চারপাশের হাল-আমলের বড় বড় দালানকোঠার আড়ালে পড়ে গেছে বলে সহজে চোখে পড়ে না ঢাকার সবচেয়ে পুরোনো ঈদগাহ। তবে কাছে গেলে দেখা যাবে, সংস্কারের পর এখন ভেতরের দৃশ্য বেশ মনোরম। মাঠে ঘন সবুজ ঘাসের বিস্তার। চারপাশে নারকেল ও মেহগনি গাছের সারি। দক্ষিণ দিকের প্রাচীরের বাইরে বেশ কয়েকটি পুরোনো তেঁতুলগাছ। ছায়াময় পরিবেশ।লোকমুখে ধানমন্ডি বা ‘শাহী ঈদগাহ’ নামে পরিচিত এই ঈদগাহে প্রস্তুতি চলছে ঈদের জামাতের। গতকাল মঙ্গলবার দেখা গেল, মাঠে শামিয়ানা টাঙানোর জন্য তৈরি করা হচ্ছে অস্থায়ী কাঠামো।ধানমন্ডির ৬/এ ও ৭/এ সড়কের মাঝখানে অবস্থিত মোগল আমলের এই ঈদগাহের এবার ৩৭০ বছর পূর্ণ হচ্ছে। ঢাকায় সুবাদার শাহজাদা সুজার আমলে নির্মিত স্থাপত্যগুলোর একটি ধানমন্ডির এই ঈদগাহ। ঢাকা যখন মোগল সুবা বাংলার রাজধানী হয়, তখন এখানে কোনো ঈদগাহ ছিল না। সুবাদার সুজার শাসনামলে তাঁর দেওয়ান আবুল কাশেম হিজরি ১০৫০ মোতাবেক ১৬৪০ খ্রিষ্টাব্দে এই ঈদগাহ নির্মাণ করেছিলেন। তখনকার ঢাকা শহর থেকে ঈদগাহটি ছিল প্রায় এক ক্রোশ অর্থাৎ দুই মাইলের মতো দূরে। প্রথম দিকে মূলত ঢাকার মোগল শাসক ও তাঁদের অমাত্য এবং গণ্যমান্য ব্যক্তিরাই এই ঈদগাহে নামাজ আদায় করতেন। তাঁরা জাঁকজমকের সঙ্গে অনেকটা শোভাযাত্রার মতো করে ঈদের নামাজ আদায় করতে এই ঈদগাহে যেতেন। মুনশী রহমান আলী তায়েশ তাঁর তাহরিখে ঢাকা বইতে উল্লেখ করেছেন, পরে ঢাকা ও আশপাশের সাধারণ মুসলমানরাও এখানে ঈদের জামাতে শরিক হতেন। তাঁরা সেখানে মেলারও আয়োজন করতেন। মুনশী রহমান আলী লিখেছেন, ‘শহরের মুসলমান মৎস্য ব্যবসায়ীরা প্রতিবছর ওখানে একটি মেলার আয়োজন করেন। এতে হাজার হাজার লোকের সমাগম হয় এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা চলে।’ধানমন্ডির ঈদগাহের প্রধান মিহরাবের ওপরে সংযুক্ত শিলালিপি থেকে এর নির্মাণকাল সম্পর্কে জানা গেছে। শিলালিপিতে এর উচ্চতার কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছিল। সে সময় এমন উঁচু মিনার কমই ছিল ঢাকায়। কালের কবলে পড়ে মিনার ও প্রাচীরগুলো জরাজীর্ণ হয়ে ক্রমে ভেঙে পড়ে। কেবল পশ্চিমের প্রাচীরটিরই খানিকটা অংশ টিকে ছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৮১ সালে এটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে সংরক্ষণ করছে।১৯৮৮ সালে ঈদগাহটি নতুন করে সংস্কার করা হয়। তবে এর মূল রূপ অক্ষুণ্ন রাখা হয়নি। যেমন প্রাচীরগুলোর উচ্চতা এক না থাকলেও এখন তা সবই সমান। বাংলাপিডিয়ায় উল্লেখ করা হয়েছে, কেবল পশ্চিম দিকের প্রাচীরটিই মোগল আমলের। অন্য তিন দিকের প্রাচীর মোগলরীতি অনুসারে পুনর্নির্মিত। সংস্কারের সময় প্রাচীরের ওপরের অংশ পারস্যরীতির নকশায় অলংকৃত করা হয়েছে। প্রধান মিহরাবের পাশেই তিন ধাপের মিম্বর। সেখানে দাঁড়িয়েই কয়েক শতাব্দী ধরে ঈদের নামাজের খুতবা পাঠ করে গেছেন ইমামেরা। কালের পরিক্রমায় আরও এক ঈদ সমাগত। ঢাকার শাহী ঈদগাহের ইতিহাসের ধূসর খাতায় জমবে আরেকটি বছরের স্মৃতি।