প্রাণে বাঁচল কমলাবউ
পাখিটি বেশ আহত। আঘাত পেয়েছিল পায়ে ও পিঠে। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রামের এক কিশোর কমলা-ধূসর পাখিটি ধরে ফেলেছিল।ঘটনাটি গত ২৬ এপ্রিলের। বিশ্ববিদ্যালয়ে আসছি। এমন সময় আমার পাখি দেখার সঙ্গী কামাল ফোনে পাখিটির কথা জানায়। ওর পাশের বাড়ির এক কিশোর পাখিটি ধরে তার কাছে জানতে চায়, এর মাংস হালাল কি না। কামাল তাকে জানায়, পাখি এভাবে ধরা ও পোষা উচিত নয়। আইনত দণ্ডনীয়ও। আর খাওয়া তো মস্ত অপরাধ। তা ছাড়া এরা বিরল পাখি। ক্ষতিকারক পোকামাকড় খেয়ে একদিকে যেমন উপকার করে, তেমনি পরিবেশের ভারসাম্যও রক্ষা করে। এসব কথায় কাজ হলো। আহত পাখিটিকে সে ক্যাম্পাসে এনে রেখেছে বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্রের খাঁচায়। ওর চিকিৎসার প্রয়োজন।পাখিটি একনজর দেখেই চেনা গেল। প্রায় ১৬ বছর আগে পক্ষীবিদ শরীফ খানের গ্রামের বাড়ি ফকিরহাটে প্রথম দেখেছিলাম। পরীক্ষা করে দেখলাম, ওর দুই হাঁটু ও পিঠে রক্তের ছোপ। পালক উসকো-খুসকো এবং ডান চোখে আঘাতের চিহ্ন। শান্ত, নিরীহ এক পাখি। ভাসা ভাসা মায়াবী চোখের চাহনিতে কষ্টের ছাপ। বেশ মায়া লাগল। ক্ষতগুলো আলতোভাবে পরিষ্কার করে তাতে অ্যান্টিসেপ্টিক লাগালাম। কিছুক্ষণ বিশ্রাম দিয়ে অনুষদের পেছনের ঝোপমতো জায়গাটায় ছেড়ে দেওয়া হলো। পরিবেশ ওর জন্য উপযুক্ত। ছেড়ে দেওয়ার পরও ঘণ্টা খানেক কাছাকাছিই থাকে। পর্যবেক্ষণ করে দেখা গেল, পরিবেশের সঙ্গে নিজেকে কিছুটা মানিয়ে নিয়েছে। আশা করি, এ যাত্রায় টিকে যাবে। এতক্ষণ যার কথা বললাম সে ‘কমলা-মাথা থ্রাস’ (Orange-headed Thrush)। এ দেশে ‘কমলা দামা’, ‘কমলাফুলি’ বা ‘কমলা দোয়েল’ নামেও পরিচিত। ফকিরহাটে ‘মেটে দোয়েল’ বা ‘কমলাবউ’ বলে। কমলাবউ নামটা আমার বেশ পছন্দ। বৈজ্ঞানিক নাম Zoothera citrina।কমলাবউ দোয়েল আকারের পাখি। লম্বায় ২১ থেকে ২২ সেন্টিমিটার। ওজন ৬০ গ্রাম। পুরুষ পাখির মাথার চাঁদি, ঘাড় ও বুকের রং গাঢ় কমলা। তাতে আছে হালকা হলুদের ছোঁয়া ও লালচে আভা। পেট ও লেজের নিচটা সাদা। পিঠ ও লেজের ওপরটা নীলচে-ধূসর। ডানার প্রান্তে রয়েছে কয়েকটি সাদা দাগ। স্ত্রীটি দেখতে পুরুষটির মতোই, তবে বুকের রং একটু ফিকে এবং পিঠ ও লেজ ছাইরঙা। স্ত্রী-পুরুষনির্বিশেষে ঠোঁট কালচে; পা ও আঙুল হালকা গোলাপি। মায়াবী চোখের মণি পিঙ্গল। বাচ্চাগুলোর রং গাঢ় ধূসর, তার ওপর কমলা ছোপ। এরা বেশ লাজুক। মানুষের চোখের আড়ালে গ্রামীণ ঝোপ-জঙ্গল, বন-বাগান বা বাঁশঝাড়ের স্যাঁতসেঁতে নির্জন পরিবেশে থাকতে পছন্দ করে। প্রজননের সময় ছাড়া সাধারণত একাকী জোড়পায়ে ছোট ছোট লাফ দিয়ে ঘুরে বেড়ায়। মাটিতে পড়ে থাকা পাতা উল্টে পোকামাকড়, কেঁচো ইত্যাদি খায়। ফলও খেতে পারে। ‘চিরি-চিরি-রিরি...ঝিরি বা কিরি-কিরি...কিরি-কিরি’ স্বরে ডাকে। এপ্রিল থেকে জুন প্রজননকাল। এক থেকে পাঁচ মিটার উঁচু কোনো গাছের ঘন পাতাওয়ালা দুই ডালের ফাঁকে শুকনা পাতা, মস, ঘাস, সরু শিকড় ও মাটি দিয়ে চায়ের পেয়ালার মতো বেশ মজবুত বাসা বানায়। স্ত্রী কমলাবউ তিন-চারটি গোলাপি ডিম পাড়ে। তাতে থাকে নীলচে ও ফিকে আভা। আর সামান্য ছিট-ছোপ। ডিম ফোটে ১৪ দিনে। বাচ্চারা উড়তে শেখে ১০ দিনে।