প্রাণে প্রাণে ভাষার প্রতি ভালোবাসা
মধ্যরাত থেকেই শুরু হয়েছিল যাত্রা। অব্যাহত থাকল পরের মধ্যদিন অবধি। হাতে ফাগুনে ফোটা রঙিন ফুলের স্তবক। কণ্ঠে বিষাদমাখা চিরচেনা গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’।পেরিয়ে গেল মায়ের ভাষার মান রাখতে ভাইয়ের বুকের রক্তে রাজপথ ভেজানোর ৬০ বছর। সেদিন যাঁরা রাজপথে সঙ্গী ছিলেন সালাম, বরকত, রফিক, সফিক, জব্বারের, তাঁদেরও অনেকেই জীবনের চিরন্তন পরিণতি মেনে চিরবিদায় নিয়ে চলে গেছেন। অন্যরা বয়োবৃদ্ধ। কিন্তু তাঁদের সেই আত্মত্যাগ, সেই বীরত্বের কথা ভোলেনি কৃতজ্ঞ নতুন প্রজন্ম। গতকাল মঙ্গলবার অমর একুশে ফেব্রুয়ারিতে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষ ফুল নিয়ে গেছে শহীদ মিনারে। জাতির আত্মপরিচয়ের চেতনার প্রতীকে পরিণত হওয়া শহীদ মিনার ছিল সবার প্রধান গন্তব্য। ভাষার শুদ্ধতা রক্ষার দৃঢ়প্রত্যয়, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা ঘোষণা আর যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার জোরালো দাবি একুশের ছয় দশক পূর্তির এবারের আয়োজনে দিয়েছিল বিশেষ মাত্রা। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাঙালির আত্মদানের দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস। বাঙালির অহংকারের দিন। জাগরণের দিন। তবে এই অর্জন এখন শুধু বাংলাদেশেরই নয়, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হয় সারা বিশ্বে। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।অমর একুশের ৬০ বছর ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গতকাল সারা দেশ ছিল উদ্বেলিত। একুশের ছয় দশক পূর্তি এবার বিশেষ মাত্রা যোগ করেছিল সমগ্র আয়োজনে। জাতি অপার শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে মৃত্যুঞ্জয়ী ভাষাশহীদদের এবং গৌরবোজ্জ্বল সেই দিনকে। গতকাল জাতীয় পতাকা ছিল অর্ধনমিত। পাশে তোলা হয় কালো পতাকা।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর একুশে ফেব্রুয়ারি পালনে এ দেশেও এসেছে নতুন ব্যঞ্জনা। তাই শোক ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি ছিল উৎসবের আমেজ।ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মধ্যরাত থেকে হাজার হাজার মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের এলাকা পরিণত হয় লোকারণ্যে। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহংকারের মিনার। সব বয়স আর শ্রেণীপেশার মানুষের পদচারণে দিনভর মুখরিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোতও বাড়ছিল। শুধু ঢাকা নয় সারা দেশের মানুষ গতকাল শ্রদ্ধা-ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণ করেছে। আজিমপুর কবরস্থানে শহীদদের কবরও জিয়ারত করেছেন অনেকে।একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাত ১২টা ২৫ মিনিটে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ডেপুটি স্পিকার শওকত আলী পুষ্পার্ঘ্য অর্পণ করেন। রাত একটার দিকে সর্বস্তরের মানুষের ঢল নামে শ্রদ্ধা নিবেদনের জন্য।সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে অনেককেই বইমেলায় যেতে দেখা গেছে। কাল বইমেলার দরজা উন্মুক্ত হয়েছে সকাল আটটায়। ফলে সকাল থেকে মেলায় ছিল ব্যাপক ভিড়। অনেকেই সোহরাওয়ার্দী উদ্যানে নাগরদোলায় চড়েছে।ফুলে ফুলে ছেয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনার: সোমবার রাত ১১টার পর থেকেই শাহবাগ, আজিমপুর, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে প্রতিটি প্রবেশপথেই ছিল মিছিলের সারি। শহীদদের রক্তে রঞ্জিত হয়ে যেন পুব আকাশে উঁকি দেয় ভোরের লাল সূর্য। আর সেই আলোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের সমাবেশ। একের পর এক আসতে থাকে মিছিল। শহীদ মিনারের আশপাশের এলাকায় মাইকে বাজানো হচ্ছিল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’, ‘সালাম সালাম হাজার সালাম’-এর মতো ভাষার গানগুলো। হূদয় আকুল করা গানগুলোর সঙ্গে কণ্ঠ মিলিয়েছে শহীদ মিনারে আসা হাজারো মানুষ। জনস্রোত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়িয়ে উপচে পড়ে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে রমনা উদ্যান পর্যন্ত। রাস্তার পাশে ছোট ছোট দোকানে এবং হাতে করে ফেরিওয়ালারা বিক্রি করেছেন ছোট ছোট পতাকা, একুশের বাণী লেখা মাথায় বাঁধার ফিতা, শহীদদের ছবিসহ পোস্টকার্ড।পোশাকে, রঙে, আঁকায় একুশের চেতনা: শহীদ মিনারে আসা নগরবাসীর পোশাকেও ছিল একুশের চেতনার ছাপ। পোশাকে সাদা আর কালো রঙের ব্যবহার বেশি। তাতে খচিত ছিল বর্ণমালা, কবিতার চরণ বা গানের কলি। আবার লাল-সবুজের বাংলাদেশকে ধারণ করতে দেখা গেছে কারও কারও পোশাকে।শিশুর গালে, কপালে আঁকা ছিল শহীদ মিনার কিংবা জাতীয় পতাকার ছবি। বড়রাও অনেকে এসব নকশায় চিত্রিত করেছেন কপাল-কপোল-বাহু। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে, সোহরাওয়ার্দী উদ্যানে এবং জাতীয় জাদুঘরের সামনে হাতে তুলি আর রং নিয়ে মজুদ ছিলেন আঁকিয়েরা। তাঁরা ব্যতিব্যস্ত ছিলেন এসব চিত্রকর্মে।শহীদ মিনার থেকে বইমেলা, সেখান থেকে নানা অনুষ্ঠান আয়োজন আর আড্ডায় কেটেছে একুশের দিনটি।