প্রাকৃতিক দুর্যোগে পশ্চিমবঙ্গে মৃত ৫, নিখোঁজ ৬ শতাধিক
একটানা ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাতের ফলে পানিতে ডুবে গেছে কলকাতা শহর। এখন পর্যন্ত গোটা রাজ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ৩৮টি মাছ ধরার ট্রলার। একই সঙ্গে খোঁজ মেলেনি ছয় শতাধিক মৎস্যজীবীরও। রাজ্য সরকার এ দুর্যোগ মোকাবিলার জন্য নৌবাহিনী এবং উপকূল রক্ষী বাহিনীর সাহায্য চেয়েছে। রাজ্য সচিবালয়ে দুটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শুক্রবার বেলা আড়াইটা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ১০৬ মিলিমিটার। আবহাওয়া দপ্তরের কর্মকর্তা জি সি দেবনাথ সাংবাদিকদের জানান, আজ বিকেলে নিম্নচাপটি কলকাতা শহর থেকে ৫০ কিলোমিটার দূরে উত্তর ও উত্তর-পূর্বে অবস্থান করছিল। তিনি আরও বলেছেন, এ নিম্নচাপের প্রভাবে শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। হতে পারে প্রবল বৃষ্টিপাত। একই সঙ্গে উত্তাল হবে সমুদ্র। এদিকে নিম্নচাপের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতার জীবনযাত্রা। আজ কার্যত পানিবন্দী হয়ে পড়ে কলকাতা শহর। শহরের বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে যায়। ব্যাহত হয় কলকাতা, হাওড়া ও শিয়ালদহ রেলস্টেশনে ট্রেন চলাচল। ব্যাহত হয় পাতাল রেল চলাচলও। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। এদিকে এ ঝোড়ো হাওয়ার কবলে পড়ে পশ্চিমবঙ্গে ৩৮টি ট্রলার নিখোঁজ রয়েছে। ওই ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরছিল। ওই ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজ্যের মৎস্যমন্ত্রী আবু হেনা ২৭টি ট্রলার নিখোঁজ হওয়ার কথা স্বীকার করেছেন।এ দুর্যোগের কবলে পড়ে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে পানির মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে প্রবল ধসে একটি বাড়ি আজ সকালে ভেঙে পড়লে ওই বাড়ির গৃহিণীসহ তিন সন্তান মারা যায়। তবে স্বামী কোনো রকমে বেঁচে যান।