অপেক্ষায় ছিল স্বজনেরা, ছিল গোটা চিলিবাসী। তাদের চোখে পানি, তবে আনন্দের। খনিধসে চাপা পড়ার ৬৯ দিন পর প্রথম বেরিয়ে আসা শ্রমিক ফ্লোরেনসিও অ্যাভালোসকে দেখে উল্লাসে ফেটে পড়ে তারা। এরপর একে একে বেরিয়ে আসেন ‘নতুন জীবন’ পাওয়া আরও ১৯ জন শ্রমিক। আটকে থাকা আরও ১৩ জনকে উদ্ধার করতে আজ বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে।গত ৫ আগস্ট চিলির উত্তরাঞ্চলের সান হোসে সোনা ও তামার খনিধসে ৩৩ জন শ্রমিক খনির দুই হাজার ৪১ ফুট (৬২২ মিটার) নিচে আটকা পড়েন। দুর্ঘটনার ৬৯ দিন পর গতকাল বুধবার শ্রমিকদের খনি থেকে বের করে আনার কাজ শুরু হয়। এই দীর্ঘ সময়ে একটি ছোট্ট সুড়ঙ্গের মাধ্যমে তাঁদের কাছে খাবার, ওষুধ ও প্রয়োজনীয় দ্রব্য পাঠানো হয়।খনি থেকে প্রথম ব্যক্তি হিসেবে বের করে আনা হয় ৩১ বছর বয়সী ফ্লোরেনসিও অ্যাভালোসকে। এ সময় সেখানে উপস্থিত শ্রমিকদের স্বজন, উদ্ধারকর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ হাজারো মানুষ উল্লাসধ্বনি দিয়ে তাঁকে ‘নতুন জীবনে’ স্বাগত জানায়। অ্যাভালোসকে জড়িয়ে ধরে সাত বছর বয়সী ছেলে ও স্ত্রী মনিকা। জড়িয়ে ধরেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। অ্যাভালোসের বাবা আলফেনসো দুই হাত উঁচিয়ে চিৎকার করে বলে ওঠেন, ‘এটা বিশাল আনন্দ। আমি খুবই খুশি।’ টেলিভিশনে সরাসরি এ দৃশ্য সম্প্রচার করা হয়। হাসপাতালে নেওয়ার পর অ্যাভালোস তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা কখনো বিশ্বাস হারাইনি। নিশ্চিত ছিলাম, আমাদের উদ্ধার করা হবেই।’অ্যাভালোসের পর খনি থেকে তুলে আনা হয় মারিও সেপুলভেদার, খনিতে আটকে থাকা সবচেয়ে কম বয়সী শ্রমিক জিমি সানচেজ (১৯) ও বয়স্ক মারিও গোমেজকে (৬৩)। চিলির স্বাস্থ্যমন্ত্রী জেইমি মানালিস বলেন, ‘আমাদের পরিকল্পনার চেয়েও ভালোভাবে উদ্ধারকাজ এগিয়ে চলছে। উদ্ধার হওয়া শ্রমিকেরা সুস্থ আছেন।’ উদ্ধারকাজের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, খনি থেকে তুলে আনার পরপরই শ্রমিকদের কালো চশমা পরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন খনিতে থাকার কারণে হঠাৎ সূর্যের আলোতে চোখের সমস্যা হতে পারে বলে এ ব্যবস্থা। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের হাসপাতালে পাঠানো হচ্ছে। তাঁরা আরও জানান, উদ্ধারকাজে কোনো তাড়াহুড়া করা হচ্ছে না। সতর্কতার সঙ্গে আস্তে আস্তে শ্রমিকদের তুলে আনা হচ্ছে। ফলে একজনকে তুলে আনতেই এক ঘণ্টারও বেশি সময় লাগছে। সবাইকে উদ্ধার করতে ৪৮ ঘণ্টা সময় লেগে যেতে পারে। দীর্ঘদিন খনির স্যাঁতসেঁতে পরিবেশে আটকে থাকার কারণে শ্রমিকদের ত্বক, রক্তচাপ ও বুকে কিছুটা সংক্রমণ দেখা দিয়েছে। দুর্ঘটনার সাত দিন পর দমকলকর্মীরা ৩৩ শ্রমিকের আটকে থাকার বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু তাঁদের কাছে পৌঁছানোর কোনো পথ ছিল না। ছোট্ট একটি সুড়ঙ্গ দিয়ে তাঁদের খোঁজখবর নেওয়া ও খাদ্য-ওষুধ পাঠানো শুরু হয়। আর তাঁদের উদ্ধারে শুরু হয় নানামুখী তৎপরতা। শ্রমিকদের বের করে আনতে কয়েক দিনের মধ্যে সুড়ঙ্গ খননের কাজ শুরু হয়। ভূপৃষ্ঠ থেকে প্রথম ৩১৫ ফুট একেবারে নতুন করে খনন করা হয়। ৬০ দশমিক ৯৬ সেন্টিমিটার প্রশস্ত সুড়ঙ্গের জন্য ফিনিক্স নামের বিশেষ একটি খাঁচা তৈরি করা হয়। ওই খাঁচার প্রশস্ততা ৫৩ সেন্টিমিটার। এই খাঁচা দিয়ে খনি থেকে একবারে একজনকেই উদ্ধার করা সম্ভব। এ ছাড়া শ্রমিকদের জন্য তৈরি করা হয় অডিও-ভিডিও সুবিধাসহ বিশেষ ধরনের হেলমেট, নিরাপত্তা রশি ও অক্সিজেনের সিলিন্ডার। ক্রেনের সাহায্যে ওই বিশেষ খাঁচা খনির ভেতর পাঠিয়ে শ্রমিকদের তুলে আনার কাজ চলছে।শ্রমিকদের উদ্ধার অভিযানের প্রশংসা করে প্রেসিডেন্ট পিনেরা বলেন, ‘ইতিহাসের অন্য কোনো উদ্ধারকাজের সঙ্গে এ উদ্ধারের তুলনা চলে না। পুরো দেশ আটকে পড়া শ্রমিকদের কাছ থেকে বিশ্বাস ও আস্থার শিক্ষা পেয়েছে। তাঁদের কাছ থেকে সহমর্মিতা ও সংহতির শিক্ষাও পেয়েছে দেশের মানুষ।’ এফপি, বিবিসি, সিএনএন, টেলিগ্রাফ।