প্রাণ জুড়াতে ফলের রস...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখের ফল পাকানো গরমে পথে বেরোলে মন চায় প্রাণ জুড়ানোর মতো ঠান্ডা পানীয়। আপনার প্রাণের এ তৃষ্ণা ঠান্ডা পানি কিংবা বাজারের কৃত্রিম জুস আর শক্তিবর্ধক পানীয়তে যে মেটার নয়, সে খবর আমরা ভালোই জানি। তাই নগর ঘুরে এই গরমে প্রাণজুড়ানো খাঁটি ফলের রসের খোঁজখবর এনেছেন আহমেদ শাকিলআড়ংয়ে যাঁরা কেনাকাটা করতে যান তাঁদের অনেকেরই হয়তো জানা নেই, আড়ংয়ের নিজস্ব, বেশ গোছানো একটা রেস্তোরাঁ আছে, নাম গ্রাসরুট ক্যাফে। গুরুপাক খাবারের পাশাপাশি এখানে খুব চমৎকার পানীয় পাওয়া যায়। পানীয় বলতে তাজা ফলের রস। গরমে বড়সড় গ্লাসে চমৎকার রস, সঙ্গে দুই টুকরো বরফের লোভনীয় শীতল হাতছানি। সেই শীতলতার লোভেই বেলের শরবত, কাঁচা আমের টক-মিষ্টি শরবত কিংবা তরমুজের রস পানের জন্য রেস্তোরাঁটিতে ঢোকেন আড়ংয়ের ক্রেতারা। দেখা গেল, এর মধ্যে কাঁচা আমের শরবতটা বেশ গ্রাহকপ্রিয়। টক টক মিষ্টি মিষ্টি স্বাদ, বরফ-সহযোগে বেশ উপাদেয়, প্রতি গ্লাস জুস ৫০ টাকা।মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রবর্তনার ওপরে ‘আড্ডা’ রেস্তোরাঁয় নয় রকমের শরবত পাওয়া যাচ্ছে এই গরমে। তাদের নিজস্ব বাগানের লেবু, তেঁতুল, তরমুজ, বাঙ্গি থেকে শুরু করে পাকা পেঁপের রস মিলবে এখানে। আর আড্ডার নিজস্ব আবিষ্কার, যবের ছাতুর শরবত বরফ দিয়ে খেলে বুক জুড়িয়ে যায়। যবের ছাতুর শরবত খেলে তৃষ্ণাও মেটে, ক্ষুধাও নিবারণ হয়। তবে একটা কথা জেনে রাখুন, এটা কিন্তু মেয়েদের রেস্তোরাঁ। কোনো মেয়ের অতিথি না হয়ে কোনো পুরুষ এখানে খেতে যেতে পারবেন না।মুরগি ভাজা আর আইসক্রিমের পাশাপাশি তাজা ফলের চমৎকার জুস পাওয়া যায় চিকেন কিং এবং অ্যান্ডারসনস আইসক্রিমের দোকানে। বাজারে পাওয়া লোকজ ফলগুলোকে নিংড়ে রস করে বরফ দিয়ে পরিবেশন করেন তাঁরা। জলপাই, কামরাঙা কিংবা কাঁচা আমের এক গ্লাস খাঁটি রস খেতে হলে খরচ করতে হবে মাত্র ১০০ টাকা। এর বাইরেও আরেক ধরনের শরবত পাওয়া যায় এখানে। বাইরে থেকে আসা এই পানীয়টির নাম হচ্ছে ফরমোসা কিউ কিউ জুস। হিমায়িত ফল দিয়ে তৈরি হয় এই জুস। সঙ্গে থাকে সাগুদানার মতো নরম কিউ কিউ। শরবতের সঙ্গে চিবিয়ে খেতে বেশ মজাই লাগে। স্ট্রবেরি, পার্পল পাম, মালবেরি আর প্যাশন ফ্রুটের স্বাদে পাওয়া যায় এই শরবত। দাম পড়ে ১২০ টাকা।পুরান ঢাকার নর্থ সাউথ রোডের হোটেল আল রাজ্জাক অ্যান্ড রেস্টুরেন্টের পাশেই রয়েছে আল রাজ্জাক জুসবার। আল রাজ্জাকের রকমারি খাবারের মতোই এখানকার ফলের রসও বেশ বিখ্যাত। খাঁটি ফলের রসের দেখা মিলবে এখানেও। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ১৬ রকমের ফলের রস পাওয়া যায় এখানে। আম, আনার, গাজর, পেঁপে, কমলা, বেল, মাল্টা, কলা, আপেল, আঙুর আরও কত কি! দাম ওঠানামা করে ২৫ থেকে ৭০ টাকার মধ্যে।তবে নতুন হোক আর পুরোনো, ঢাকায় খাঁটি ফলের রসের কথা এলে একটি দোকানের নাম চলে আসবে অনেকেরই মুখে। সেটা হচ্ছে পল্টন সুপার মার্কেটের নিচতলার ‘অবসর জুসবার’। বয়স প্রায় ২৫ হতে চলল এ দোকানের। এখনো সুনামের সঙ্গে গ্রাহকদের খাঁটি ফলের রস খাইয়ে যাচ্ছে অবসর। বাজার থেকে বেছে বেছে আনা ফল দিয়ে ক্রেতার চোখের সামনে রস করা হয় এখানে। অন্য সব তো আছেই, বিশেষ করে অবসরের আমের রস আর মসলা দিয়ে বানানো জলডুগি আনারসের জুস তো মুখরোচক। দামে সে তুলনায় সস্তা। তাই ন্যায্য দামে খাঁটি ফলের রসের খোঁজ যদি করেন, তাহলে গরমের অবসরে প্রাণ জুড়াতে অবসর জুসবারে ঢুঁ মারতে ভুলবেন না।