প্রাঙ্গণেমোরের দুটি নতুন নাটক
প্রাঙ্গণেমোর এবার মঞ্চে আনছে দুটি নতুন নাটক—সৈয়দ শামসুল হকের ঈর্ষা ও মোহিত চট্টোপাধ্যায়ের লেখা আওরঙ্গজেব। দুটি নাটকেরই নির্দেশনা দিচ্ছেন অনন্ত হিরা। তিনি জানান, সৈয়দ শামসুল হকের লেখা ঈর্ষা কাব্যনাটক। এই নাটকের চরিত্র তিনটি আর সংলাপ সাতটি। প্রতিটি সংলাপের ব্যাপ্তি ন্যূনতম ২০ মিনিট। অন্যদিকে মোহিত চট্টোপাধ্যায়ের লেখা আওরঙ্গজেব নাটকটি ঐতিহাসিক গল্প নিয়ে। ঈর্ষা নাটকের মহড়া শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে। মাঝে অন্য নাটকের জন্য তা কিছুদিন বন্ধ ছিল। এখন আবার নতুন করে মহড়া হচ্ছে। আওরঙ্গজেব নাটকের পাঠ শুরু হয়েছে ১৫ নভেম্বর থেকে। দুটি নাটকের নির্দেশনা প্রসঙ্গে অনন্ত হিরা বলেন, ‘দলের সপ্তম ও অষ্টম প্রযোজনা হিসেবে নাটক দুটি মঞ্চে আসছে। দলের প্রযোজনার সংখ্যা বাড়ানোই আমাদের লক্ষ্য। কারণ, নতুন নাট্যকর্মীরা দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাঁদের ব্যস্ত রাখতে হবে এবং তাঁদের অভিনয়ের সুযোগ দিতে হবে।’ অনন্ত হিরা আরও বলেন, ‘রবীন্দ্রনাথের সাহিত্য থেকে আমরা বেশ কিছু কাজ করেছি। এখন এই দুটি নতুন কাজের মধ্য দিয়ে দলের প্রযোজনাগুলোর ক্ষেত্রে বৈচিত্র্য আনার চেষ্টা করছি।’ তিনি জানালেন, আগামী মার্চে নাটক দুটি মঞ্চে আসবে।