প্রাণসায়ের খালই পৌরবাসীর দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালপাড়ের ব্যবসায়ী বলাই বিশ্বাস, আবদুল ওহাব, আবদুর রহমান জানান, শহরের সুলতানপুর বড় বাজারের গরুর জবাইখানার প্রতিদিনের বর্জ্য এ খালে ফেলা হয়। একইভাবে শহরের ময়লা-আবর্জনা ও জীবজন্তুর মরদেহ প্রায় প্রতিদিনই খালে ফেলে। এর সঙ্গে খালে পাটা দিয়ে রাখা ও বাঁধ দেওয়ার কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে এক রকম। ফলে ময়লা-আবর্জনার সঙ্গে জীবজন্তুর মরদেহ পচে পানি দূষিত হচ্ছে। জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান জানান, প্রাণসায়ের পানি দূষণ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। শহরের অনেক স্থানে খালের পানি পচে দুর্গন্ধ ছড়ানোর কারণে নাকে রুমাল দিয়ে চলতে হচ্ছে পৌরবাসীকে। এভাবে চলতে থাকলে আন্দোলনের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না।১৮০০ সালের প্রথম দিকে সাতক্ষীরা শহরের শ্রীবৃদ্ধি, কলকাতার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করা, পানি নিষ্কাশন ও শহর রক্ষার জন্য জমিদার প্রাণ রায় চৌধুরী এল্লাচর থেকে খেজুরডাঙ্গী পর্যন্ত ১২ কিলোমিটার লম্বা উত্তর-দক্ষিণ খাল খনন করেন। এক সময়ের প্রমত্তা প্রাণসায়ের খাল বর্তমানে সরু হয়ে গেছে। ১২ কিলোমিটার খালের বিভিন্ন স্থান দখল করে নিয়েছে প্রভাবশালীরা।১৮৬৯ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা পৌরসভাকে ১৩০ বছর পর ১৯৯৯ সালে দেওয়া হয় প্রথম শ্রেণীর মর্যাদা। কিন্তু সাতক্ষীরা পৌরবাসী নিয়মিত কর দিলেও নাগরিক সুবিধা পাচ্ছে না। পানি সমস্যা: বিশুদ্ধ খাবার পানির সংকট দীর্ঘদিন ধরে চললেও এ সমস্যা উত্তরণে কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের, এমন অভিযোগ পৌরবাসীর। পৌরসভার কাটিয়া এলাকার আনিছুজ্জামান, মনজিতপুর এলাকার হাবিবুর রহমান এবং কামালনগর এলাকার অলক ব্যানার্জি জানান, শুষ্ক মৌসুমে দিনের পর দিন পানি পাওয়া যায় না। বর্তমানে পানি পাওয়া গেলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পৌরসভার যেসব হস্তচালিত অগভীর নলকূপ রয়েছে, তার ৮০ শতাংশের পানিতে রয়েছে মাত্রারিক্ত আর্সেনিক। নলকূপের পানিও তারা ব্যবহার করতে পারে না। পৌরসভার ওয়াটার বিভাগের দায়িত্বতর প্রকৌশলী সেলিম সরোয়ার জানান, বিদ্যুৎব্যবস্থার কারণে অনেক সময় চাহিদা মতো পানি সরবরাহ করা যায় না। তাদের চার হাজার গ্রাহকের সংযোগ দেওয়ার সুযোগ থাকলেও বর্তমানে সংযোগ রয়েছে ছয় হাজার ৮০০। পানির চাহিদা মেটাতে হলে আরও ৪০ কিলোমিটার পানির লাইন স্থাপনের পাশাপাশি পাঁচটি উৎপাদক নলকূপ, দুটি ট্রিটমেন্ট প্ল্যান্ট ও পাঁটটি ওভার হেড ট্যাংকি প্রয়োজন। এ ছাড়া প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। বেহাল সড়ক: পৌর এলাকায় সড়ক রয়েছে ১২৬ কিলোমিটার। বর্তমানে শহরের হাতেগোনা কয়েকটি সড়ক চলাচল উপযোগী থাকলেও অধিকাংশ সড়কের করুণ দশা। নাম প্রকাশ না করার শর্তে একজন পৌর কর্মচারী বলেন, অধিকাংশ সড়কের বেহাল দশা। কোনটির বাদ দিয়ে কোনটির কথা বলব। বরাদ্দ না পেলে পৌর তহবিল দিয়ে কোনো রকম জোড়াতালি দেওয়া যায়, নতুন করে সড়ক নির্মাণ কিংবা মেরামতের মতো মেরামত করা অসম্ভব। সাতক্ষীরা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ জানান, ইতিমধ্যে শহর উন্নয়ন প্রজেক্টের (ডিটিআইডিপি) আওতায় এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ছয়টি সড়ক উন্নয়ন, বড় বাজারে একটি টয়লেট নির্মাণ ও রসুলপুর কবরস্থানের প্রাচীর দেওয়ার জন্য কাজ শুরু হয়েছে। পৌরসভার নিজস্ব তহবিল থেকে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে ২ ও ৯ নম্বর ওয়ার্ডের ৩১টি সড়ক সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে। পৌরসভার লস্করপাড়ার বাসিন্দা আবুল বাসার জানান, তাঁদের মহল্লার সব কটি সড়ক চলাচলের অনুপযোগী। পায়ে হেঁটে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস জানান, পৌরসভার পর্যাপ্ত বরাদ্দ নেই। যানজট: গত তত্ত্বাবধায়ক সরকারের সময় শহরের সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য শহরের প্রধান সড়কগুলোর দুই পাশের দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনের তিন থেকে পাঁচ ফুট ভেঙে দেওয়া হয়। কিন্তু সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি সরানো হয়নি। ফলে সড়ক প্রশস্ত হয়নি। এ ছাড়া আট থেকে ১০ হাজার রিকশা-ভ্যান, আড়াই শ ইজিবাইক রয়েছে, যদিও পৌরসভার নিবন্ধনকৃত রিকশা-ভ্যানের সংখ্যা মাত্র সাড়ে চার হাজার। নিবন্ধনকৃত ইজিবাইকের সংখ্যা মাত্র দুটি। এরপর ঢাকাগামী পরিবহন ও মাইক্রোবাস দাঁড়িয়ে থাকে শহরের ওপর। শহরের আকবর কবীর ও নাজিম বিশ্বাস বলেন, যানজট বর্তমানে এমন হয়েছে যে চলাচল করা তো দূরের কথা, বসবাস অনুপযোগী হয়ে পড়ছে সাতক্ষীরা পৌর এলাকা।ড্রেন ও ডাস্টবিন নেই: পৌর এলাকায় ড্রেন রয়েছে ২৬১ কিলোমিটার। এর মধ্যে পাকা ড্রেন ৪৫ দশমিক ৫০ কিলোমিটার ও কাঁচা ড্রেন ২০৫ দশমিক ৫০ কিলোমিটার। অধিকাংশ পাকা ড্রেন এমনভাবে নির্মাণ করা হয়েছে যে একটু বৃষ্টি হলেই ড্রেন দিয়ে পানি নিষ্কাশনের পরিবর্তে প্রাণসায়ের পচা পানি চলে আসে ওপরে। এ ছাড়া এসব ড্রেনের ওপর অধিকাংশ স্থানের কোনো ঢাকনা কিংবা স্ল্যাব দেওয়া নেই। কামালনগর এলাকার বঙ্কিম বিশ্বাস জানান, তাঁর বাড়ির এলাকায় রাস্তার পাশে দীর্ঘদিন খোলা জায়গায় ময়লা ফেলা হয়। ফলে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। পৌর কর্তৃপক্ষকে গত পাঁচ বছর ধরে জানিয়ে কোনো ফল হচ্ছে না।জলাবদ্ধতা: শহরের সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষার তিন মাস শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। শহরের মাখখোলা বিল এলাকার নিত্যানন্দ সরকার জানান, ড্রেনেজ ব্যবস্থা না থানায় সামান্য বৃষ্টি হলেই পানি নিষ্কাশন হতে পারে না। ওই এলাকার কয়েক হাজার পানিবন্দী হয়ে পড়ে।বিনোদনের ব্যবস্থা নেই: পৌরবাসীর বিনোদনের জন্য ছিল শহরের মাঝখানে শহীদ আবদুর রাজ্জাক পার্ক। এ পার্কটি ছিল এক সময় দৃষ্টিনন্দন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পৌরবাসী জানান, এ পার্কের জমিতে নির্মাণ করা হয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, সরকারি পাবলিক লাইব্রেরি, শিল্পকলা একাডেমী ও একটি মসজিদ। ফলে পৌরবাসীর একমাত্র বিনোদনের স্থানটি ধংস পথে। মেয়র বলেন: পৌর মেয়র শেখ আশরাফুল হক বলেন, পৌরসভার করদাতার সংখ্যা প্রায় ১২ হাজার। কর আদায় হওয়ার কথা গত অর্থবছরে এক কোটি ৪১ লাখ টাকা। সেখানে আদায় হয়েছে মাত্র ৬২ লাখ টাকা। পৌরসভার উন্নয়নের জন্য নির্ভর করতে হয় দাতা সংস্থার ওপর। তার পরও পৌরসভার নিজস্ব তহবিল থেকে ৮০ লাখ টাকা ব্যয়ে ৩১টি সড়কের কাজ হাতে নেওয়া হয়েছে। শহর উন্নয়ন প্রজেক্টের (ডিটিআইডিপি) আওতায় এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ছয়টি সড়ক উন্নয়ন, বড় বাজারে একটি টয়লেট নির্মাণ ও রসুলপুর কবরস্থানের প্রাচীর দেওয়ার জন্য কাজ শুরু হয়েছে। নগর উন্নয়নের জন্য আরও ১৩২টি সড়ক চিহ্নিত করা হয়েছে। ময়লা-আবর্জনা মেলার জন্য ৬৫টি ডাস্টবিন তৈরি করা হয়েছে। আরও কয়েকটি করা হবে। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা ও পরিষ্কার করার জন্য প্রতিটি ওয়ার্ডে ভ্যান দেওয়া হয়েছে। বিনোদনের স্থান করার মতো পৌরসভার জায়গা নেই। তিনি আরও বলেন, পৌরসভার পক্ষ থেকে প্রাণসায়ের খাল সংরক্ষণের একাধিকবার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মানুষ সচেতন না হওয়ায় উদ্যোগ ফলপ্রসূ হচ্ছে না। বড় বাজারের কসাইখানাটিও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটির পরিবেশ ভালো করতে পারলে খালে বর্জ্য ফেলার সুযোগ থাকবে না। সড়কের পাশ থেকে বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিতে বিদ্যুৎ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। তারা সরিয়ে নিচ্ছে না। সে কারণে যানজট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।