প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত মানুষ! এত অনুষ্ঠান! এত হইচই! এত যানজট! এত রোদ! এত, এত, এত!!! সবার মুখে এক কথা—এত বড় উৎসব বাঙালির জীবনে আর নেই। এবার যে স্বতঃস্ফূর্ত উৎসাহ-উদ্দীপনা নিয়ে যত মানুষ শামিল হয়েছিল বৈশাখী উৎসবে, আগে তেমন হয়নি।পয়লা বৈশাখ যেন পরিণত হয়েছিল ধর্ম-বর্ণনির্বিশেষে বাঙালি জাতির জন্মদিনে। হাজার বছরের আপন সংস্কৃতির গৌরব বুকে ধারণ করে ঐতিহ্যের অনুগামী হয়ে সারা দেশের মানুষ গত শনিবার বরণ করে নিয়েছে নতুন বছরকে।রাজধানী ঢাকায় যে জনস্রোত শুরু হয়েছিল ভোরের আলো ফোটার পরপরই, তার প্রবাহ অব্যাহত ছিল রাত ১১টা ছাড়িয়ে যাওয়ার পরেও। চিরাচরিত রীতি অনুসারে রমনার বটমূলে ছায়ানটের প্রভাতি সংগীতানুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এই প্রাণের উৎসব। তারপর নানা অনুষ্ঠানে পুরোনো বছরের ব্যর্থতা ও গ্লানি মুছে, কল্যাণ ও সমৃদ্ধির প্রত্যাশায় বাঙালি স্বাগত জানায় ১৪১৯ বঙ্গাব্দকে।ভোর সোয়া ছয়টায় রমনার বটমূলে শুরু হয় ছায়ানটের অনুষ্ঠান। বৈশাখ বরণের আজকের যে সাড়ম্বর আয়োজন, ছায়ানটই এ দেশে তার সূত্রপাত করেছিল গত শতকের ষাটের দশকে। কালের প্রবাহে সেই ছোট্ট অনুষ্ঠানটিই মহীরুহের মতো বিপুল শাখা-পল্লব মেলে বিস্তৃত হয়েছে সারা দেশে। সংস্কৃতি থেকে অর্থনীতি—বিচিত্র বিষয়ের সংযুক্তিতে বহুমাত্রিক হয়ে এই উদ্দীপ্ত আয়োজন পরিগণিত হয়েছে বাঙালির প্রধান উৎসবে।ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন সমবেত শ্রোতাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্মকে অবলম্বন করে যারা সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তাদের প্রতিহত করতে হবে। এর পরই সবার অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের অনুষ্ঠান।প্রতিবারের মতো এবারও সকালে চারুকলা থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এবার শোভাযাত্রার মূল ভাবনা ছিল ‘সমুদ্র বিজয়’। শোভাযাত্রাটি টিএসসি চত্বর হয়ে আবার চারুকলায় ফিরে যায়। এতে যোগ দেন বিপুল সংখ্যক মানুষ।এবারের উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছিল এয়ারটেল ও প্রথম আলো আয়োজিত ‘আঁকব আমরা দেখবে বিশ্ব’ শীর্ষক আলপনা। চৈত্রসংক্রান্তির রাতে নববর্ষকে স্বাগত জানিয়ে মানিক মিয়া এভিনিউয়ে সারা রাত ধরে চলে বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকার এই কর্মযজ্ঞ।এ ছাড়া শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিল চ্যানেল আই-সুরের ধারার আয়োজন ও বনানী মাঠে বেঙ্গল ফাউন্ডেশনের বর্ষবরণের অনুষ্ঠান।রমনায় প্রবেশের লাইন: নিরাপত্তাব্যবস্থায়ও ছিল কড়াকড়ি। রমনা উদ্যানের প্রবেশপথগুলোতে বসানো হয়েছিল আর্চওয়ে। ছায়ানটের প্রভাতি অনুষ্ঠানের পরও বিভিন্ন সংগঠন ছোট ছোট মঞ্চ করে রমনায় অনুষ্ঠান করে। উদ্যানে প্রবেশের জন্য প্রতিটি গেটে পড়ে দীর্ঘ লাইন। এমন দৃশ্য আগে দেখা যায়নি। প্রখর রোদ মাথায় নিয়ে রমনা উদ্যানে প্রবেশের জন্য গেটগুলোর সামনে সারিবদ্ধ ছিল মানুষ আর মানুষ।উৎসবের মূল কেন্দ্র রমনা-শাহবাগ-ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাংলামোটর, কাকরাইল, পুরানা পল্টন মোড়, গ্রন্থভবন চত্বর, চানখাঁরপুল, পলাশী ও নীলক্ষেত মোড়ের পথে প্রতিবন্ধক সৃষ্টি করে কড়া পাহারা দিয়েছে নিরাপত্তারক্ষীরা। ফলে প্রখর রোদ মাথায় নিয়ে ঘর্মাক্ত কলেবরে নির্বিঘ্নে ঘুরেফিরে বেড়াতে পেরেছেন উৎসবে মাতোয়ারা নর-নারী। অনেকের মুখে ছিল ভুভুজেলা বাঁশি। সেই বাঁশির তারস্বরের আওয়াজে সরগরম রাজপথ।বাঙালি সজ্জা: রাজধানী ঢাকায় ভোর থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল। তপ্ত দিনে প্রশান্তির সাদা আর উৎসবের লাল—দুয়ে মিলে লাল-সাদা বৈশাখী রং। মেয়েরা পরেছেন শাড়ি ও সালোয়ার-কামিজ, পায়ে আলতা, হাতে মেহেদি, খোঁপায় তাজা ফুলের মালা। পুরুষের পরনে নকশা পাঞ্জাবি, ফতুয়া, অনেকের পরনে ধুতি-পাঞ্জাবি। বাড়ি থেকে তো সাজগোজ করেই এসেছিলেন সবাই, ঘাটতি যা ছিল তা পূরণ করে দিয়েছেন পথে পথে রং-তুলি নিয়ে হাজির থাকা আঁকিয়েরা। ‘স্বাগত ১৪১৯’, বা ‘শুভ নববর্ষ’ লিখে দিয়েছেন তাঁরা চিবুকে, বাহুতে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীরা অকাতরে বিলিয়েছেন মাথার শোভা বাড়ানোর জন্য কাগজের মুকুট, টুপি, ব্যান্ড ইত্যাদি। গরমের জ্বালা থেকে একটু স্বস্তি পেতে দিয়েছেন কাগজের বিকল্প হাতপাখা।মেলা: প্রেসক্লাবের সামনে থেকে দোয়েল চত্বর হয়ে শহীদ মিনার-শাহবাগ ঘুরে আবার কদম ফোয়ারা পর্যন্ত পুরো পথজুড়ে ছিল রকমারি পণ্যের পসরা। ঢোল, ডুগডুগি, একতারা, পাখা, শোলার ফুল-পাখি, নলখাগড়ার বাঁশি থেকে রঙিন কাচের চুড়ি, কাঁচা আম, জুতা-স্যান্ডেল, বাঁশের জুরি-কুলা-চালুনি, দা-বঁটি-খন্তা, সিরামিকের পেয়ালা-পাত্র, নকশা করা হাতব্যাগ, খাজা-গজা-কদমা অবধি—এক কথায়, হেন কোনো দ্রব্য নেই, যা ছিল না এই বিপুল পসরায়।প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পথে নামা নাগরিকেরা আইসক্রিম ভ্যান ও পথের মোড়ে মোড়ে আখের রস বিক্রেতা, রিকশাভ্যানে বোঝাই ডাব বিক্রেতার কাছে এসে হাত বাড়িয়েছে ঘন ঘন। এ ছাড়া পয়লা বৈশাখের ইলিশ-পান্তা ও নানা ধরনের পিঠাপুলিরও আয়োজন ছিল রমনা উদ্যান, শিশু একাডেমীর মাঠে, বরীন্দ্রসরোবর মঞ্চের পাশের খাবার দোকানগুলোতে বৈশাখী মেলা ও অস্থায়ী দোকানপাটে। নানা আয়োজন: এবার নগরে পয়লা বৈশাখের প্রধান অনুষ্ঠানগুলো ছাড়াও শহরজুড়ে ট্রাকে ভ্রাম্যমাণ মঞ্চ করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, আবৃত্তি, নাটক পরিবেশন করেছেন। আবার অনেককে ট্রাক ভাড়া করে মাইকে গানবাজনা করেও শহরের পথে পথে ঘুরে আনন্দ করতে দেখা গেছে।রমনা-শাহবাগ এলাকা ছাড়াও রবীন্দ্রসরোবর মঞ্চকে কেন্দ্র করে ধানমন্ডি লেকের পাশ দিয়ে অনেক অনুষ্ঠান হয়েছে। এর মধ্যে ছিল সরগম ললিতকলা একাডেমীর গানের আসর। ফলে সারা শহরেই ছড়িয়ে গিয়েছিল জনস্রোত। এসব নানা আয়োজনে অংশ নিয়ে নতুন বছরের প্রথম দিনটি পরমানন্দে কাটিয়েছে নগরবাসী।