প্রাণের টানে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় সাদা চুলের কয়েকজন প্রবীণ ১৯৭০, ১৯৭৩ সালসহ বহু আগের তোলা সাদাকালো ছবিতে নিজেদের খুঁজতে লাগলেন। প্রদর্শনীর ছবিতে নিজেকে পাননি, কিন্তু পরিচিতজনকে দেখেও সে কী উচ্ছ্বাস! অন্যদিকে ইশ্, কত দিন পর দেখা হলো বলেই জড়িয়ে ধরলেন একজন অপরকে।এখন আর শিক্ষার্থী নন, বয়সও হয়েছে, কিন্তু শিক্ষকের কাছে তিনি শিক্ষার্থীই, তাই বয়স ভুলে শিক্ষক সেই শিক্ষার্থীর মাথায় হাত বুলিয়ে দিলেন। আর শিক্ষার্থী আবেগে মাথা নত করলেন। এঁরা সবাই ছায়ানট পরিবারের সদস্য। ছায়ানটের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাণের টানে সবাই ছুটে এসেছেন ধানমন্ডির শংকরে অবস্থিত লাল ইটের ছায়ানট সংস্কৃতি-ভবনে। তাই বিশাল ভবনটিতেও তিল ধারণের ঠাঁই নেই।ছায়ানটের যাত্রা শুরু হয় ১৯৬১ সালের শেষ দিকে। ‘স্থির প্রত্যয়ে যাত্রা’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকেই শুরু হয়ে যায় ৫০ বছর অতিক্রমের আনুষ্ঠানিকতা। শিশুদের নাচ ও কলকাকলিতে মুখর হয়ে ওঠে ছায়ানট প্রাঙ্গণ।গতকাল ভবনটিতে ছিল সাজ সাজ রব। ভবনের বিভিন্ন তলার প্রদর্শনী সবাইকে মুগ্ধ করে। মুড়ির নাড়ু, লাড্ডু, নিমকির সঙ্গে গরম চা, ভবনের বিভিন্ন কক্ষ ও মিলনায়তন থেকে ভেসে আসা সেতারের সুর, নয়তো শিশুদের কণ্ঠের গান, শুদ্ধসংগীতের সুরমূর্ছনা সবাইকে মাতিয়ে রাখে।ভবনের বিভিন্ন কক্ষের অনুষ্ঠান উপভোগ করতে যাতে সমস্যা না হয়, তাই মাল্টিমিডিয়ার মাধ্যমে ভবনের বিভিন্ন তলায় বসেও উপভোগ করার ব্যবস্থা ছিল। আর এই সুযোগটি আড্ডার পরিসরকে আরও বাড়িয়ে দেয়। মেয়ে ছায়ানটের নালন্দা বিদ্যালয়ে পড়ে, সেই সূত্রে সকালেই চলে এসেছেন শাকিলা জেসমিন। এভাবে বিভিন্ন সূত্রে হাজির হয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসও এসেছিলেন শুভেচ্ছা জানাতে।রবীন্দ্র জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের পর সেই অনুষ্ঠান উপলক্ষে জয়দেবপুরে একত্রিত হওয়া সংস্কৃতিকর্মীরা সমিতি গঠনের সিদ্ধান্ত নেন। নামে সেই সমিতির নাম দেওয়া হয় ছায়ানট। বর্তমানে ছায়ানটের কলেবর অনেক বেড়েছে। বিভিন্ন ঋতু উৎসব পালন, নতুন বর্ষবরণ, শিশু বিদ্যালয় নালন্দা, অন্য বিদ্যালয়ের শিশু-কিশোরদের দেশি সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর জন্য ‘ শিকড়’ কার্যক্রম, অটিস্টিক শিশুদের জন্য ‘সুরের জাদু-রঙের জাদু’ প্রকল্প ইত্যাদি। গতকাল ছায়ানটের বিভিন্ন বিভাগের উপস্থাপনা চলে দিনভর। সবশেষে ছিল প্রাক্তনীদের অংশগ্রহণে অনুষ্ঠান। আজ শনিবার সন্ধ্যা ছয়টায় প্রাক্তনীদের অংশগ্রহণে গান, নাচ, পাঠ ও আবৃত্তির মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘটবে।