রাজধানীতে যানজট কমাতে প্রাইভেট গাড়িগুলোকে সিএনজিতে রূপান্তর না করার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন যানজটের একটি বড় কারণ কমমূল্যে সিএনজি গ্যাসের ব্যবহার।এই গ্যাসের ব্যবহার কমালে যানজট সমস্যা কিছুটা নিরসন হবে বলে মনে করছেন তাঁরা। আজ বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা জানানো হয়। অবৈধ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট কার্যক্রম পর্যালোচনায় এ বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, যোগাযোগসচিব মোজাম্মের হক খান,বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগের অধ্যাপক শামসুল হক, বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান, বিআরটিসির চেয়ারম্যান এম এম ইকবাল উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞদের যোগাযোগমন্ত্রী বলেন, এসব সুপারিশ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে। বৈঠকে ফিটনেস ও রুট পারমিট না থাকা গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত হয়।বৈঠকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী অভিযোগ করেন, বিভিন্ন বাস কোম্পনি রাজধানীর বিভিন্ন ফুটপাথ দখল করে কাউন্টার স্থাপন নির্মাণ করেছে। যা পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যোগাযোগমন্ত্রী এ বিষয়ে পুলিশের উপমহাপরিদর্শককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।