প্রাণের উচ্ছ্বাসে ভাষার জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় রাস্তার মোড় আছে কুষ্টিয়ায়, ভাষা প্রতিযোগকে কেন্দ্র করে ছয় জেলার সম্মিলনও হলো সেখানে। চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুর থেকে কয়েক শ শিক্ষার্থী প্রাণের উচ্ছ্বাসে ছড়াল ভাষার জয়গান। ওরা চতুুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১২-এর প্রতিযাগী। ২৫ ফেব্রুয়ারি, শুক্রবার। মেলার আয়োজনে সেজেছিল কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ। সকাল নয়টায় আমরা যখন পৌঁছাই, তার আগেই ওরা হাজির। পরনে বিভিন্ন প্রতিষ্ঠানের বৈচিত্র্যময় পোশাক। ১০টায় শুরু হলো অনুষ্ঠান। ঢাকা থেকে আগত ও স্থানীয় অতিথিদের নিয়ে উদ্বোধন ঘোষণা করলেন অধ্যক্ষ মুহাম্মদ জমির উদ্দীন। পরিবেশিত হলো জাতীয় সংগীত। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ঢুকে গেল পরীক্ষাকেন্দ্রে। ৩০ মিনিটের পরীক্ষা। শিক্ষার্থীদের প্রশ্ন আর শিক্ষকদের উত্তর—ভিন্নধর্মী এই আয়োজনে শুরু হলো দ্বিতীয় পর্ব।সঞ্চালন করলেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু। মাইক্রোফোন হাতে প্রস্তুত প্রথম আলো বন্ধুসভার কুষ্টিয়ার বন্ধুরা। মঞ্চে ততক্ষণে হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক সৈয়দ আজিজুল হক, সৌমিত্র শেখর ও তারিক মনজুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক খালেদ হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক হাবিব রহমান, মোহাম্মদ সাঈদুর রহমান, ইয়াসমিন আরা সাথী ও সাবিনা ইয়াসমিন। ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষক সাইফুল আলম এবং আমলা সরকারি কলেজের শিক্ষক মাসুদ রহমান ও গাংনী কলেজের শিক্ষক রফিকুর রশীদ।প্রশ্নের বন্যায় বানের জলের মতো থইথই করে ওঠে পুরো এলাকা। ভাষা প্রতিযোগিতা না হয়ে ভাষা প্রতিযোগ কেন হলো? এমন প্রশ্নে তারিক মনজুর বলেন, বাংলা একাডেমীর অভিধানে প্রথমে প্রতিযোগ, তারপর প্রতিযোগিতা রয়েছে। ভাষা প্রতিযোগের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান ‘প্রতিযোগ’ শব্দটিকে নতুন করে তুলে এনেছেন।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা সনের তারিখে না হয়ে কেন ইংরেজি বছরের তারিখে হলো? আমাদের দেশটা বঙ্গ ছিল, পরে বাংলা হলো কেন?বুঝিয়ে বললেন অধ্যাপক সৌমিত্র শেখর। আমরা জাতি হিসেবে খুব অতিথিপরায়ণ। ভাষার ক্ষেত্রেও তা সত্য। বাংলা ভাষার দ্বারে আসা অতিথিকে আমরা বরণ করে নিয়েছি, ভালোবেসেছি। ‘একুশে ফেব্রুয়ারি’তে আমরা এতটাই অভ্যস্ত যে এটাকে আর বিজাতীয় বলে মনে হয় না। প্রশ্ন করার সুযোগ পাওয়ার আনন্দে একজন ভুলে গেল প্রশ্নটা কী! মাইক্রোফোন হাতে নিয়ে বলল, ‘আমি প্রশ্নটা মনে হলে করব, আগে মনে করে নিই।’ সেকি হাসাহাসি তখন! ভাষা প্রতিযোগ—তাহলে এইচএসবিসি লেখাটা ইংরেজিতে কেন? শহীদ মিনারে তো বর্ণ নেই। তাহলে লোগোর শহীদ মিনারে বর্ণ কেন?প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া বিভক্তি না হয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভক্তি হলে সমস্যা কী?এ রকম প্রশ্ন করার জন্য সবাই যখন উদ্গ্রীব। তখন কেউ কেউ ব্যস্ত ছিল দুষ্টুমিতেও। একটু গল্প করা, পাশের জনকে ফোড়ন কাটা, কথার মধ্যে কথা বলা—এসব যে একেবারে ছিল না তা নয়। তবে তারা মোটেই সুবিধা করতে পারেনি। সঞ্চালকের তীক্ষ দৃষ্টিতে ধরা পড়ছিল সবই। এরই মধ্যে ভাষা আন্দোলনের ৬০ বছর উপলক্ষে চর্যাপদের কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলা ভাষার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন রফিকুর রশীদ। এরপর মঞ্চে আসেন ক্লোজআপ তারকা সাব্বির। তিনটি গানের সুর-মূর্ছনায় মুগ্ধ করেন সবাইকে। এবার সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি মুনিরুজ্জামান। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কুষ্টিয়া বন্ধুসভা। সবশেষে পুরস্কার বিতরণ। বৃক্ষ তুমি কী—ফলে পরিচয়। ফলাফলের ভিত্তিতে পুরস্কার, ঢাকায় যাওয়া এবং ‘বাংলা ভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালোবাসি’ লেখাসহ টি-শার্ট প্রাপ্তির সুযোগ। ফল ঘোষণা করেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক কাজল রশীদ। তাঁর আগে অধ্যক্ষের হাতে ভেন্যু স্মারক তুলে দেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক। জয়-পরাজয়ে কেউ হেসেছে, কেউ বা মন খারাপ করেছে, এমনকি কেঁদেছেও। দুঃখ ভুলে পণ করেছে ভবিষ্যতের জন্য, নিজেকে তৈরি করার।সম্মিলিত ছবি তোলার মধ্য দিয়ে পর্দা নামে অনুষ্ঠানের। তবু বন্ধ হয় না অটোগ্রাফ নেওয়ার পালা। অশ্রুসজল হয়ে ওঠে অনেকেই। যেতে ইচ্ছে করে না, তবু ঘরে ফিরতে হয়। চোখেমুখে থেকে যায় প্রত্যয় আর প্রত্যাশা। আগামী ভাষা প্রতিযোগে দেখা হবে নিশ্চয়।