ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের আমতলায় মোগল আমলের স্থাপনার আকারে তৈরি করা হয়েছে মিনার। সেই মিনার কৌতূহলী করে তুলেছে অনেককে। আগ্রহী ব্যক্তিরা আসছেন চত্বরে। সেখানেও কৌতূহল ও বিস্ময়ের আয়োজন। বিভিন্ন আকৃতির বোর্ডের ওপর সাঁটানো প্রাচীন স্থাপত্যের আলোকচিত্র এবং সেসব স্থাপনায় পাওয়া শিলালিপির বিস্তারিত বিবরণ।‘ঢাকার শিলালিপি: প্রাচীনকাল থেকে মোগল আমল’ শীর্ষক ব্যতিক্রমী এই প্রদর্শনীটি শুরু হয়েছে গতকাল শনিবার। চলবে তিন দিন। প্রদর্শনীর উদ্বোধন করেন প্রত্নতত্ত্ববিদ ও অনুবাদক অধ্যাপক এ কে এম জাকারিয়া। ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি এই প্রদর্শনীর আয়োজন করেছে।প্রদর্শনীতে ৮৩টি প্রাচীন শিলালিপির আলোকচিত্র স্থান পেয়েছে। এর মধ্যে ৪৪টি ফারসি, পাঁচটি ইংরেজি, চারটি আরবি, দুটি লাতিন, দুটি আর্মেনীয়, দুটি আরবি ও ফারসি, দুটি পর্তুগিজ ও আর্মেনীয়, একটি সংস্কৃত, একটি পর্তুগিজ এবং একটি শিলালিপি আরবি ও ফারসি মিশ্রিত। আলোকচিত্রের সঙ্গে কিছু শিলালিপির অনুবাদও স্থান পেয়েছে।প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান, অধ্যাপক কুলসুম আবুল বাশার, ঈশা শাহেদী, সিরাজুল হক খান, নারায়ণ চন্দ্র বিশ্বাস, ফাদার সিলভানো গারেল্লো, স্থপতি শামসুল ওয়ারেস প্রমুখ। প্রদর্শনী কাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে। ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি ২০০৮ সাল থেকে তাদের কাজ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজটি পরিচালিত হচ্ছে। কমিটির সদস্যরা পুরান ঢাকা এবং নতুন ঢাকার বিভিন্ন অংশে জরিপ করেছেন। তাঁরা সুলতান আলাউদ্দিন হোসেন শাহের অদ্যাবধি অজানা একটি লিপিও খুঁজে পেয়েছেন। এই লিপিটি এখন পর্যন্ত ঢাকায় পাওয়া সুলতানের একমাত্র লিপি।