পুরোনো বছরের গ্লানি ও ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন বছর ১৪২০-কে স্বাগত জানিয়েছে উৎসবমুখর বাঙালি। গত রোববার বিপুল আনন্দ -উৎসবের মধ্য দিয়ে সারা দেশে উদ্যাপিত হয়েছে বর্ষবরণ। রাজধানী ঢাকা আক্ষরিক অর্থেই আনন্দনগরে পরিণত হয়েছিল। দিনের শুরু থেকেই সুসজ্জিত নানা বয়সী নগরবাসীর স্রোত নেমেছিল রাজপথে। বরাবরের মতোই এবারও রমনার বটমূলে ছায়ানটের প্রভাতি সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে ভোর সাড়ে ছয়টায় পয়লা বৈশাখের আনুষ্ঠানিকতার সূচনা হয়েছে। এ ছাড়া ভোরে আরও একটি বড় গানের অনুষ্ঠান ছিল শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে। এটি আয়োজন করেছিল সংগীত সংগঠন সুরের ধারা। এ ছাড়া শাহবাগের শিশুপার্কের সামনের নারিকেল বীথির সামনে ছিল ঋষিজ শিল্পীগোষ্ঠীর আয়োজিত সংগীতানুষ্ঠান। রমনা উদ্যানের ভেতরে ছিল মহানগর পুলিশ আয়োজিত সংগীতানুষ্ঠান। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে লালন চর্চা কেন্দ্র আয়োজন করে লালনের গান ও লোকসংগীতের আসর। উৎসবের মূল কেন্দ্র ছিল রমনা-শাহবাগ-সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। অত্যন্ত কড়া নিরাপত্তাব্যবস্থা ছিল এবার। মঙ্গল শোভাযাত্রা: প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় এই মঙ্গল শোভাযাত্রা। রাজধানীবাসী ছাড়াও দূরদূরান্ত থেকে এসে অনেকেই যোগ দেন এই শোভাযাত্রায়। এবারের মঙ্গল শোভাযাত্রার স্লোগান ছিল ‘রাজাকারমুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধ অনিঃশেষ’। সকাল আটটা থেকেই চারুকলা অনুষদ, শাহবাগ চত্বর, ছবির হাট চত্বর পরিণত হয় লোকারণ্যে। প্রচণ্ড ভিড়, প্রখর রোদ। অগণিত মানুষের কোলাহল, হর্ষধ্বনি, গান ও ঢাক-ঢোলের ঐকতানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সকাল ১০টার দিকে হাতির পিঠে তির-ধনুক নিয়ে সওয়ার যোদ্ধা, শোলার পাখি, রিকশায় সওয়ার টেপা পুতুল, গুঁতো দিতে উদ্যত ষাঁড়, বিশালাকার শ্বাপদ এবং দৈত্যের মতো আকৃতির যুদ্ধাপরাধীদের প্রতীক এবং শান্তির প্রতীক পায়রা নিয়ে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকের মুখে নানা আকৃতির মুখোশ ছিল। রাজা-রানির সাজ পরেছে কেউ কেউ। আবার গামছা দিয়ে তৈরি পাগড়ি আর পতাকায় মোড়ানো কপাল বন্ধনী দিয়ে সেজেছিলেন অনেক তরুণ। কারও কারও মাথায় কৃষকের মাথালও দেখা যায়। অনেকের গালে ও বাহুতে লাল-সাদা আলপনা। প্রতিবাদী স্লোগানের ফেস্টুন নিয়েও অনেকে যোগ দেন শোভাযাত্রায়। অনেকের হাতে ছিল দেশের মানচিত্রখচিত মুক্তিযুদ্ধকালীন পতাকাও। কণ্ঠে ছিল নববর্ষের গান ‘এসো হে বৈশাখ’। কিছু বিদেশিও অংশ নেন শোভাযাত্রায়।বাংলা একাডেমীতে বৈশাখী মেলা: নতুন বছরকে স্বাগত জানাতে নববর্ষ বক্তৃতা ও লোকজ মেলার আয়োজন করে বাংলা একাডেমী। রোববার সকাল সাড়ে সাতটায় একাডেমীর নজরুল মঞ্চে বাংলাদেশ শিশু একাডেমীর শিশুশিল্পীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ এবং ‘তোরা সব জয়ধ্বনি কর’ গানের মধ্য দিয়ে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমী প্রাঙ্গণে শুরু হয়েছে হ্রাসকৃত মূল্যে একাডেমী প্রকাশিত বইয়ের আড়ং। এ ছাড়া নববর্ষ উপলক্ষে সোমবার থেকে বিসিকের ডিজাইন সেন্টার ও বাংলা একাডেমীর যৌথ আয়োজনে সোমবার থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা।বিএনপির বর্ষবরণ: ১৪২০ সনকে বরণ করতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি। দলটির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই আয়োজনের দায়িত্বে ছিল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেলে বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি সেখানে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অন্যান্য আয়োজন: এবার পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়েছে শহরজুড়েই। সকাল থেকেই ধানমন্ডি লেকের পাশে রবীন্দ্রসরোবর মঞ্চকে কেন্দ্র করে বিপুল লোকসমাগম হয়। লেকের পাশে ছিল ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) আয়োজেন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘বাংলা শোভাযাত্রা’ নামে বর্ণাঢ্য শোভাযাত্রা। এ ছাড়া বিকেলে রবীন্দ্রসরোবরে ছিল সম্মিলিত সাংস্কৃতি জোটের সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার রাতে মানিক মিয়া অ্যাভিনিউতে সড়কের দুই পাশে আঁকা আলপনা দেখতেও বছরের পয়লা দিনে প্রচুর দর্শকের সমাগম ঘটেছিল। কলাবাগান মাঠে বৈশাখী মেলায়ও ছিল মানুষের ব্যাপক উপস্থিতি।‘বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ’ স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমী নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজন করে। রোববার সন্ধ্যায় একাডেমীর আয়োজনে সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সাংস্কৃতিক সংগঠন ‘প্রত্যয়, প্রতিপালক’-এর যৌথ উদ্যোগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে লোক সংগীতানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুল একাডেমী তাদের মগবাজার কার্যালয়ে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। সারগাম ললিতকলা একাডেমি সকাল আটটায় মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে ‘এসো হে বৈশাখ’ নামে গানের আসরের আয়োজন করে। উত্তরার ৩ নম্বর সেক্টরে আয়োজন করা হয় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গুলশানেও আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, উদীচী শিল্পীগোষ্ঠী, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করেছে।