প্রাকৃতিক দুর্যোগে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
ভূমিকম্প ও ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সমন্বিত প্রয়াস জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা সিটি করপোরেশন ও কোস্টগার্ডের কাছে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগব্যবস্থাপনা যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, সরকার দুর্যোগ-পরবর্তী সময়ে উদ্ধারকাজ ত্বরান্বিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে ইতিমধ্যে স্বেচ্ছাসেবী টিম গঠন করেছে। বর্তমানে বাংলাদেশের জনগণ, পুলিশ, আনসার ও সেনাবাহিনী অতীতের যেকোনো সময়ের তুলনায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অনেক বেশি সক্ষম ও স্বনির্ভর। এ ছাড়া ভূমিকম্প ঝুঁকি হ্রাস ও দ্রুত উদ্ধার কর্মকাণ্ড সমন্বয়ের জন্য দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর নেতৃত্বে ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা সিটি করপোরেশন ও কোস্টগার্ডের কাছে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী যেসব যন্ত্রপাতি হস্তান্তর করেছেন সেগুলোর মধ্যে আছে আটটি এক্সাভেটর, চারটি ক্রেন, আটটি ফর্ক লিফটার, ১২ জন ধারণ ক্ষমতাসম্পন্ন লোকেটর সিস্টেম, ১২টি মোবাইল ইউনিট, আটটি জেনারেটর, ১৬টি কংক্রিট কাটার, ১২টি এয়ার কম্প্রেসর, ১২টি পাওয়ার চেইনস, ১২টি মাল্টিপারপাস কাটার, ১৬টি গ্যাস কাটার, চার হাজার রাবল রিমুভিং ব্যাগ, ১৬টি তাঁবু এবং ৯০০ কেমিক্যাল লাইট স্টিক।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সেনাপ্রধান জেনারেল এম আবদুল মুবীন, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাসহ দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসিত কুমার মুকুট উপস্থিত ছিলেন। —বাসস।