প্রাণের টানে ৩২ নম্বরে
গায়ে মলিন শার্ট, পরনে খাটো লুঙ্গি। কাঁধে লাঠির সঙ্গে বাঁধা টুকরি। ব্রাহ্মণবাড়িয়ার মতিউর রহমান অনেক দিন থেকে রায়েরবাজারে থাকেন। পেশা মৌসুমি ফল বিক্রি। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দাঁড়িয়ে ছিলেন ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ফুটপাতে। খানিক পর পর খণ্ড খণ্ড মিছিল আসছে বিভিন্ন সংগঠনের। স্লোগান—জয় জয় জয় হলো, সত্যের জয় হলো, খুনিদের ফাঁসি হলো, জাতি দায়মুক্ত হলো। সবাই এসে লেকের পাড়ের চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনের বেদিতে ফুল দিচ্ছেন। হাত তুলে মোনাজাত করছেন। শোকরানা আদায় করছেন। মতিউর রহমান এসবের কিছুতে অংশ নেননি। তিনি আওয়ামী লীগের কর্মীও নন। তবু এসেছিলেন—‘যে দ্যাশ স্বাধীন করলো তারে এমন কইরা মাইরা ফালাইলো!’ বললেন, ‘এই বিচারের জন্যই পরতি বার নৌকায় ভোট দিয়া আসতাছি। খুনিগো বিচার অইবো মনে আশা নিয়া ছিলাম। আওয়ামী লীগ এখন আর যদি ক্ষমতায় নাও যাইতে পারে, দুঃখ নাই।’ মতিউর আরও কিছুটা সময় বঙ্গবন্ধুর বাড়ির দিকে তাকিয়ে থাকলেন। ৩৪ বছর আগে যে বাড়িটিতে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, গতকাল সেখানে সারা দিন নানা শ্রেণী-পেশার অজস্র মানুষের সমাগম ঘটেছিল। তাঁর খুনিদের বিচারিক পরিণতি মানুষকে আবেগাপ্লুত করেছে, স্মৃতিকাতর করেছে। তিনি নেই, তবু তাঁর রক্তরঞ্জিত বাড়িতে লোকজন এসেছিলেন স্মৃতির মধ্যে তাঁর উপস্থিতি অনুভব করার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য। এই জনস্রোতে বিদেশিও ছিলেন। উত্পল রায়। কলকাতার বাসিন্দা। মিরপুরে ভাগ্নের বিয়েতে এসেছিলেন গত ২৪ তারিখে। সকালে খবরের কাগজে খুনিদের ফাঁসির খবর দেখেই চলে এসেছিলেন ৩২ নম্বরে। বললেন, ‘যখন ঘটনাক্রমে ঢাকাতেই আছি, ভাবলুম একটু শ্রদ্ধা জানিয়ে আসি। আমাদের ওখানে (ভারতে) ইন্দিরা গান্ধী ও রাজীব হত্যার বিচার হয়েছে। মুজিব হত্যার বিচার হবে না কেন? এটা মানবিকতার বিষয়।’ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখে দর্শনার্থীর বইতে তিনি লিখলেন, ‘যে দৃশ্য দেখেছি তা সহ্য করা যায় না। চোখ দিয়ে জল এসে পড়ে। তিনি শারীরিকভাবে মানুষের মধ্যে নেই। কিন্তু মানসিকভাবে আছেন, থাকবেন।’ভোর থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, সাংসদ, বিভিন্ন থানা-ওয়ার্ড কমিটি, সহযোগী সংগঠন, শ্রমজীবী-পেশাজীবী সংগঠন মিছিল নিয়ে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মোনাজাত করে চলে গেছে। ফলে খুব বড় রকমের জনসমাবেশ ঘটেনি। তবে সারা দিনই মিছিল আর লোকসমাগম। পরিবেশও ছিল সংযত। নেতাকর্মীরা খুনিদের ফাঁসি কার্যকর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। ফুল দিতে এসে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বললেন, ‘এখন তাঁরা সন্তুষ্ট ও হালকা বোধ করছেন। ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি এতে বন্ধ হবে।’ প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এসেছিলেন শ্রদ্ধা জানাতে। সকাল থেকে সৈয়দা সাজেদা চৌধুরী, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুল জলিল, এস এ মালেক, ওবায়দুল কাদের, মোস্তফা জালাল মহিউদ্দিন, মাহবুবুল আলম ওরফে হানিফ, বাহাউদ্দিন, পঙ্কজ দেবনাথসহ অনেকেই এসেছিলেন শ্রদ্ধা জানাতে। এসেছে আবদুস সামাদ আজাদ ফাউন্ডেশন, প্রশিকা, তিতাস গ্যাস এমপ্লয়িজ ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। বেশ কিছু দলীয় কর্মী সারা দিনই ছিলেন সামনের চত্বরে। তাঁরা বললেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের দাবিতেই আমরা রাজনীতি করেছি। জেলজুলুম খেটেছি। ৩৪ বছর পরে হলেও সেই বিচার পেয়েছি। এখন পলাতক ছয় হত্যাকারীর রায় কার্যকর করতে হবে। জেল হত্যা ও ২১ আগস্টের হামলাকারী ও যুদ্ধাপরারধীদের বিচার করতে হবে।’ স্কুল ছুটির পর লালমাটিয়া হাউজিং সোসাইটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর পড়ুয়া বড় মেয়ে সুমাইয়া খাদিজা ও ছোট মেয়ে সুমাইয়া ফারজানাকে কোলে নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এসেছিলে হানুফা বেগম। বললেন, ‘অনেক দিন থেকেই এখানে আসার ইচ্ছে ছিল। হয়ে উঠছিল না। আজ মনে হলো বিশেষ দিন। তাই স্কুল ছুটির পর সোজা চলে এসেছি।’ এমন অনেকেই গতকালের দিনটিকে বিশেষ ধরে নিয়ে এসেছিলেন ৩২ নম্বরে। স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান জানালেন, সন্ধ্যা পর্যন্ত টিকিট বিক্রি পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। অন্য দিন ১২ শ থেকে দেড় হাজার দর্শনার্থী আসে। বাড়ির সামনের চত্বরে কালো পটভূমির ওপরে বঙ্গবন্ধুর ছবি। সামনে কালো বেদিতে রাশি রাশি ফুল। পাশে তাঁকে নিয়ে লেখা অন্নদাশঙ্কর রায়ের সেই বিখ্যাত পঙিক্ত—‘যতকাল রবে পদ্মা, মেঘনা/গৌরী, যমুনা বহমান/ততকাল রবে কীর্তি তোমার/শেখ মুজিবুর রহমান’। এভাবেই সাহিত্যে, ইতিহাসে মিলেমিশে এক নতুন সত্যে উদ্ভাসিত হয়ে ওঠেন বঙ্গবন্ধু।