প্রাকৃতিক রঙে আঁকা চিত্রকর্মের দলীয় প্রদর্শনী শুরু
২০১১ সালে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং অরণ্য ক্রাফটসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রাকৃতিক রং কর্মশালায় ২৪ জন শিল্পী অংশ নিয়েছিলেন। ওই কর্মশালায় বিভিন্ন খনিজ পদার্থ, চারাগাছ এবং গাছের বাকল থেকে তৈরি প্রাকৃতিক রং দিয়ে ছবি এঁকেছিলেন শিল্পীরা। ব্যতিক্রমী ওই কর্মশালায় আঁকা ছবি নিয়ে দলীয় প্রদর্শনী শুরু হয়েছে। আয়োজক গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জ।গতকাল শুক্রবার সন্ধ্যায় এই দলবদ্ধ চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস্ হেরেন এবং রাষ্ট্রদূতের স্ত্রী এস্টার মিগ্রেট হেরেন। অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী মনিরুল ইসলাম, অরণ্যের প্রতিষ্ঠাতা রুবী গজনভী এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।প্রদর্শনীতে শিল্পী মো. কিবরিয়া, সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, কালিদাস কর্মকার, মোহাম্মদ ইউনুস, শহীদ কবীরসহ ২৪ জন শিল্পীর মোট ২৮টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।প্রদর্শনী চলবে ১৮ মে পর্যন্ত।