প্রাণনাশের আশঙ্কার কথা স্ত্রীকে আগেই জানান ইলিয়াস
বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলী প্রাণনাশের আশঙ্কা করছিলেন। নিখোঁজ হওয়ার আগে বলেছিলেন, তিনি গোয়েন্দা নজরদারিতে আছেন। তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর গতকাল সোমবার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।তাহসিনা এক প্রশ্নের জবাবে বলেন, ইলিয়াস কোথাও থেকে শুনতে পেয়েছিলেন যে গোয়েন্দারা সে তালিকায় তাঁর নাম আছে। তাহসিনা এ প্রসঙ্গে বিস্তারিত আর কিছু বলতে রাজি হননি।ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ষষ্ঠ দিনে গতকাল সোমবার সাংবাদিকদের অনুরোধে নিজ বাসভবনে তাহসিনা রুশদীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। স্বামীকে উদ্ধারে গত শনিবার র্যাব-পুলিশের যৌথ অভিযানের সময় আপনি সঙ্গে ছিলেন কি না, এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান। বলেন, ‘বারবার আমাকে সবাই একই প্রশ্ন করছেন। আমি এখন সব প্রশ্নের ঊর্ধ্বে। ছয় দিন পরও কোনো ফলাফল পাইনি।’ এ ছাড়া শর্তের বিনিময়ে ইলিয়াস আলীকে মুক্তির ব্যাপারে কথাবার্তা চলছে বলে একটি পত্রিকায় যে খবর বেরিয়েছে, সে সম্পর্কেও তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে কোনো শর্তের কথা জানায়নি বলে দাবি করেন তিনি।এসব কথা বলার সময় তাহসিনা রুশদীর শোয়া অবস্থায় ছিলেন। স্বজনেরা জানান, তিনি উচ্চরক্তচাপে ভুগছেন। প্রশ্নের জবাবে তাহসিনা বলেন, ‘সরকার ও বিএনপি কারও কোনো চাপ নেই আমার ওপর। কোনো চাপ আমি ভয় পাই না। কে কী বক্তব্য দিল, কে কী বলছে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। যেকোনো মূল্যে যেকোনো উপায়ে আমি আমার স্বামীকে ফেরত চাই। এখন পর্যন্ত আমার কাছে কোনো তথ্য নেই। কেউ আমাকে কোনো আশার বাণীও শোনায়নি।’নিখোঁজ হওয়ার পর একবারও ইলিয়াস আলীর সঙ্গে যোগাযোগ হয়েছে কি না, জানতে চাইলে তিনি না-সূচক উত্তর দেন। বলেন, ‘কথা হলে অন্তত এটুকু তো জানতাম সে ভালো আছে।’ একপর্যায়ে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আপনারা তো অনেক কিছু লিখছেন। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাকে একটু বলুন।’আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে তাহসিনা বলেন, ‘ওরা যোগাযোগ করে, বাসায় আসে। নানা রকম প্রশ্ন করে। ইলিয়াস কার সঙ্গে ওঠাবসা করত এসব জানতে চায়। কিন্তু তারা আমাকে আশ্বস্ত করতে পারেনি।’তদন্ত নিয়ে প্রশ্ন: ইলিয়াস আলীর এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা শুনেছেন, পুবাইলের কোনো একটি বাড়িতে ইলিয়াস আলী আছেন, এ তথ্য গোয়েন্দারাই দিয়েছে। সরকার ইলিয়াস আলীকে উদ্ধারে আন্তরিক—দেশবাসীকে এমন ধারণা দিতেই অভিযানের ঘটনাটি সাজানো হয়েছিল।নিখোঁজ হওয়ার ছয় দিন পরও ইলিয়াস উদ্ধার না হওয়ায় স্বজনেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, র্যাব-পুলিশ বাড়িতে এসে গাড়িচালক, দারোয়ান, কাজের লোকদের নানা প্রশ্ন করে। কিন্তু সঠিক তথ্য তারা দিতে পারেনি।