প্রাণের জুস তৈরি ও বিক্রি বিষয়ে হাইকোর্টের রুল
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রাণ কোম্পানির আম, কমলা, লেবু, লিচু, স্ট্রবেরি, আপেল ও আনারসের জুসের উত্পাদন, বাজারজাতকরণ ও বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব পণ্যের উত্পাদন, বাজারজাতকরণ ও বিক্রি বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না তা-ও জানতে চাওয়া হয়।বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপিত মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার এ রুল জারি করেন।আদালত ১৮ নভেম্বর শুনানির দিন ধার্য করে দিয়েছেন। স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি), বিএসটিআইয়ের মহাপরিচালক (ডিজি) ও ঢাকার জেলা প্রশাসককে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।‘প্রাণের ভেজাল ফ্রুট ড্রিংকস এখনো বাজারে’ শিরোনামে ২৩ অক্টোবর একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান।পরে মনজিল মোরসেদ প্রথম আলো ডটকমকে বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বিএসটিআই এসব পণ্যের পরীক্ষা করে। কিন্তু এতে ফলের কোনো উপাদান নেই। মানসম্মত উত্পাদন না করায় তাদের লাইসেন্স বাতিল করা হয়। এর পরও বাজারে এসব পণ্য বিক্রি হচ্ছে, যাতে প্রিজারভেটিভ রয়েছে। এ কারণে রিটটি করা হয়।