প্রাণে প্রাণে বৈশাখের তান (ভিডিও)
চিরায়ত ঐতিহ্যের ধারা বজায় রেখে বর্ণিল আয়োজনে গতকাল শনিবার নতুন বছরকে বরণ করে নিয়েছে বাংলাদেশের মানুষ। বৈশাখকে বরণ করতে কয়েক দিন ধরেই চলছিল নানা আয়োজন। আর এই আয়োজনের কেন্দ্রবিন্দু ছিল রমনার বটমূল। ১৯৬৭ সাল থেকে প্রতিবছর সেখানে বসে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে ভোর ছয়টায় সেখানে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান।মূল অনুষ্ঠান শুরু হওয়ার পর ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, শাহ আবদুল করিম, লালন শাহসহ আরও অনেকের গান পরিবেশন করেন। সবার সম্মিলিত গানে যেন জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে সকাল নয়টায় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়। বাঙালির প্রাণের উত্সব বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। সকাল সোয়া নয়টার দিকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রার শুরুর দিকে ছিল ৪০ ফুট দীর্ঘ সাম্পান। সম্প্রতি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রজয়কে উদ্যাপন করতেই সাম্পান চলে আসে এই শোভাযাত্রায়।
এই আনন্দের পাশাপাশি মানুষ স্মরণ করেছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে নির্যাতন-নিপীড়নের কথা। স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিচারের দাবিতেও সোচ্চার হয়েছে মঙ্গল শোভাযাত্রায় শামিল হওয়া মানুষ। সেই ঘাতকদের তুলে ধরা হয়েছে ভয়ংকর চেহারার দানব আকৃতিটি দিয়ে।মঙ্গল শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে রূপসী বাংলা হোটেলের সামনে দিয়ে ঘুরে শাহবাগ মোড় পর্যন্ত এসে শেষ হয়। শোভাযাত্রায় ছিল হাতি, ঘোড়া, বাঘ, ময়ূর ও পাখির প্রতিকৃতি এবং নানা রঙের মুখোশ।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র-সরোবরসহ রাজধানী জুড়ে নামে মানুষের ঢল। ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈশাখ বরণে সবাই নেমেছিল পথে। গতকাল দেশজুড়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে হয়েছে নানা অনুষ্ঠান, মেলা ও প্রদর্শনী। উত্সবের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বত্র ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বর্ষবরণ উপলক্ষ্যে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে আঁঁকা হয় বিশ্বের দীর্ঘতম আলপনা। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ও প্রথম আলোর উদ্যোগে দেশের বরেণ্য শিল্পীরা নবীন আঁকিয়েদের নিয়ে এই অঙ্কন কর্মযজ্ঞে অংশ নেন।বৈশাখের তানে জেগে উঠেছিল বাঙালি। মনের রং ফুটে উঠেছিল পোশাকে। রঙিন সাজে সেজেছিল সবাই। চারদিকে ছিল ঢোল, তবলা, বাঁশি আর নানান বাদ্যের ঝংকার। রাজধানীসহ পুরো বাংলাদেশের চিত্রই ছিল এমন।