প্রাইম এশিয়া, সাউথইস্টের দুই হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
সংঘর্ষের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ও সাউথইস্টের অজ্ঞাতনামা প্রায় ২০০০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজ রোববার জানান, গতকাল শনিবার রাতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মুকুল মিঞা বাদী হয়ে এই মামলা করেন। তবে এই মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।ওসি রফিকুল ইসলাম আরও জানান, গতকালের সংঘর্ষের ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সংঘর্ষের কারণ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।গতকাল শনিবার বিকেলে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ও সাউথইস্টের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয় দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।