প্রাইম নাম্বার নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম নাম্বার হলো এমন একটি সংখ্যা, যা শুধু ১ এবং ওই সংখ্যাটি দ্বারা বিভাজ্য। যেমন ২, ৩, ৫, ৭... ইত্যাদি। সংজ্ঞা অনুযায়ী ১ প্রাইম সংখ্যা নয়। অনেক বড় বড় গণিতবিদ প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা নিয়ে কাজ করেছেন, এখনো করছেন। সবচেয়ে বড় প্রাইম নাম্বার বের করার জন্য এখনো অনেক গণিতবিদ কম্পিউটারে হিসাব করছেন। ২০১০ সালে সর্বশেষ যে বৃহত্তম প্রাইম নাম্বারটি আবিষ্কৃত হয়েছে, সেটি এত বড় যে পুরোটা কোনো কাগজে লিখে শেষ করা যাবে না। সেই সংখ্যায় এক কোটি ৩০ লাখ অঙ্ক বা ডিজিট আছে। এর চেয়ে বড় প্রাইম সংখ্যা হয়তো ইতিমধ্যে কেউ বের করে ফেলেছেন। গ্রিক গণিতবিদ ইউক্লিড ৩০০ খ্রিষ্টপূর্বাব্দে দেখিয়েছেন যে প্রাইম নাম্বারের সংখ্যা অসীম। নাম্বার থিওরিতে প্রাইম নাম্বারের কেন্দ্রীয় গুরুত্ব এখানেই যে, শূন্য ছাড়া যেকোনো সংখ্যাকে বিভিন্ন প্রাইম নাম্বারের গুণফল হিসেবে দেখানো যায়। প্রাইম নাম্বারের বিভিন্ন চমকপ্রদ বৈশিষ্ট্যের কারণে এটি একধরনের রহস্যজনক সংখ্যা হিসেবে সবাইকে আকর্ষণ করে।গণিত উত্সবের বিভিন্ন পর্বে প্রাইম নাম্বার নিয়ে তরুণ গণিতবিদেরা আলোচনা ও প্রশ্ন করেছে। এ ব্যাপারে সবার উত্সাহ স্বাভাবিক। প্রাইম নাম্বার নিয়ে ছোটখাটো ধাঁধাও ধরা যায়। যেমন, ০,১,২,৩,৪,৫,৬ ও ৭—এই আটটি অঙ্ককে এমনভাবে সাজাতে হবে, যেন যেকোনো পরপর দুটি অঙ্কের যোগফল একটি প্রাইম সংখ্যা হয়। খুব সহজ। হয়তো ৩০ সেকেন্ডেই সমাধান বের করা যায়। আর এর সমাধান একাধিক। গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় গণিত উত্সব ও অলিম্পিয়াডে আলোচনার সময় এ প্রশ্নটি দিয়ে আমি বলেছিলাম, এর উত্তর সবাই দিতে পারবে এবং অলিম্পিয়াডে সবাই সেরা বলে প্রমাণিত হবে। প্রায় সঙ্গে সঙ্গে জুনিয়র গ্রুপের ছাত্রী সুবাহ সামাররুক সেমন্তি সমাধান লিখে পাঠাল—১২৫৬৭০৩৪। আমরা ধরে নিতে পারি যে প্রায় সবাই কোনো না কোনো সমাধান বের করেছে। যেমন, ০৭৪৩২৫৬১ সংখ্যাটিও একটি সমাধান। আমাদের তরুণেরা গণিতে যে পারদর্শী হয়ে উঠছে, এতে সন্দেহ নেই।এর আগে ঢাকা বিভাগীয় গণিত অলিম্পিয়াডে ট্রাস্ট কলেজের ফাবলিহা নাওয়াল একটা কঠিন প্রশ্ন লিখে পাঠায়। তার প্রশ্নটা হলো, যেহেতু পদার্থবিজ্ঞানে ‘কাজ’-এর সংজ্ঞা অনুযায়ী W = S x Fcosθ , তাহলে কোনো বস্তুকে সোজা ওপর দিকে ধাক্কা দিয়ে কিছুটা উঁচুতে ওঠালে তো কাজের পরিমাণ সংজ্ঞা অনুযায়ী শূন্য হয়ে যাবে, কারণ θ = 90 ডিগ্রি বলে cosθ = 0। তাহলে সেই বস্তুকে এতটা উঁচুতে ওঠানোর পরও কি কোনো কাজ করাই হলো না? কস থিটা শূন্য হলে তো পুরো কাজই শূন্য হয়ে যায়। প্রশ্নটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই। একাদশ শ্রেণীর শিক্ষার্থীর মনে এ প্রশ্ন ওঠা স্বাভাবিক। সেদিন সময়াভাবে এ প্রশ্নের উত্তর দেওয়া যায়নি। বিষয়টাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। এখানে থিটার মান ৯০ ডিগ্রি হবে, না শূন্য হবে, সেটা বিবেচ্য বিষয়। কারণ বল প্রয়োগের একই দিকে বস্তুর সরণ হওয়ায় এ ক্ষেত্রে থিটার মান শূন্য। তাহলে cosθ = cos 0 ডিগ্রি = 1, অর্থাত্ কাজের পরিমাণ হবে, W = SxFcosθ = SxFx1 = SxF. সুতরাং বস্তুর সরণ ও প্রযুক্ত বলের গুণফলই হবে কাজের পরিমাণ, শূন্য হওয়ার কোনো কারণ নেই। প্রতিবছর গণিত উত্সব ও অলিম্পিয়াডের মধ্য দিয়ে আমাদের দেশের তরুণ শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে আসছে, মেধার পরিচয় দিচ্ছে, তা আমাদের দারুণ উৎসাহিত করে।