ্যান (ভ্যানগাড়ি)। ডিসিসির হিসাবে নগরে লাইসেন্স করা প্রাইভেট রিকশা আছে ২৬টি, আর প্রাইভেট রিকশা ভ্যান ১৮০টি। এর মধ্যে ২৫টি করে লাইসেন্স করা প্রাইভেট রিকশা ভ্যান রয়েছে পুরান ঢাকা শহর দুগ্ধ বিতরণকারী রিকশা ভ্যানচালক সমবায় সমিতি এবং মিরপুর দুগ্ধ বিতরণকারী রিকশা ভ্যানচালক সমবায় লিমিটেডের নামে।এদিকে লাইসেন্স নেই এমন একাধিক প্রাইভেট রিকশার সন্ধান পাওয়া গেছে নগরে। আবার যে নাম-ঠিকানায় লাইসেন্স আছে সেখানে গিয়ে কোনো প্রাইভেট রিকশা পাওয়া যায়নি। ডিসিসির হুইল ট্যাক্স শাখা থেকে পাওয়া তথ্যানুযায়ী, প্রাইভেট রিকশার ১ নম্বর লাইসেন্সের মালিক আবদুল আজিজ। তাঁর বাসা পুরান ঢাকার ১১৪ লালমোহন সাহা স্ট্রিটে। এ ঠিকানায় গিয়ে পাওয়া গেছে আবদুল আজিজের শ্যালকের ছেলে হেলাল উদ্দিনকে। তিনি বলেন, ‘ফুপা ১৯৭২ সালে মারা গেছেন। স্বাধীনের আগে তাঁর রিকশার গ্যারেজ ছিল। ঢাকা শহরে তখন প্রাইভেট কার কম ছিল। নিজের পরিবারের লোকজনের চলাফেরার সুবিধার জন্যে ফুপা একটি প্রাইভেট রিকশার লাইসেন্স নিয়েছিলেন। বাড়ির মহিলারা যখন এই রিকশায় উঠত তখন শাড়ি দিয়ে চারপাশ বেঁধে পর্দা তৈরি করা হতো।’ আবদুল আজিজের নামে এখনো প্রাইভেট রিকশার লাইসেন্স কেন—এ প্রশ্ন সামনে রেখে ডিসিসির প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই প্রশ্ন ৮২ উত্তর ধানমন্ডি কলাবাগানের বাসিন্দা আহাম্মাদুর রহমানের। ডিসিসির ৭ নম্বর লাইসেন্সের প্রাইভেট রিকশার মালিক তিনি। তাঁর ভাষ্যমতে, স্বাধীনতার পর তিনি একটি প্রাইভেট রিকশা ব্যবহার করতেন। ডিসিসি থেকে সেটির লাইসেন্সও করেছিলেন। ১৯৭৮ সালের পর তিনি আর রিকশাটি ব্যবহার করেননি, লাইসেন্সও নবায়ন করেননি।প্রাইভেট রিকশা ব্যবহার করার কারণ জানতে চাইলে আহাম্মাদুর রহমান বলেন, ‘তখন প্রাইভেট কারের ব্যবহার কম ছিল। আমি কোর্টে প্রাকটিস করতাম, আমার স্ত্রী চাকরি করত ঢাকা মেডিকেল কলেজে। কর্মক্ষেত্র ও বাসার আশপাশে চলাচলের জন্য আমরা রিকশাটি ব্যবহার করতাম। তখন নর্থসাউথ রোড ছিল না। রিকশাচালক প্রথমে মেডিকেলে আমার স্ত্রীকে নামিয়ে দিত। তারপর বকশীবাজার, আরমানীটোলা হয়ে আমাকে কোর্টে নামিয়ে দিয়ে আসত।’নগরের নাজিরাবাজারে এখন প্রাইভেট রিকশার সংখ্যা সবচেয়ে বেশি। এখানকার তিন-চারটি পরিবার চলাফেরায় প্রাইভেট রিকশা ব্যবহার করছেন। এমনি একজন জাফর আহম্মেদ। তিনি বলেন, পাঁচ বছর আগে তিনি ফরমায়েশ দিয়ে রিকশাটি রামপুরার এক কারখানা থেকে বানিয়ে এনেছেন। এ জন্য ব্যয় হয়েছে ২০ হাজার টাকা। বাচ্চাদের স্কুলে আনা-নেওয়ার জন্য এখন আর তাকে দৌড়ঝাঁপ করতে হয় না। রিকশার চালকই সব কাজ সারে। চালককে মাসে বেতন দেন পাঁচ হাজার টাকা। থাকা-খাওয়া চালকের নিজের। গ্যারেজের রিকশা চালানো ছেড়ে দিয়ে প্রাইভেট রিকশা চালাচ্ছেন মোহাম্মদ বাবুল। তিনি বলেন, ‘পয়সা দুইটা কম হলেও প্রাইভেট রিকশা চালানো ভালো। কষ্ট কম হয়, শরীর আরাম পায়।’এদিকে প্রাইভেট রিকশা ভ্যান ব্যবহার করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল পরিবহনের কাজে। ১ নম্বর লাইসেন্সের প্রাইভেট রিকশা ভ্যানের মালিক ৯৫/৬ আর কে মিশন রোডের ডায়মন্ড আইসক্রিম ফ্যাক্টরি। এর স্বত্বাধিকারী নাসির উদ্দিন জানান, আইসক্রিম পরিবহনের জন্য ১৯৮৬ সালে প্রাইভেট রিকশাভ্যানটির লাইসেন্স নিয়েছিলেন।লাইসেন্স নেই এমন একাধিক প্রাইভেট রিকশার ব্যবহারকারী জানান, স্কুলে শিক্ষার্থী নেওয়ার কাজে ব্যবহূত হয় বলে রাস্তায় ট্রাফিক পুলিশরা তেমন কিছু বলে না। তবে পরিবারের বড়রা প্রাইভেট রিকশায় চড়ে কোথাও গেলে লাইসেন্স নেই বলে ভয়ে ভয়ে থাকতে হয়। এ জন্য ডিসিসি থেকে লাইসেন্স চেয়ে পাচ্ছেন না। পরিবেশবান্ধব এই বাহনের লাইসেন্স দেওয়ার দাবি করেন তাঁরা।