প্রাণের মেলায় প্রশ্নের বর্ণালি
ফেব্রুয়ারি এলেই শুরু হয় ভাষা প্রতিযোগের প্রস্তুতি। মন নেচে ওঠে ভাষা তাতে দেওয়ার আনন্দে।এবারের ভাষা প্রতিযোগ চলেছে মার্চ-এপ্রিলজুড়ে। আর সে প্রতিযোগিতার স্নিগ্ধ সকাল, রোদেলা দুপুর আর পড়ন্ত বিকেলগুলো স্মৃতিময় হয়ে আছে আমাদের সবার অন্তরে।ভাষা প্রতিযোগ মানে ভাষা অনুরাগীদের মিলনমেলা, আনন্দমেলা, প্রাণের মেলা। সেখানে এসেছে প্রাণচঞ্চল কিশোর-কিশোরীরা, আর এসেছেন প্রথম আলোর কর্মী-সংগঠকেরা, এসেছেন ভাষা-সাহিত্যের অধ্যাপক ও শিক্ষকেরা, এসেছেন সংগীতশিল্পী ও গুণীজন।সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের সময়ে উড়েছে জাতীয় পতাকা। উড়েছে ভাষা প্রতিযোগের পতাকা, আর উড়েছে রং-বেরঙের বেলুন। ‘পরীক্ষা পরীক্ষা খেলা’ চলেছে কিছুক্ষণ। তারপর শুরু হয়েছে সবচেয়ে আকর্ষণীয় ও জমজমাট পর্ব: মুখোমুখি প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীরা প্রশ্ন করেছে, আর শিক্ষকেরা উত্তর দিয়েছেন। ভাষা প্রতিযোগের বিশাল শামিয়ানার নিচে তৈরি হয়েছে ভাষা নিয়ে প্রশ্নের বর্ণালি।আনন্দ-উদ্ভাসিত মুখে প্রশ্ন করেছে শিক্ষার্থীরা। ভালো কোনো প্রশ্ন করতে পারলেই সঙ্গে সঙ্গে পুরস্কার—মজার কোনো বই। তাই শত শত হাত উঠেছে প্রশ্ন করার জন্য। চমত্কার প্রশ্ন, বিদঘুটে প্রশ্ন, অবান্তর প্রশ্ন—নানা প্রশ্নের ছড়াছড়ি। মাঝেমধ্যে এমন মোক্ষম প্রশ্ন উঠেছে, তার উত্তর দিতে আমরাও হিমশিম খেয়ে গিয়েছি। যেমন: বাংলায় দুটো /ব/ কেন? তিনটে /শ/ কেন? বাংলা ভাষায় সবচেয়ে বড় শব্দ কোনটা? এমনি আরেকটি প্রশ্ন: ভাষা কী? এর উত্পত্তি কোথায়? দু-একটা কথায় এ প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল। এবারের প্রতিযোগে একজন শিক্ষার্থী তো একটি প্রশ্ন করে আমাদের হতবাক করে দিয়েছিল। তার প্রশ্ন ছিল অনেকটা এ রকম : অ-তে /া/ চিহ্ন দিয়ে আ লেখা হয়। অর্থাৎ অ+া = আ। তাহলে আ-কার = া হয় কেমন করে? এ প্রশ্নের উত্তর কে দিতে পারবে?কোনো কোনো প্রশ্ন হয়তো বাবা-মা বা অভিভাবক তৈরি করে দিয়েছেন। কোনো প্রশ্ন স্থানীয় শিক্ষকের সহায়তায় তৈরি। তবু সানন্দে আমরা সেগুলোর উত্তর দিয়েছি।ভাষা প্রতিযোগে কেউ কেউ বোকা বোকা প্রশ্ন করেছে। কেউ বা করেছে চোখা চোখা প্রশ্ন। শত শত প্রশ্নেচ্ছুর ভিড়ে সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করা ছিল খুবই কঠিন। দৃষ্টি আকর্ষণ করার জন্য কেউ কেউ বড় বড় হরফে লেখা পোস্টার বুকে সেঁটেছিল: ‘প্রশ্ন করার সুযোগ চাই’, ‘সুযোগ দিন, প্লিজ’ ইত্যাদি। বারবার হাত তুলেও শেষ পর্যন্ত অনেকেই সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। ফলে প্রশ্ন করার সুযোগও পায়নি। অগত্যা অনেকে জমা দিয়েছে লিখিত প্রশ্ন। কিন্তু সময় যে কম! তাই সব প্রশ্নের জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি।প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সময়ে অংশ নিয়েছিলেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, অধ্যাপক সৈয়দ আজিজুল হক, অধ্যাপক সৌরভ সিকদার, অধ্যাপক মতীন্দ্রনাথ সরকার, সৌমিত্র শেখর, তারিক মনজুরসহ অনেকে।এবারের ভাষা প্রতিযোগে বক্তৃতা তেমন হয়নি, কিন্তু অধ্যাপক রফিকুল ইসলাম, কবি নির্মলেন্দু গুণ, কবি-প্রাবন্ধিক আবদুল্লাহ আবু সায়ীদ, বিজ্ঞানলেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, তিন কথাশিল্পী সেলিনা হোসেন-সৈয়দ মনজুরুল ইসলাম-আনিসুল হক, বিতার্কিক আবদুুন নূর তুষার প্রমুখ গুণীজন মঞ্চে শ্রোতাদের উদ্দেশে কথা বলেছেন। কথকতা করেছেন ভাষা নিয়ে, দেশ নিয়ে। তাঁরা তুলে ধরেছেন মহান সব মানুষের মহিমা। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি। উজ্জীবিত হয়েছি। প্রথম আলোর তিন সহকারী সম্পাদক অরুণ বসু, জাহীদ রেজা নূর, জাফর আহমদ রাশেদ এক-এক আসরে পালন করেছেন সঞ্চালকের দায়িত্ব। প্রাণবন্ত উত্সাহ-উদ্দীপনার জোয়ার বইয়ে দিয়েছেন তাঁরা। আর জনপ্রিয় ও বিশিষ্ট শিল্পীদের গান শুনে আনন্দে ভরে গেছে আমাদের সবার হূদয়।এবারের ভাষা প্রতিযোগে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে হয়েছে সেগুলোর প্রধানেরা এসব অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। তাঁরা আমাদের সময় ও আতিথ্য দিয়ে মুগ্ধ করেছেন। বগুড়া স্কুলের প্রধান মঞ্চে শিক্ষার্থীর সঙ্গে গান গেয়ে আমাদের আনন্দ দিয়েছেন। উত্তরপত্র পরীক্ষকেরা পরম নিষ্ঠায় তাঁদের কাজ করেছেন। এইচএসবিসির প্রতিনিধি আর অভিভাবকদের উপস্থিতি কেবল প্রতিযোগীদের উত্সাহিত করেনি, তাতে উত্সাহিত হয়েছেন অন্য সবাই। আর বন্ধুসভার সদস্যদের কথা কী বলব? তারা ছিল যেন প্রতিযোগের ইঞ্জিন। এক কথায়, সবাই মিলে ভাষা প্রতিযোগের শতফুল ফুটিয়েছি আমরা।ভাষা প্রতিযোগে বাংলা ভাষার সমস্যা নিয়েও কথা হয়েছে। বিশ্বায়নের এ যুগে বিদেশিয়ানার প্রভাব যতই বাড়ছে, ততই বাড়ছে ইংরেজির মিশেল। ঘটছে উচ্চারণ-বিকৃতি। তৈরি হচ্ছে ‘বাংলিশ’ বা তথাকথিত ‘ডিজুস বাংলা’। প্রশ্ন উঠেছে, এতে কি বাংলা ভাষার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে না? এই প্রেক্ষাপটে ভাষা প্রতিযোগ যেন বাংলা ভাষা চেতনার উজ্জীবনী প্রেরণা। সে প্রেরণায় মাতৃভাষার প্রতি মমতা বাড়ছে, বাড়ছে দেশপ্রেম। বাড়ছে ভাষা-দক্ষতা অর্জনের দুর্নিবার আগ্রহ। সেই সঙ্গে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ভাষা শেখার দিকটাও গুরুত্ব পাচ্ছে। এটাও অনুধাবন করা যাচ্ছে যে, বাংলা ভাষার গাঁথুনি শক্ত না হলে অন্য ভাষা আয়ত্ত করা সহজ হয় না।ভাষা প্রতিযোগে বাংলা ভাষার প্রতি তরুণ প্রজন্মের মমতাময় আগ্রহ দেখে আমরা মুগ্ধ হয়েছি। মাতৃভাষার শক্তিতে তারা যে এগিয়ে যাবে অনেক দূর, তাতে সন্দেহ নেই।