প্রাণবন্ত সংসদ, দুই দফা ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দফা ওয়াকআউট করলেও প্রধান বিরোধী দল বিএনপি আজ সোমবার প্রথমবারের মতো রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেওয়ায় অধিবেশন কিছুটা প্রাণবন্ত হয়ে ওঠে। অধিবেশনের শুরুতে বিএনপির শহীদউদ্দিন চৌধুরী অ্যানী পয়েন্ট অব অর্ডারে বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি এবং আক্রমণাত্মক ভাষায় সরকারের তীব্র সমালোচনা করায় সংসদে তীব্র উত্তেজনার সৃষ্টি হলেও পরে সংসদের কার্যক্রম ছিল প্রাণবন্ত।প্রথম দফায় অধিবেশনের শুরুতেই মওদুদ আহমদকে কথা বলতে না দেওয়ায় এবং অধিবেশন শেষ হওয়ার পাঁচ মিনিট আগে সরকারি দলের নজরুল ইসলাম বাবুর বক্তব্যের প্রতিবাদে দ্বিতীয় দফা ওয়াকআউট করে বিএনপি। নজরুল ইসলাম তাঁর বক্তব্যে খালেদা জিয়ার পোশাকপরিচ্ছদ এবং শালীনতা নিয়ে প্রশ্ন তুললে বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এর একপর্যায়ে বিরোধী দল ওয়াকআউট করে।ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সাংসদেরা রাষ্ট্রপতির ভাষণকে জাতির জন্য দিকনির্দেশনামূলক আখ্যায়িত করে বলেন, এটি দেশের উন্নয়নের সনদ। তাঁরা বিরোধী দলের সমালোচনা করে বলেন, সংসদ নিয়ে তাঁরা নাটক করছেন। এসে এসে চলে যাচ্ছেন।বিরোধী দলের সাংসদেরা রাষ্ট্রপতির ভাষণকে বিগত সরকারের বিরুদ্ধে কুত্সামূলক আখ্যায়িত করে বলেন, এটি একটি দলীয় ভাষণ ছাড়া আর কিছুই নয়। গোটা জাতিকে এক সঙ্গে কাজ করার কোনো প্রেরণা এ ভাষণে নেই।এর আগে অধিবেশনের শুরুতেই সংসদে ফিরে ২০ মিনিট থেকেই ওয়াকআউট করে বিরোধী দল। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন বিকেল সোয়া তিনটায় শুরু হয়। স্পিকার অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে সরকারি দল ও বিরোধী দল পরস্পরকে বিষোদ্গার না করার আহ্বান জানান।পয়েন্ট অব অর্ডারে বিএনপির শহীদউদ্দিন চৌধুরী বলেন, সরকারি দল জিয়াউর রহমানের মতো জাতীয় নেতাদের চরিত্র হনন করে বক্তব্য দিচ্ছে। অথচ স্বাধীনতার পর আওয়ামী লীগ বাকশাল কায়েম করে ৪০ হাজার মানুষ হত্যা করেছিল। সে কারণে শেখ মুজিবকে খুনি বলা যায়। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বোমাসদৃশ বস্তু নিয়ে সংসদে আলোচনা করতে হবে। কারণ বিরোধীদলীয় নেত্রীকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর দুর্নীতির কথা নিয়ে সংবাদপত্রে অনেক কথা বেরিয়েছে। তা নিয়ে আমরা আলোচনা করতে চাই।’এ সময় স্পিকার বলেন, একপক্ষ কটূক্তি করলে অন্যপক্ষও করবে। এখন সরকারি দল আবার তারেক রহমানের কথা বললে কী হবে? তাই কটূক্তি না করলেই ভালো। তিনি বলেন, সংসদে কুরুচিপূর্ণ সব বক্তব্য এক্সপাঞ্জ করা হবে।এরপর সংসদের চিফ হুইপ আবদুস শহীদ শহীদউদ্দিনের বক্তব্যকে অশালীন, বিদ্বেষমূলক এবং অসত্য হিসেবে আখ্যায়িত করে তা এক্সপাঞ্জ করার দাবি জানান। তিনি বলেন, রমনার বটমূল, উদীচী বোমা হামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন।এ সময় বিএনপির মওদুদ আহমদ ফ্লোর চাইলে স্পিকার বলেন, ‘আজ অধিবেশনের শুরুতেই আমি দুজনকে ফ্লোর দেওয়ার জন্য রুলিং দিয়েছি। আপনি কাল বলবেন।’ মওদুদকে ফ্লোর না দেওয়ার প্রতিবাদে বিএনপি ওয়াকআউট করে। ১০ মিনিট পর তারা আবার সংসদে ফিরে আসে।রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় সরকারি দলের খান এম এ মান্না, খান টিপু সুলতান, আবদুল্লাহ আল জ্যাকব, নজরুল ইসলাম, বিরোধী দলের জয়নাল আবদীন, সৈয়দা আশরাফী, নিলুফার ইয়াসমীন, জামায়াতে ইসলামীর আ ন ম শামসুল ইসলাম বক্তব্য দেন।