প্রাণ গেল নানার, দাঁত ভাঙল ছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এবার বখাটেদের হাতে প্রাণ দিতে হলো এক নানাকে (৭০)। বখাটে ও তার স্বজনেরা গত বুধবার ঈদুল আজহার দিন সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত নলেয়া গ্রামে দিনমজুর আবদুস সোবহানকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। বখাটেদের মারধরে আহত হয়েছেন সোবহানের স্ত্রী রাবেয়া (৫০) ও তাঁদের বিধবা মেয়ে সামেনা খাতুন (৩০)। সামেনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনার পরদিন বৃহস্পতিবার রংপুরের বদরগঞ্জ উপজেলার ওসমানপুর মোল্লাপাড়া গ্রামে বখাটেদের টানাহেঁচড়ায় পড়ে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর তিনটি দাঁত ভেঙে গেছে। এ সময় স্থানীয় জনতা দুই বখাটেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বখাটেদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন। আদালতের এ রায় প্রত্যাখ্যান করেছেন আহত মেয়েটির মা। ভূরুঙ্গামারী: উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের উত্ত্যক্তের শিকার মেয়েটি ও গ্রামের লোকজন জানান, ঈদের দিন সকাল সাতটার দিকে বাড়ির উঠানে নানার সঙ্গে গল্প করছিল মেয়েটি। এ সময় বাড়ির পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় একই গ্রামের রিপন (২৪) ও মোস্তফা (২২) মেয়েটিকে দেখে অশ্লীল গান গায়। সোবহান এর প্রতিবাদ করলে বখাটেরা তাঁকে কিলঘুষি মারে। এ সময় বাবু নামের এক যুবক এসে বখাটেদের সরিয়ে দিলে তারা চলে যায়। কিছুক্ষণ পর বখাটেরা আত্মীয়স্বজন নিয়ে সোবহানের বাড়িতে এসে তাঁকে মারধর করে শ্বাসরোধে হত্যা করে। এ সময় সোবহানের স্ত্রী রাবেয়া ও মেয়ে সামেনা এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এলে বখাটে ও তাদের স্বজনেরা পালিয়ে যায়। লোকজন সোবহান ও সামেনাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকেরা সোবহানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে সোবহানের ময়নাতদন্ত হয়। এ ঘটনায় বুধবার নিহতের ভাতিজা মো. মজনু বাদী হয়ে রিপন, তাঁর বাবা কয়ছার, মা রহিমা খাতুন (৪০), মোস্তফা, তাঁর বাবা নূর ইসলাম (৪৫) ও মা হাজেরা বেগমকে আসামি করে ভূরুঙ্গামারী থানায় হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ রহিমা খাতুন ও নূর ইসলামকে গ্রেপ্তার করেছে। কিন্তু বখাটে রিপন ও মোস্তফাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে গতকাল সকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষ ভূরুঙ্গামারী সদরে মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে।প্রত্যক্ষদর্শী শামীম জানান, বখাটে রিপন কোনো কাজ করতেন না। তাঁর বাবা ঠেলাগাড়ি চালান। মোস্তফা মাঝেমধ্যে কাঠমিস্ত্রির কাজ করতেন। প্রায় সময়ই তাঁরা মেয়েটির বাড়িতে ঢিল ছুড়তেন। ভয়ে কেউ কিছুই বলতে সাহস পেত না।ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই মাস্টার, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা জানান, রিপন ও মোস্তফার নামে বিস্তর অভিযোগ রয়েছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রাজ্জাক জানান, এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে লাশের শরীরে মারধর ও শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে।আবদুস সোবহানের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে মেয়েটির পরিবার। এলাকাবাসী জানায়, নিহত আবদুস সোবহানের দুই মেয়ে ও এক ছেলে। ছেলেটি বুদ্ধিপ্রতিবন্ধী। মেয়ে সামেনা বিধবা হয়ে তাঁদের সঙ্গে বাস করছেন। দিনমজুরের কাজ করে সংসার ও নাতনির পড়াশোনার খরচ চালাতেন সোবহান। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, পরিবারটি অত্যন্ত দরিদ্র। তাদের সব রকম সহায়তা দেওয়া হবে। পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান জানান, বখাটেদের ধরতে চেষ্টা করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশিদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি উত্ত্যক্তের শিকার ওই স্কুলছাত্রীর লেখাপড়ার ব্যয়সহ তাঁর পরিবারের জন্য প্রয়োজনীয় সবকিছু করার নির্দেশ দিয়েছেন। বদরগঞ্জ: বৃহস্পতিবার সকালে বদরগঞ্জের দোয়ানি হাজিপুর ডাঙ্গাপাড়া গ্রামের এক মা তাঁর ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে ও মেয়ের বান্ধবীকে নিয়ে রিকশাভ্যানে করে দিনাজপুরের স্বপ্নপুরী বিনোদনকেন্দ্রে বেড়াতে যান। বিকেলে একই ভ্যানে করে বাড়ি ফেরার পথে আট-দশজন বখাটে অটোরিকশা নিয়ে তাঁদের পিছু নেয়। ভ্যানের সামনে তিনি ও তাঁর মেয়ে বসে ছিলেন। ভ্যানটি বদরগঞ্জ-মধ্যপাড়া সড়কের কাঁঠালবাগানে এলে বখাটেরা তাঁর মেয়ের হাত ধরে টানাটানি করে। এ সময় চিৎকার করলে বখাটেরা চলে যায়। মেয়েটির মা অভিযোগ করেন, কিছুদূর যাওয়ার পর ওই অটোরিকশা থেকে দুটি ছেলে তার মেয়ের হাত ধরে টান মারে। এতে মেয়েটি পাকা সড়কে পড়ে যায়। তার সামনের তিনটি দাঁতের বেশির ভাগ অংশ ভেঙে যায় এবং ডান পা কেটে প্রচুর রক্ত বের হয়। এ সময় পথচারীরা এসে বখাটেদের ধাওয়া করে রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মোহাম্মদ আলী, মনির হোসেন ও অটোরিকশাচালক শাহাবুদ্দিনকে অটোরিকশাসহ আটক করে। অন্যরা পালিয়ে যায়।আটক মোহাম্মদ আলী বদরগঞ্জের বুজরুক হাজিপুর নয়াপাড়া গ্রামের এবং মনির হোসেন যাদুনগর গ্রামের বাসিন্দা। জনতা তাদের বদরগঞ্জের শাহেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যায়। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সেখানে যান বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার ও উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। মধ্যরাতে ইউএনও সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের নির্দেশ দেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার জানান, আটক ব্যক্তিরা জরিমানার টাকা পরিশোধ করায় ছেড়ে দেওয়া হয়েছে।এদিকে, আহত মেয়েটিকে গতকাল সকালে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ইসলাম আমির জানান, মেয়েটির তিনটি দাঁত ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। কিন্তু মেয়েটির মা অর্থাভাবে ওষুধপত্র কিনতে পারছেন না।হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি বলে, ‘আমি ওদের (বখাটে) কঠিন শাস্তি চাই। আমার দাঁত ভেঙেছে। ওরা যেন ছাড়া না পায়।’ভ্রাম্যমাণ আদালতের রায় শুনে মেয়েটির মা কান্নায় ভেঙে পড়ে প্রথম আলোকে বলেন, ‘বখাটেরা টাকা দিয়ে ছাড়া পেল কিন্তু আমার মেয়ের দাঁত কে ফিরিয়ে দেবে? আমি এ বিচার মানি না। এখন আমি মেয়েটির চিকিৎসা করব কী দিয়ে। ওর বাবাও বাড়িতে নেই। ঈদের আগে ঢাকায় কাজ করতে গেছেন।’ভ্রাম্যমাণ আদালতের ওই বিচারের প্রত্যক্ষদর্শী মশিউর রহমান সরকার বলেন, ‘ইভ টিজিংয়ের শিকার হয়ে দাঁত ভাঙল মেয়েটির। অথচ আদালতের জরিমানার টাকা চলে যাবে সরকারি কোষাগারে। তাহলে ক্ষতিগ্রস্ত মেয়েটি কী পেল?’এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রেজাউল আলম সরকার বলেন, ‘এটা ইভ টিজিংয়ের আওতায় পড়ে না। আদালত যা সিদ্ধান্ত দিয়েছেন তা বুঝেশুনেই দিয়েছেন।’ কিন্তু ইভ টিজিং না হলে জরিমানা কেন আদায় করা হলো এবং মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করা হবে না কেন, এ ব্যাপারে কোনো কথা বলেননি ইউএনও।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, ‘ওই ঘটনাটি অবশ্যই ইভ টিজিং। এটা ভ্রাম্যমাণ আদালতকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আদালতের সিদ্ধান্তের বাইরে আমরা যেতে পারি না।’