প্রাণে প্রাণে বিজয়ের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজও পূর্ব দিগন্ত রাঙিয়ে সূর্য উঠেছে। তবে বাঙালির জীবনে আজকের সূর্যোদয় অন্য সব দিনের মতো নয়। শীতের এ দিনটি ৩৯ বছর আগের দিনকে মনে করিয়ে দিচ্ছে। প্রাণে প্রাণে জাগিয়েছে আনন্দের উল্লাস। কারণ, আজ ১৬ ডিসেম্বর, বাঙালির বিজয়ের দিন। চিরগৌরবের দিন।ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের সময় ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে গঠিত পাকিস্তান নামের দেশটির দুই অংশের মধ্যে দূরত্ব ছিল প্রায় দেড় হাজার মাইল। পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভৌগোলিক সংযোগ যেমন ছিল না, তেমনি ছিল না সাংস্কৃতিক ঐক্যও। শুধু ধর্মের ওপর ভিত্তি করে এমন একটি রাষ্ট্র যে টিকতে পারে না, তা প্রমাণিত হয়েছিল ২৪ বছরের মধ্যেই। প্রমাণিত হয়েছিল বাঙালি তার স্বাধিকার, স্বাধীনতার জন্য প্রস্তুত যেকোনো আত্মত্যাগে।পাকিস্তানিদের দুরভিসন্ধি, তাদের স্বরূপ দ্রুতই উন্মোচিত হয়েছিল বাঙালির কাছে। প্রথম আঘাত হেনেছিল তারা আমাদের মাতৃভাষার ওপর। সেই থেকে আত্মানুসন্ধানে উদ্দীপ্ত বাঙালির নিজেদের অধিকার বুঝে নেওয়ার সংগ্রাম শুরু। ভাষা আন্দোলন থেকে স্বাধিকার ও স্বাধীনতার দীর্ঘ সংগ্রামে বারবার দেশের মাটি রক্তে ভিজিয়ে দিয়েছেন বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণে ঘোষণা করেছিলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।’ জাতিকে এই মুক্তির সংগ্রামে অংশ নিতে নির্দেশ দিয়ে তিনি যার কাছে যা আছে তা-ই নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন। এরপর এল ২৫ মার্চের কালরাত এবং নয় মাসের মহান মুক্তিযুদ্ধ। পাকিস্তানি হানাদারদের পাশাপাশি তাদের এদেশীয় দোসর—শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীও নিষ্ঠুরভাবে হামলে পড়েছিল বাঙালির ওপর। বীর বাঙালি অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ওই বছরের ১৬ ডিসেম্বর ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। ওই রেসকোর্স ময়দানেই পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে সেদিন পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের।বিজয়ের আনন্দের এই দিনে বাঙালি আজ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু, জাতীয় নেতাদের, স্বাধীনতাযুদ্ধের শহীদদের, বীর মুক্তিযোদ্ধাদের, সম্ভ্রম হারানো মা-বোনদের। লাল-সবুজ পতাকা আন্দোলিত হবে সারা বাংলায়, থাকবে অগণিত আবালবৃদ্ধবণিতার হাতে।মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া দ্রুততর করার দাবির মধ্য দিয়েই আজ জাতি পালন করছে বিজয়ের উৎসব। আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ এবং বেতার ও সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। শহীদদের আত্মার শান্তি, দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মসজিদ, মন্দির, গির্জাসহ উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা করা হবে। হাসপাতাল, কারাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং রাতে আলোকসজ্জা করা হবে। র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিজয় দিবসের অনুষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে র্যাবের প্রায় সাড়ে পাঁচ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় মোতায়েন করা হয়েছে দুই হাজার সদস্য।বাণী: বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা দেশবাসী, প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার চিরশান্তি কামনা করেছেন।মিত্রবাহিনীর ৩২ সদস্য ঢাকায়: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মিত্রবাহিনীর ৩২ সদস্যের একটি দল পাঁচ দিনের সফরে গতকাল বুধবার ঢাকায় এসেছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত চিফ এয়ার মার্শাল স্বরূপ কৃষাণ কাউল। দলটি আজ সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় দিবসের কুচকাওয়াজ পরিদর্শন করবে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মসূচি ও অনুষ্ঠানে অংশ নেবে।কর্মসূচি: বরাবরের মতো এবারও নানা কর্মসূচিতে ঢাকাসহ সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদ্যাপিত হচ্ছে দিনটি। ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে। তেজগাঁও পুরোনো বিমানবন্দর এলাকায় সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালার সূচনা হবে। সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ। রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তেজগাঁও পুরোনো বিমানবন্দরে জাতীয় কুচকাওয়াজের ময়দানে কুচকাওয়াজ। রাষ্ট্রপতি কুচকাওয়াজের সালাম গ্রহণ করবেন। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শোভাযাত্রা, আলোচনা, মিলাদ মাহফিল, বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।