প্রাণভিক্ষা চেয়ে খুনি আসলামের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাহেদ আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসলাম ফকির প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। আসলাম ফরিদপুর জেলার সদরপুর উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। তিনি বর্তমানে ফরিদপুর কারাগারে আছেন।ফরিদপুর কারাগারের তত্ত্বাধায়ক জাহানারা বেগম প্রথম আলোকে বলেন, আসলাম ফকিরের ক্ষমাপ্রার্থনার আবেদন কেন্দ্রীয় কারা কর্মকর্তার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনুদ্দিন খন্দকার (কারা) গতকাল প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামি প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন। রাষ্ট্রপতি চাইলে তাঁর বিশেষ ক্ষমতায় আসামিকে বিশেষ ক্ষমা করতে পারেন।জানা গেছে, গত ১৯ মে প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে কারা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪৩ বছর বয়সী আসলাম ফকির। ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের শুকুর ফকিরের ছেলে আসলাম ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর মানিকদহ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এ কে এম সাহেদ আলী ওরফে সাহেব আলী মিয়াকে হত্যা করেন।সূত্রমতে, সাহেদ আলী একটি সালিস বৈঠক শেষে কালীবাড়ি এলাকা থেকে বাড়ি ফেরার পথে মানিকদহ গ্রামে হামলাকারীরা তাঁকে উপর্যুপরি গুলি করে। তাঁকে প্রথমে আটরশি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত ইউপি চেয়ারম্যানের স্ত্রী পারুলী আক্তারী বাদী হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসলাম ফকির, তারা মৃধা ও ইমারত আলী—এ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। জেলা ও দায়রা জজ আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে হাইকোর্ট এ রায় বহাল রাখেন। এর বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্ট আসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে তারা মৃধা ও ইমারত আলীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।নিহত সাহেব মিয়ার স্ত্রী ও মানিকদহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পারুলী আক্তারী গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আইনের সব পথ অতিক্রম করে চারটি আদালত হয়ে সর্বশেষ সুপ্রিম কোর্ট আসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তাই এই সন্ত্রাসীর প্রাণভিক্ষার আবেদন গ্রাহ্য করা হলে দেশে আইনের শাসন ব্যাহত হবে, মানুষ সুবিচার থেকে বঞ্চিত হবে। আমাদের পরিবারের দুঃখ, কষ্ট, বেদনা আরও বাড়বে এবং প্রত্যাশার মৃত্যু ঘটবে।’ তিনি বলেন, হত্যা করে পার পাওয়া যায়—বিষয়টি প্রতিষ্ঠিত হলে অপরাধপ্রবণতা বেড়ে যাবে। ন্যায়বিচারের স্বার্থে এই আসামির মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।জানা গেছে, ১৯৯২ সালের ইউপি নির্বাচনে মানিকদহে সাহেব মিয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৭ সালের নির্বাচনে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন আসলাম। কিন্তু ২০০৩ সালের নির্বাচনে তাঁকে (আসলাম) সহস্রাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন সাহেব মিয়া। পরাজয়ের ক্ষোভ ও এলাকায় আধিপত্য বিস্তার করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।স্থানীয় একাধিক সূত্র প্রথম আলোকে জানায়, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি তারা মৃধা ও ইমারত আলী এলাকায় একটি ডাকাত বাহিনীর নেতৃত্ব দিতেন। সেই বাহিনী এখনো এলাকায় সক্রিয়। আর আসলাম জেলে থেকেও সে বাহিনীকে মদদ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।ফাঁসির আসামি আসলাম বর্তমানে কারাগারে। তবু এলাকায় গেলে লোকজন তাঁর (আসলাম) সম্পর্কে কথা বলার আগে নাম প্রকাশ করা হবে না বলে নিশ্চয়তা চেয়েছেন প্রথম আলোর কাছে। এই শর্তেই এলাকার বিভিন্ন শ্রেণীর কয়েকজন বলেন, আসলামকে ক্ষমা করা হলে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। প্রথমেই বেড়ে যাবে ডাকাতি। তারপর চাঁদাবাজি, এমনকি আরও হত্যার ঘটনা ঘটতে পারে।ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার বলেন, অপরাধীর অপরাধ প্রমাণিত হলে তাঁর সাজা হওয়া বাঞ্ছনীয়। কিন্তু খুনির সাজা না হলে দেশে খুনের প্রবণতা বেড়ে যাবে। তাই সমাজে অপরাধ দমনে অপরাধীর সাজা হতেই হবে।