প্রাণিজগতে গরম-ঠান্ডার ব্যাপার-স্যাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, নিশ্চয় খেয়াল করেছেন কুকুর মুখ হাঁ করে জিহ্বা বের করে হাঁপাচ্ছে। মাঝেমধ্যেই পাখির পালক ছড়িয়ে দেওয়ার বিষয়টাও কারও চোখ এড়িয়ে যাওয়ার কথা নয়। ব্যাঙের শীতনিদ্রার কথাও তো অনেকেই জানেন। নায়ক ভিন্ন ভিন্ন, তারপরও কি এই ঘটনাগুলোর মধ্যে কোনো মিল আছে? আছে, সেই মিলটার নামই হলো তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা।তাপ-তাপমাত্রা-জলবায়ুপৃথিবীর সর্বত্র তাপমাত্রা সমান নয়। এন্টার্কটিকা মহাদেশে যেমন হিমশীতল ঠান্ডা, তেমনি মরুভূমি অঞ্চলে দুঃসহ গরম। আবার ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো নির্দিষ্ট এলাকার তাপমাত্রা ও আর্দ্রতায় পরিবর্তন আসে। মরুভূমিতে দিনের বেলায় প্রচণ্ড গরম, রাতে কনকনে শীত। পরিবেশের এই বৈচিত্র্যে টিকে থাকতে প্রাণিজগতের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় তৈরি হয়েছে বিশাল বৈচিত্র্য। প্রতিটি প্রজাতির ক্ষেত্রে শারীরিক তাপমাত্রার একটি নির্দিষ্ট সীমা আছে, যার মধ্যে শরীরের সব জৈবিক ক্রিয়া স্বাভাবিকভাবে সম্পন্ন হতে পারে। যে উপায়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয়, সেটার নামই তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা।শীতল রক্ত-উষ্ণ রক্তকিছু প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের ওপর নির্ভরশীল নয়। পরিবেশের তাপমাত্রা যা-ই হোক না কেন, তাদের বেঁচে থাকার জন্য তাপমাত্রা একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হয়। এসব প্রাণী উষ্ণ রক্তের প্রাণীর নামে পরিচিত। তাপমাত্রা সব সময় একই রকম থাকে বলে এদের সমোষ্ণ প্রাণী বলে। কোষীয় বিপাকের মাধ্যমে শরীরের ভেতর থেকে তাপ উৎপাদন করে বলে এরা এন্ডোথার্ম নামেও পরিচিত। অন্যদিকে শীতল রক্তের প্রাণীদের তাপমাত্রা সরাসরি পরিবেশের ওপর নির্ভরশীল। এদের শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সমান হয়ে থাকে। উষ্ণ থাকার জন্য এরা পরিবেশের বিভিন্ন নিয়ামককে ব্যবহার করে। এদের শরীরের ভেতরে কোষীয় বিপাকের ফলে কোনো তাপ উৎপন্ন হয় না বললেই চলে। এরা এক্টোথার্ম নামে পরিচিত। যেসব প্রাণীর শরীরের তাপমাত্রা পরিবেশভেদে একেক সময় একেক রকম থাকে, তাদের বলে বিষমোষ্ণ। বেশির ভাগ স্থলচর প্রকৃতপক্ষে বিষমোষ্ণ। সব স্তন্যপায়ী ও পাখি সমোষ্ণ; আর সব প্রাণী বিষমোষ্ণ। বিপাক বনাম তাপ: তাপের শারীরতত্ত্ববিষমোষ্ণদের বিপাকক্রিয়ায় যেহেতু কোনো উল্লেখযোগ্য তাপ উৎপন্ন হয় না, তাদের প্রধান সমস্যা হলো কী করে তাপ ধরে রাখা যায়, সেটা নিয়ে। সমোষ্ণদের বিপাকক্রিয়ায় যেহেতু যথেষ্ট পরিমাণ তাপ এমনিতেই উৎপন্ন হয়, তাই তাদের সমস্যাটি মূলত শরীর থেকে তাপ কী করে বের করা যায়, সেটা নিয়ে। সমোষ্ণ এবং বিষমোষ্ণদের বিপাকক্রিয়ার মূল পার্থক্যের কারণ হলো দেহের কোষে থাকা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তিকেন্দ্র। খাবার পুড়িয়ে তাপ উৎপন্ন করার কাজটা এখানেই হয়। সমোষ্ণদের কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা তুলনামূলকভাবে বেশি। সব মিলিয়ে সমোষ্ণদের দেহে বিষমোষ্ণদের তুলনায় চার থেকে আট গুণ বেশি তাপ উৎপন্ন হয়।আয়তন বনাম ক্ষেত্রফল: তাপের জ্যামিতিকোনো প্রাণীর শরীরে যে হারে তাপ উৎপন্ন হয়, তা বিপাকক্রিয়ায় উৎপাদিত শক্তির সমানুপাতিক। আর বিপাকক্রিয়ার পরিমাণ দেহের কোষের সংখ্যার সমানুপাতিক, যা কি না দেহের আয়তনের সমানুপাতিক। প্রাণী শরীর থেকে যে হারে তাপ হারায় তা শরীরের পৃষ্ঠতলের সমানুপাতিক, কারণ প্রাণী তাপ হারাতে পারে কেবল পৃষ্ঠ আর পরিবেশের মধ্যে তাপীয় আদান-প্রদানের ফলে। কোনো ঘন বস্তুর আকার যত বড় হয়, তার আয়তন তত বাড়ে। কিন্তু তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সে অনুপাতে বাড়ে না। যেমন: একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন আটগুণ হয় কিন্তু পৃষ্ঠের ক্ষেত্রফল হয় চার গুণ। ব্যাসার্ধ যদি হয় তিন গুণ, তবে আয়তন হবে ২৭ গুণ, যেখানে পৃষ্ঠের ক্ষেত্রফল হবে মাত্র নয় গুণ। তাই কোনো প্রাণীর আয়তন যত বেশি হবে, তার শরীরে তাপ তত বেশি উৎপন্ন হবে কিন্তু সে অনুপাতে ক্ষেত্রফল কম হওয়ায় প্রাণীটি পরিবেশে তাপ ছাড়বে কম। তাই প্রাণীর আকার যত ছোট হয়, তাপ ধরে রাখা তার জন্য তত কঠিন। আর বড় প্রাণীর পক্ষে তাপ ত্যাগ করা কঠিন।বিসমোষ্ণ প্রাণীরাটিকটিকি এবং সাপ সকালে রোদ পোহায়, দুপুরে ছায়ায় আশ্রয় নেয় এবং সন্ধ্যায় অস্তগামী সূর্যের নিস্তেজ আলোয় আবার বেরিয়ে আসে। মৌমাছিসহ অনেক পোকামাকড় না উড়েও কখনো কখনো প্রচণ্ডভাবে পাখা ঝাপটায়। এতে তাদের পাখার সঙ্গে যুক্ত পেশিতে তাপ উৎপন্ন হয় এবং বাতাসে মৌচাক শীতল হয়। আবার শীতে মৌমাছিরা মৌচাকের মধ্যে একজায়গায় জড়ো হয়ে কাঁপতে থাকে। তখন সম্মিলিত কাঁপুনিতে যে তাপ উৎপন্ন হয়, তা চাকের তাপমাত্রা বাড়ায়। কিছু পোকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময় কম্পাসের মতো উত্তর-দক্ষিণমুখী হয়ে থাকে। এতে করে সকাল ও সন্ধ্যায় সূর্যালোক তীর্যকভাবে পড়ায় তারা যথেষ্ট তাপ পায় কিন্তু দুপুরে লম্বভাবে পড়ে বলে তাপ সহজে হারায় না। সমোষ্ণ প্রাণীরাগরমে এরা অধিক উষ্ণতা থেকে বাঁচতে শরীরের বিপাকের হার কমিয়ে ফেলে, বেশি অলস থাকে। এ অবস্থায় ঘুম একটি উল্লেখযোগ্য পন্থা। অনেক প্রাণী এ সময় আবার মুখ হাঁ করে দেয় (জলহস্তী) অথবা জিহ্বা বের করে দেয় (কুকুর)। পাখিরাও একইভাবে ঠোঁট ফাঁক করে হাঁপায়। ফলে শরীরের অতিরিক্ত তাপ পরিবেশে চলে যায়। তা ছাড়া পাখিরা তাদের পাখা ও পালক এমনভাবে মেলে ধরে, যাতে তাদের শরীরের অধিক পরিমাণ পৃষ্ঠ বাতাসের সরাসরি সংস্পর্শে আসতে পারে। অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীর দেহে ঘামগ্রন্থি থাকে। তাপমাত্রা ও আর্দ্রতা বাড়লে ঘাম হয় এবং দেহ শীতল থাকে। পাখিরা সমোষ্ণ হলেও তারা ঘামে না। তাপ ধরেও রাখতে হয়পানিতে যেসব প্রাণী বাস করে, তাদের জন্য কিন্তু ঠান্ডা থাকার চেয়ে উষ্ণ থাকাটাই চ্যালেঞ্জিং। কারণ, সাগরের যত নিচে যাওয়া যায়, তাপমাত্রা ততই কমতে থাকে। পানির আপেক্ষিক তাপ বা তাপ পরিবহন ক্ষমতা অনেক বেশি। ফলে সমোষ্ণ প্রাণীরা সাগরে, বাতাসের চেয়ে ২৫ গুণ দ্রুত তাপ নির্গত করে। তাই উষ্ণ থাকার জন্য জলজ প্রাণীদের বিশেষ ব্যবস্থা নিতে হয়। যেমন: ছোট তিমি, সি-লায়ন, ডলফিন, সিল ইত্যাদি প্রাণীর দেহে চামড়ার পরেই মোটা চর্বির স্তর থাকে। ফলে তাপ সহজে বের হতে পারে না। যেসব প্রাণী নিম্ন তাপমাত্রার এলাকায় বাস করে, তাদের দেহের পানি জমে যাওয়ার আশঙ্কা থাকে। সাগরের বেশ কিছু মাছ ও প্রাণীর শরীরে শৈত্যরোধী জাতীয় পদার্থ থাকে। যার ফলে তাদের দেহে পানি জমাট বাঁধে না বা বরফে পরিণত হয় না। পাখির তাপ ধরে রাখাপাখিদের ক্ষেত্রে মাঝেমধ্যে দেখা যায় যে তারা পালক ছড়িয়ে দেয়। তাদের শরীরে এক ধরনের গ্রন্থি থাকে, যা পালকের লুব্রিকেশনের কাজ করে। এ কারণে পাখির পালক একটু তুলতুলে এবং শরীর থেকে তাপ বের হওয়া নিয়ন্ত্রণ করে।আমরা যেভাবে তাপ ধরে রাখিমানুষের ক্ষেত্রে চামড়ার ঠিক নিচে চর্বির একটি স্তর শরীরে তাপ ধরে রাখার এক রকমের অন্তরক হিসেবে কাজ করে। তা ছাড়া শীতে লোম দাঁড়িয়ে যাওয়াটাও তাপ ধরে রাখার একটি পদ্ধতি। এতে লোমগুলোর মধ্যে বাতাসের একটি স্তর আটকা পড়ে। আমরা সোয়েটার পরলে একইভাবে উলের বুনটের মধ্যে বাতাস আটকে গিয়ে আমাদের উষ্ণ রাখে। শীতে কাঁপুনি আসলে মাংসপেশিগুলোর দ্রুত ও অনিয়মিত সংকোচন-প্রসারণ। এর ফলে মাংসপেশিতে বিপাক-হার বেড়ে যায় এবং বেশি তাপ উৎপন্ন হয়। গরমে যেমন চামড়ার ঠিক নিচে রক্ত চলাচল বেড়ে যায়, তেমনি ঠান্ডায় এর উল্টোটা ঘটে। ফলে শরীর থেকে তাপক্ষয় হ্রাস পায়।শীতনিদ্রাখুব কম তাপমাত্রায় অনেক সময় বিষমোষ্ণদের বিপাক ক্রিয়ার হার এতই কমে যায় যে তারা এক রকম জীবন্মৃত অবস্থায় চলে যায়। এটাই তাদের শীতনিদ্রা। সমোষ্ণদের মধ্যে সাধারণত ইঁদুরজাতীয় প্রাণী ও ছোট পাখিতে শীতনিদ্রা দেখা যায়। প্রয়োজনীয় তাপ উৎপাদনের জন্য বিপাকক্রিয়ার হার উচ্চমাত্রায় রাখার জন্য যে হারে খাওয়াদাওয়া করা উচিত, সেটা তাদের পক্ষে কুলিয়ে ওঠা সম্ভব হয় না। এ অবস্থায় তারা শরীরের অন্য সব কাজ বন্ধ করে বিপাকক্রিয়ায় উৎপন্ন সমস্ত শক্তি ব্যয় করে তাপশক্তি উৎপাদনে এবং জীবনরক্ষাকারী ব্যবস্থাগুলো কোনো রকমে চালিয়ে রাখতে। ছোট আকারের যেসব সমোষ্ণ প্রাণীতে শীতনিদ্রার বৈশিষ্ট্যটি উদ্ভূত হয়েছে, তারাই টিকে আছে, বাকিরা বিলুপ্ত হয়ে গেছে। কারও পৌষ মাস কারও সর্বনাশবিষমোষ্ণদের বিপাকক্রিয়ার হার খুব কম। তাই তাদের আয়তন যা-ই হোক, তাপ উৎপাদনের পক্ষে তা খুব একটা পার্থক্য তৈরি করে না। এ জন্য তাপ নিয়ন্ত্রণের বেলায় তাদের ক্ষেত্রফলটাই জরুরি, আয়তন নিয়ে মাথা না ঘামালেও চলে। বিভিন্ন তাপমাত্রায় টিকে থাকার দিক দিয়ে বিষমোষ্ণরা যেমন সুবিধা পায়, তেমনি বিপাকক্রিয়ার হার কম হওয়ায় তারা অসুবিধায়ও পড়ে। তারা সমোষ্ণদের মতো একটানা পরিশ্রম করতে পারে না। লক্ষ করলে দেখবেন, টিকটিকি একটানা অল্পসময় ছুটে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে যায়। তারপর আবার একটু ছোটে এবং আবার দাঁড়ায়। এই সীমাবদ্ধতার কারণে বিষমোষ্ণরা এমন অনেক কাজ করতে পারে না, যা সমোষ্ণরা সহজেই পারে। যেমন: শিকারের পেছনে অনেকক্ষণ ধরে ছোটা বা শিকারির কাছ থেকে অনেকক্ষণ ধরে পালানো। কম তাপমাত্রায় এনজাইমের কাজ তথা বিক্রিয়ার হার কমে যায় বলে বিষমোষ্ণদের কাজকর্মের গতিও কমে যায়। যেমন: শীতকালে মশা দ্রুত উড়তে পারে না। আবার বিপাক কম বলে বিষমোষ্ণদের খাদ্যের চাহিদা একই আকারের একটি সমোষ্ণদের তুলনায় অর্ধেক থেকে এক-দশমাংশ।বিবর্তনের পথ ধরেবিষমোষ্ণদের যেগুলো অসুবিধা, সমোষ্ণদের সেগুলোই সুবিধা। আবার, সমোষ্ণদের যেগুলো অসুবিধা, বিষমোষ্ণদের সেগুলোই সুবিধা। বিষমোষ্ণ থেকে বিবর্তনের মাধ্যমে সমোষ্ণদের উদ্ভব হওয়ার সময় এমনটাই ঘটেছে। সমোষ্ণদের উদ্ভব বিবর্তনের ধারায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এটি ছাড়া পাখি ও স্তন্যপায়ীদের উদ্ভব ঘটা সম্ভব হতো না। তাপ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন প্রাণী যেসব বিচিত্র আচরণ করে তা আপাতদৃষ্টিতে বেশ বুদ্ধিদীপ্ত মনে হলেও এগুলো সবই আসলে প্রাকৃতিক নির্বাচনের মতো একটি অন্ধ প্রক্রিয়ার মাধ্যমে বিবর্তনের ফল।