বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ-প্রাপ্ত কারাবন্দী পাঁচ খুনিকে প্রাণভিক্ষার আবেদন লেখার জন্য সাদা কাগজ ও কলম দেওয়া হয়েছে। খুনিরা চাইলে এই সাদা কাগজে শেষবারের মতো রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। তবে তা মৃত্যু পরোয়ানা সইয়ের সাত দিনের মধ্যে করতে হবে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান। তিনি গতকাল সোমবার বিকেলে কারা অধিদপ্তরের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন।ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান বলেন, গত রোববার মৃত্যু পরোয়ানার লাল খাম হাতে পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে ফাঁসির কার্যক্রম শুরু হয়েছে। কারা কর্তৃপক্ষ রোববার থেকে সাত দিন অপেক্ষা করবে। এর মধ্যে যদি কোনো আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চান, তাহলে তা জানিয়ে রাষ্ট্রপতির কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রতিবেদন পাঠাবে কর্তৃপক্ষ। তিনি বলেন, রাষ্ট্রপতির সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছানোর দিন থেকে ২১ দিন পরে এবং ২৮ দিনের আগে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার বাধ্যবাধকতা রয়েছে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজি-প্রিজন আরও জানান, বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা সবাই স্বাভাবিক আছেন। তাঁদের দেখে বিচলিত মনে হয়নি। স্বাভাবিক খাবার-দাবার গ্রহণ করছেন সবাই।সংশ্লিষ্ট সূত্র জানায়, কারাগারে আটক বঙ্গবন্ধুর খুনিদের কঠোর নজরদারিতে রাখতে একজন উপ-কারাধ্যক্ষকে প্রধান করে বিশেষ নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিদের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য সার্বক্ষণিক চিকিত্সক নিয়োগ দেওয়া হয়েছে।