প্রাণহীন হুমায়ূনকে দেখতে চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘আমি আর প্রাণহীন বন্ধু হুমায়ূন আহমেদকে দেখতে চাই না। এত দিন যেভাবে বন্ধু হুমায়ূনকে আমি দেখে এসেছি, সেভাবেই দেখতে চাই। প্রাণহীন হুমায়ূনকে দেখে আমি আমার কষ্ট বাড়াতে চাই না।’ আজ সোমবার সকালে প্রথম আলো ডটকমকে সুনীল গঙ্গোপাধ্যায় এসব কথা বলেন। সুনীল বলেন, ‘ও এত দিন আমার কাছে যেভাবে বন্ধু হুমায়ূন হিসেবে বেঁচে ছিল, এখনো সেভাবে বেঁচে থাকবে।’ বাংলাদেশের প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছার খবর শোনার পর সুনীল গঙ্গোপাধ্যায় বলেন, ‘হুমায়ুনের মৃত্যুর পর গত কয় দিনে দেখেছি, তাঁর প্রতি লাখো মানুষের ভালোবাসা কীভাবে ছড়িয়ে রয়েছে। তাই আমি আমার স্মৃতিপটে যেভাবে হুমায়ূনকে এত দিন দেখেছি, সেভাবেই দেখতে চাই। প্রাণহীন হুমায়ূনকে দেখতে চাই না।’শোকসভা হুমায়ূন আহমেদের অকালমৃত্যুতে কাল মঙ্গলবার বিকেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের মিলনায়তনে এক শোকসভার আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শংকর ও সমরেশ মজুমদার।