প্রাণবন্ত কাউন্সিল বৈঠক
জাতীয় উৎসবের এবারের কাউন্সিল বৈঠকটি বেশ জমজমাট হয়েছে। গণিতপ্রেমী সাংবাদিক, বন্ধুসভার বন্ধু, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্যবৃন্দ এবং প্রথম আলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাণ খুলে কথা বলেন সারা দেশ থেকে আসা কাউন্সিলররা। উত্সবের প্রথম দিনের বৈঠকে আঞ্চলিক উৎসবের সফলতা, ব্যর্থতা ও অনুষ্ঠান ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন আলোচনা হয়। দুই ঘণ্টার ওই বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোষাধ্যক্ষ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। বৈঠক সঞ্চালন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। উপস্থিত কাউন্সিলররা অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো, নাম নিবন্ধনের কৌশল, আঞ্চলিক ভেন্যুসংখ্যা বৃদ্ধি, বাছাই করে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ, পিছিয়ে পড়া জেলাগুলোতে উৎসাহ-উদ্দীপনা তৈরি, স্থানীয় গণিত শিক্ষকদের কাজে লাগানো, গণিত ক্লাব তৈরি ও এদের পৃষ্ঠপোষকতা দান, বছরজুড়ে উপজেলা পর্যায়ে বেশি বেশি গণিত উৎসব আয়োজন ও উৎসবে কমপক্ষে আধঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান করার বিষয়ে প্রস্তাব দেন। বৈঠকে রাজশাহী বন্ধুসভার বন্ধু শুভাশীষ শুভ বলেন, ‘রাজশাহী মহানগর শিক্ষানগর। সেখানে এক হাজার অংশগ্রহণকারী কম হয়ে যায়। তাই অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে হবে।’গোপালগঞ্জ প্রতিনিধি সুব্রত সাহা বাপী বলেন, ‘খুলনা আঞ্চলিক গণিত উৎসবে গোপালগঞ্জ থেকে বাছাই করা শিক্ষার্থীরা অংশ নিয়েছে। সেখানে তারা ভালো ফল করেছে। বাছাইকাজে স্থানীয় শিক্ষকদের কাজে লাগানো যায়।’খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসান বাছাইয়ের ব্যাপারে মত প্রকাশ করে জানান, ‘বাছাই-প্রক্রিয়া একটা সময়সাপেক্ষ ব্যাপার। উত্সব বললে আমরা বাছাই করব কেন? উৎসব তো প্রাণের স্পন্দন।’চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি আলাউদ্দিন খোকন উপজেলা পর্যায়ে বছরব্যাপী গণিত উত্সব আয়োজন এবং আঞ্চলিক উত্সবে উপজেলা প্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন। ভোলা প্রতিনিধি মো. নেয়ামত উল্যাহ বলেন, বরিশালে গিয়ে ভোলার শিক্ষার্থীদের অংশ নিতে অসুবিধা হচ্ছে। বৈঠকে বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য দেন কুমিল্লা গণিত ক্লাবের সাধারণ সম্পাদক গাজীউল হক, কুমিল্লা বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন লিটন, ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, খাগড়াছড়ি প্রতিনিধি সৈকত দেওয়ান, সিলেট বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক এম ডি মিথুন ও পাবনা প্রতিনিধি সারোয়ার উল্লাহসহ বিভিন্ন জেলার প্রতিনিধি ও বন্ধুসভার প্রতিনিধিরা। এতে ৪৪ জন কাউন্সিলর অংশ নেন। এ বছর কাউন্সিল বৈঠকে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হচ্ছে—পিছিয়ে পড়া জেলাগুলোতে গণিতের প্রতি আগ্রহ বাড়ানো, শিক্ষার্থীর চাপ রয়েছে এমন অঞ্চলে বাছাই পরীক্ষা নেওয়া, কেন্দ্র থেকে পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান, খাম দেওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং গণিত ক্লাবকে পৃষ্ঠপোষকতা করা। সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম বলেন, ‘বছরব্যাপী গণিতবিষয়ক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।’ বৈঠকে বক্তব্য দেন প্রথম আলোর বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি, সহকারী সম্পাদক অরুণ বসু, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন এবং গণিত উত্সবের সমন্বয়ক ইব্রাহিম খলিলুল্লাহ।