যে একুশ উপলক্ষে অমর একুশে গ্রন্থমেলা, সেই একুশেতে গতকাল রোববার বইমেলায় নেমেছিল মানুষের ঢল। সকাল থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণে জনসমাগমের চিত্র ছিল প্রায় এক। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও বিরক্তিহীন মুখে সব বয়সী মানুষ ঢুকেছে প্রাণের মেলায়। কারও পরনে ‘অ-আ-ক-খ’ লেখাসংবলিত পোশাক, কারও কপালে বাঁধা বা কারও হাতে বাংলাদেশের পতাকা। ধুলা ও ভিড় ঠেলে পছন্দের বইও কিনেছে তারা। সব মিলিয়ে মেলায় লেগেছিল প্রাণের ছোঁয়া।সকাল থেকেই খোলা হয় স্টলগুলো। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেকেই চলে আসেন বাংলা একাডেমী প্রাঙ্গণে বইমেলায়। ঘুরেফিরে দেখে কেউ কেউ বইও কিনেছে। তবে উল্লেখ করার মতো বেচাকেনা শুরু হয় দুপুরের পর। প্রচণ্ড ভিড়ের মধ্যে কারও কারও মানিব্যাগ, মোবাইল ফোনসেট হারানো, মেয়েদের বিব্রত করার মতো দু-একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া মেলার পরিবেশ ছিল ভালো। বড়দের কেউ পরিবার নিয়ে, কেউ সন্তানদের নিয়ে মেলায় এসেছেন। তরুণ-তরুণীদের অনেকেই এসেছেন দলবেঁধে। বই কেনার পাশাপাশি ঘোরাঘুরি, আড্ডাও দিয়েছেন তাঁরা।প্রথম দিন থেকে মেলা প্রাঙ্গণের বাইরে হকারদের বসা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলেও গতকাল আর তা সম্ভব হয়নি। মেলা প্রাঙ্গণের চেয়ে দ্বিগুণ ভিড় ছিল একাডেমীর বাইরে। একাডেমীসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর, শিশু একাডেমী পর্যন্ত ছিল মানুষের ভিড়। শাহবাগ মোড় থেকে দোয়েল চত্বর পর্যন্ত এলাকায় হাতে বানানো বিভিন্ন সামগ্রী সাজিয়ে বসেছিল হকাররা। সোহরাওয়ার্দী উদ্যানে ছিল নাগরদোলা ও পুতুলনাচ। সর্বত্র ছিল মানুষের স্রোত।নতুন বই: এবারও একুশের দিনে অনেক নতুন বই এসেছে মেলায়। গতকাল বাংলা একাডেমী থেকে নতুন আসা ২০৬টি বইয়ের তালিকা দেওয়া হয়। এ তালিকায় উপন্যাস ২২টি, গল্প ১৮, কবিতা ৫৩, প্রবন্ধ ১৭, ছড়া ১১, শিশুসাহিত্য পাঁচ, অনুবাদ চার, মুক্তিযুদ্ধবিষয়ক বই ১৬, রম্য চার, ভ্রমণবিষয়ক তিন, ইতিহাস দুই, নাটক দুই, জীবনী ১১টিসহ অন্যান্য ধরনের বই রয়েছে।মেলায় আসা নতুন বইয়ের মধ্যে রয়েছে প্রথমা প্রকাশনের মহাদেব সাহার কবিতা অন্ধের আঙুলে এত জাদু, আবুল হোসেনের যাবার আগে, আল মাহমুদের তোমার রক্তে তোমার গন্ধে, উত্পল শুভ্রর ক্যারিবীয় কড়চা, লেখালেখি প্রকাশন থেকে এসেছে সৈয়দ আবুল মকসুদের পাশ্চাত্যের ২০ জন লেখক ও দার্শনিককে নিয়ে প্রবন্ধ প্রতিচ্য প্রতিভা, সূচীপত্র থেকে আবু সুফিয়ানের জার্নাল পৌনে এক ঘণ্টা, পাঠসূত্র থেকে ডা. ইকবাল কবীরের নারী তোমার স্বাস্থ্যকুশল, মাওলা ব্রাদার্স প্রকাশ করেছে আবদুল্লাহ আবু সায়ীদের সংগঠন ও বাঙালী, নাসরিন জাহানের নারীবাদী গল্প, ঐতিহ্য প্রকাশ করেছে কাইজার চৌধুরীর ছাপাখানার ভূত, এনামুল করিমের কানুষ, অ্যাডর্ন এনেছে প্রশান্ত মৃধার মৃত্যুর আগে মাটি, অঙ্কুর প্রকাশনী থেকে এসেছে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক পারভীন শাহিদা আখতারের ব্রেস্ট ক্যানসার, সাহিত্য প্রকাশ এনেছে হাবিবুল্লাহ সিরাজীর আমার কুমার ও আসাদ রাংগার অমলকান্ত এ দেশটাকে ভালোবেসেছিলো, দিব্যপ্রকাশ এনেছে রফিক আজাদের প্রেমের কবিতা, মুক্তদেশ প্রকাশ করেছে তপন কুমার দাশের স্টাচু অব লিবার্টির দেশে, অন্যপ্রকাশ এনেছে ফরিদুর রেজা সাগরের ভ্রমণ নয়, শ্রাবণ থেকে এসেছে অমল সাহার ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস ইত্যাদি।মেলার নিয়মিত আয়োজন সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানেও ছিল মানুষের ভিড়। সারা দিনই। বর্ধমান হাউসের পাশে সবুজ চত্বরে তারা ভিড় করেছিল গুণীজনদের কথা শুনতে, গান-কবিতায় ভেসে যেতে। সকালে গ্রন্থমেলার মূল মঞ্চে হয় স্বরচিত কবিতা পাঠের আসর। শিক্ষাবিদ ও কবি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এতে ১৯৭ জন কবি কবিতা পাঠ করেন।বিকেল চারটায় গ্রন্থমেলার মূল মঞ্চে অমর একুশে বক্তৃতানুষ্ঠানে বাংলাদেশে উচ্চশিক্ষা পরিস্থিতি শীর্ষক বক্তৃতা দেন অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। তিনি বলেন, জাতি গঠনে শিক্ষার গুরুত্ব ইতিহাসে আদ্যোপান্ত স্বীকৃত। যেকোনো জাতি বা ব্যক্তির সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবন সে জাতির শিক্ষার অবস্থার প্রতিফলন। বর্তমান সময়ে এ সত্যটি বিশ্বব্যাপী স্বীকৃত যে কোনো দেশের উচ্চশিক্ষার হালচাল সে দেশের ভবিষ্যত্ উন্নতি-অবনতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আবদুল জব্বার, ফকির আলমগীর, পান্না বিশ্বাস, মহাদেব ঘোষ, বুলবুল মহলানবীশ, সালমা চৌধুরী, কফিল আহমেদ এবং জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র।মেলা মঞ্চে আজ সোমবার একুশের গান বিষয়ে প্রবন্ধ পাঠ করবেন বাবু রহমান। আলোচনা করবেন অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন, সেলিম মাহমুদ ও অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তী। সভাপতিত্ব করবেন সুধীন দাশ।