বছরের শেষ দিন চৈত্রের তিরিশে। চৈত্র-সংক্রান্তির বাজনা বেজে ওঠে। মেলার আয়োজনের শুরু। সেই সঙ্গে শুরু হয় সংদলের আনাগোনা। কাঠের তৈরি ক্রোড়া বানিয়ে কাঠলারে খোঁড়ার আওয়াজ দিয়ে দড়ি দিয়ে বানানো টাইয়ের মাথায় শোলার টুপি, চোখে তালপাতার চশমা নিয়ে সাহেব আসছে। সাহেব মানে এখানে বিত্তবান মানুষ, সেই সঙ্গে নেংটি পরা জনগণ। সাহেবের সঙ্গে এক সুন্দরী রমণী (পুরুষকেই রমণী বানানো) পেটিকোট-ব্লাউজের ওপর সামান্যই শাড়ি। সঙ্গে হারমোনিয়াম ও করতাল। গল্প বানিয়ে, গান গেয়ে বাড়ি বাড়ি সং দেখাচ্ছে সঙের দল। একটি দল নয়, একাধিক দল। বিনিময়ে কিছু চাল, কোথাও মিলছে ডিম। বালকের দল পিছু নিয়েছে সঙের সঙ্গে। একই সময়ে রাঙামাটিতে বিঝু অথবা বৈসাবি উৎসব। গ্রামবাংলায় নববর্ষকে আহ্বানের প্রস্তুতি। সাধারণের সারা দিনের দাবদাহের পর সন্ধ্যায় আকাশে ঘনায় মেঘ। ঝড় আসে, তছনছ হয় মেলার আয়োজন। পরদিন আবার নতুন করে প্রস্তুতি। মেলায় পুতুল, ঘুড়ি, মুড়কি, নানা ধরনের মিষ্টান্নের ছাঁচ, রঙিন হাঁড়ি-পাতিল, দা, বঁটি, লাঙল, শিশুদের কাঠের তৈরি খেলনা উঠছে। একদিকে সংগীত-নৃত্য-নাট্যের আয়োজন, অন্যদিকে উৎপাদনের ও গৃহস্থালির সঙ্গে সম্পর্কিত সৃজনশীল সামগ্রীর সমাহার। পয়লা বৈশাখে ভালোমন্দ (মানে ভালো খাবারই) খাবারের আয়োজন প্রতিটি গৃহে। হিসাব হালনাগাদের প্রয়োজনে হালখাতার উৎসব। সেখানে ক্রেতারা অন্ততপক্ষে একটি টাকা জমা দেয়, বিনিময়ে মেলে ভরপেট রসগোল্লা। এ তো হলো সূচনা। এরপর প্রতিটি ঋতু সাধারণ মানুষের জীবনে নিয়ে আসে কোনো না কোনো উৎসব। বারো মাসে তেরো পার্বণ। বলা হয়, পালা-পার্বণ। পার্বণের সঙ্গে পালা কথাটি কেন যুক্ত হয়েছে তার সঠিক ইতিহাস বলা যাবে না। তবে অনুমান করি, পালা না হলে পার্বণ হয় না। আর এই পালাই হচ্ছে গ্রামীণ কৃষকের সৃজনশীলতা। আষাঢ়-শ্রাবণ মাসে কৃষকের জীবনে এক নিরন্তর অবসর। এই অবসরে সে আষাঢ়ে গল্প ফাঁদে। গল্প ফাঁদে আবার একজন নয়, অনেকে মিলে। গল্পের পরিণতি নিয়ে ঝগড়া বাধে। এই করতে করতেই শেষ হয় বর্ষাকাল। কিন্তু গল্পের পরিণতি তো চাই। কারণ, এই গল্প নিয়েই আগামী শীতে নির্মিত হবে পালাগান, যাত্রাগান, সঙযাত্রা, ঢপযাত্রা, পটগান, হাস্তরসহ নানা লোকজ আঙ্গিক। গল্পের শেষ হয় বিয়োগান্ত। কারণ, কৃষকের জীবনে অন্তহীন দুঃখ। তাই কোনো মিলনান্তক কাহিনি তারা বানাতে পারেন না। এভাবেই বাংলার বিভিন্ন অঞ্চলে লোক আঙ্গিকের কাজ হয়ে থাকে। সাধারণত তা লিপিবদ্ধ হয় না। শুধু তা মানুষের স্মৃতিতে থাকে এবং মুখে মুখে ছড়িয়ে যায় জনপথে। এর মধ্যে আবার কোনো একক প্রতিভা একান্তে রচনা করে যায় কোনো শিল্পকর্ম। বিশেষ করে গান। তার মধ্যে অন্যতম বাউলদের সৃষ্টি। ঘরছাড়া এসব চারণকবি মুখে মুখে রচনা করেন গান, নিজেই সুর দিয়ে গেয়ে বেড়ান। হয়তো কোনো নাগরিক শিল্প-সমঝদারের দৃষ্টি আকর্ষণ করেন। খ্যাতি ও অর্থ লাভ করতেও কখনো সমর্থ হয়।লোককাহিনির এবং লোকসংগীতের এক বিশাল ভান্ডার অবিভক্ত ময়মনসিংহ। একটা সময় এই জেলার বিস্তৃতিও ছিল অফুরান। এই জেলার অধিবাসীরা মনে করতেন, এর বাইরে কোনো জনপদ নেই। জনপদ থাকলেও তা এই জেলারই অধীন। শস্য উৎপাদনেও ছিল এই জেলা স্বয়ংসম্পন্ন। কোনো কিছুতেই দ্বারস্থ হতে হতো না এই জেলার মানুষদের। উর্বর মাটি, চারা ফেললেই ফসল। তারপর মানুষের অফুরন্ত অবসর। এই অবসরে যেমন সৃজনের সময়, তেমনি চাই বিনোদন।। সামন্ত, বড় জোতদার, কৃষক, কামার, কুমোর, তন্তুবায় সব সম্প্রদায়ের মানুষ যেমন উৎপাদনের সঙ্গে নানাভাবে সম্পর্কিত, তেমনি সৃজনশীলতারও তাঁরা অংশীদার। শিল্পের সৃজনের মানুষ যেমন আছে, তেমনি আছে তার সমঝদার। একটা কথা মনে রাখতে হবে, সমঝদার যত সমৃদ্ধ হবে, শিল্পও তেমনি সমৃদ্ধ হবে। ময়মনসিংহ অঞ্চলেও এ ঘটনাটি ঘটেছিল। এই অঞ্চলে যেমন ছিল বিশাল ও অসংখ্য নদনদী, জলাভূমি, তেমনি ছিল পাহাড়-বনানী ও সমতল ভূমি। পাহাড়কে রক্ষা করার জন্য ছিল আদিবাসী মান্দি (সাধারনভাবে গারো নামে পরিচিত)। মান্দিদেরও নিজস্ব শিল্প আঙ্গিক ও নানা ধরনের পার্বণ ছিল। শতবর্ষের এসব লোক আঙ্গিকের সৃজন কেমন করে আমাদের নাগরিক জীবনের শিল্পচর্চায় এসে যুক্ত হলো, সেদিকটা দেখা দরকার।একদা পূর্ব পাকিস্তানের চলচ্চিত্রকে আমাদের লোক আঙ্গিক বাঁচিয়ে দিয়েছিল। পূর্ব পাকিস্তানের চলচ্চিত্রের সূচনাকাল বেশ গৌরবময়। আসিয়া’ আকাশ আর মাটি, কখনো আসেনি, কাচের দেয়াল—এসব চলচ্চিত্র নান্দনিকতার দিক দিয়ে সমৃদ্ধ ছিল। কিন্তু সে সময় তার প্রতিযোগী ছিল ভারতীয় বাংলা আর হিন্দি ছবি এবং পাকিস্তানের লাহোরে নির্মিত উর্দু ছবি। ১৯৬৫ সালে পাকিস্তান- ভারত যুদ্ধের পর ভারতীয় ছবির প্রদর্শনী বন্ধ হয়ে যায়। পূর্ব পাকিস্তানে তখন পাকিস্তানি উর্দু ছবির একচেটিয়া বাজার। এ সময় উর্দু ছবির ধুমধাড়াক্কা ডামাডোলে বাংলা ছায়াছবির টেকা দায় হয়ে পড়ল। কিছু নির্মাতা এখানেই উর্দু ছবি নির্মাণ করতে শুরু করলেন। এ সময় লোককাহিনিভিত্তিক যাত্রা রূপবান গ্রামবাংলায় ব্যাপক জনপ্রিয়। রূপবান যখন চলচ্চিত্র হলো, তখন প্রেক্ষাগৃহগুলোতে শুরু হলো দর্শকের বাঁধভাঙা জোয়ার। জনপ্রিয়তার ফলে ব্যবসাও হলো বেশ। শুরু হলো লোককাহিনিভিত্তিক চলচ্চিত্র নির্মাণ। ইতিমধ্যে বেহুলাও এসে গেছে ছায়াছবিতে। উর্দু ছবির জনপ্রিয়তার মুখে আমাদের লোককাহিনির জয়যাত্রা চলেছে একটা উল্লেখযোগ্য সময় ধরে। শুধু আমাদের দেশে নয়, লোককাহিনিনির্ভর চলচ্চিত্র, নাটক-উপন্যাস পৃথিবীর সব দেশেই উন্নতমানের শিল্পের জন্ম দিয়েছে।কলকাতার নাগরিক জীবনের এক প্রধান বিনোদন নাটক। শুধু বিনোদনই নয়, পশ্চিমবঙ্গের মানস ভূগোল নির্মাণেও নাটক একটা ভূমিকা পালন করেছে। সেখানে পাশ্চাত্যের নাটক, মৌলিক নাটক ও নানা ধরনের নিরীক্ষাধর্মী নাটকের নির্মাণ হয়েছে। সমৃদ্ধ হয়েছে তাদের নাট্য-সংস্কৃতি। এর মধ্যে আশির দশকের শেষে কিশোরগঞ্জের লোককাহিনি নিয়ে আধুনিক এক নাটক নির্মাণ করলেন বিভাস চক্রবর্তী। নাটকের নাম মাধব মালঞ্চী কইন্যা। সারা ভারত কাঁপিয়ে দিল সে নাটক। বাংলাদেশেও যখন এ নাটক এল, এখানেও দর্শকের বাঁধভাঙা জোয়ার। বিভাস চক্রবর্তী নাটকের আধুনিক আঙ্গিক ব্যবহার করেছেন, কিন্তু গল্প বলার ঢংটা রেখেছেন একেবারেই সারল্যে ভরা লোককাহিনির চরিত্রের। দর্শক যেমন আধুনিক নাটকের পরিমিতি বোধটা দেখছেন, তেমনি যেন মাটিতে কান পেতে শুনছেন তারই হূদয়ের সুর। অভূতপূর্ব সাফল্য এনে দিল মাধব মালঞ্চী কইন্যা। যদিও কিছু লোককাহিনিভিত্তিক নাটক মাঠে মারা গেছে। এখানে বলে রাখা ভালো, এ ধারার নাটকে প্রায়োগিক দিকটি যদি সঠিক না হয় তাহলে মুশকিল আছে। মহুয়া গীতিনাট্য হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ভেলুয়া সুন্দরী, বেহুলার ভাসান—এসব নিয়ে আমাদের দেশের খ্যাতনামা নির্দেশকেরা নানাভাবে কাজ করেছেন। বেহুলা একটি অত্যন্ত জনপ্রিয় লোক আখ্যান। এই কাহিনি নিয়ে চলচ্চিত্র ও নাটকে প্রচুর কাজ হয়েছে। ষাটের দশকে জহির রায়হান এই কাহিনির চিত্রায়ণে যথেষ্ট সাফল্য দেখিয়েছিলেন। আলতাফ মাহমুদ সুর সৃষ্টিতে একটা চমৎকার নিরীক্ষা করেছিলেন। মানুষের মুখে মুখে প্রচলিত সুরগুলোকে তিনি সংগ্রহ করেছিলেন এবং তার সঙ্গে আধুনিক অর্কেস্টার সংমিশ্রণে নতুন সুর সৃষ্টি করেছিলেন। ফলে গানগুলো খুবই জনপ্রিয় হয়েছিল। আজও মানুষের কণ্ঠে সেই গানগুলো শোনা যায়। যুগ যুগ ধরে কিছু বাউলের কণ্ঠে মানবতার গান শুনতে পাই আমরা। তাঁদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন লালন। সেই লালনের বর্ণাঢ্য জীবন নিয়েও চলচ্চিত্র ও নাটক নির্মাণ হয়েছে। কিন্তু দার্শনিকতার অভাব, সঠিক আধুনিক প্রয়োগ —এসব কারণে সেগুলো জনমনে গভীর দাগ কাটতে পারেনি। আগেই বলেছি, লোক আঙ্গিকের নির্মাণের প্রক্রিয়া চলে এক অখণ্ড অবসরের মধ্যে। তার উপস্থাপনার ঢংও প্রলম্বিত। কারণ, অবসর যাপনের মনেই তা নির্মিত। আধুনিক কোনো নির্মাতা যখন এই উপাদানগুলো ব্যবহার করবেন তাঁরও এ দিকটায় খেয়াল রাখা প্রয়োজন।একবার ঢাকায় এক নাট্যদল ‘সঙ’-এর সাত দিনব্যাপী উৎসবের আয়োজন করল। প্রথম দিন কিছু দর্শক হলেও পরের দিনগুলোতে একেবারেই দর্শক হলো না। সম্ভবত শেষ পর্যন্ত উৎসবটি শেষও হতে পারেনি। লোক আঙ্গিকের একটা বড় সমস্যা পৌনঃপুনিকতা। নাগরিক দর্শকের কাছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। সাঁওতাল, ওরাং, গারো—তাঁদেরও নিজস্ব শিল্প আঙ্গিক আছে। একটা বড় আঙ্গিক নৃত্য। কিন্তু এই নৃত্য এত বেশি পৌনঃপুনিক যে কিছুক্ষণ পর আর ধৈর্য রক্ষা করা যায় না। নৃত্যের সঙ্গে যে তালটি বাজতে থাকে তা-ও অত্যন্ত ঢিমে তালের। সেটি আজকের দিনের গতিশীল ছন্দের সঙ্গে তাল মেলাতে পারছে না। এই সীমাবদ্ধতাকে অতিক্রম করা প্রয়োজন, যার জন্য দরকার আধুনিক মেধাসম্পন্ন সুরকার ও নৃত্যবিদ। কিন্তু এই নৃত্য ও সংগীতই তাদেরও পালা গঠনে যুগ যুগ ধরে চলে আসছে।‘সঙ’ দেখার অভিজ্ঞতা আমার বাল্যকাল থেকেই। টাঙ্গাইলের এই জনপ্রিয় লোকমাধ্যমটি নানা কারণে মানুষকে আকর্ষণ করে। প্রথমত, জনপ্রিয় সুরগুলোকে তাঁরা ব্যবহার করেন। এই ব্যবহারে তাঁরা মুক্ত। নিজেরা কখনো সুর সৃষ্টি করেন, কখনো বাংলা-হিন্দি ছায়াছবির গান ব্যবহার করেন। জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর ঢং অনুকরণ করেন। তাঁদের বাদ্যযন্ত্রের মধ্যে আছে হারমোনিয়াম, করতাল এবং সাধ্য থাকলে একটা কর্নেট। তাঁরা যাত্রার কনসার্টকেও ব্যবহার করে থাকেন। সঙ-এর কাহিনিটি সাদামাটা কিন্তু ব্যঙ্গাত্মক। এর উপস্থাপনায়ও রয়েছে ব্যঙ্গ। যেমন, বড়লোক হলেই দড়ি দিয়ে টাই, বালিশ দিয়ে কৃত্রিম ভুঁড়ি। চোখে বিরাটকায় চশমা (নারকেলের মালাই বা তালপাতা দিয়ে তৈরি)—এসবের ব্যবহার। এছাড়া অভিনেতাদের কণ্ঠস্বরে থাকে এক ধরনের কৃত্রিমতা, যা প্রথমেই হাসির উদ্রেক করে। দৈনন্দিন জীবনের স্থূল বিষয় নিয়েই এর কাহিনি নির্মাণ। সংয়ে খুব দ্রুতই গড়ে ওঠে দর্শকদের সঙ্গে যোগাযোগ। এক সময় এঁদের জীবনকে দেখার চেষ্টা করি। এঁরা কাজ করেন। কেউ বা আবার অন্য ধরনের কায়িক শ্রমের সঙ্গে যুক্ত। সম্পদের মালিক নন, শুধু ভিটেবাড়িটা সম্বল। দারিদ্র্য নিত্যদিনের সঙ্গী। কিন্তু সন্ধ্যা নামলেই এঁরা হয়ে পড়েন সৃজনশীল মানুষ। হয় মহড়া, না হলে কোথাও পালা গান। পেট ভরে খাওয়া ও কিছু অর্থের বিনিময়ে তাঁরা অভিনয় করেন। ঘরে নিত্য নিষ্ঠুরতা। কিন্তু সঙয়ে মানুষকে হাসাতে কার্পণ্য নেই। তাঁদের নিয়ে আমি সঙক্রান্তি নামে একটি নাটক লেখার জন্য অনুপ্রাণিত হই। ওই নাটকে সঙ অভিনয়ের মহড়ার দৃশ্য ছিল। মহড়ায় সংঘবদ্ধভাবে কাহিনি নির্মাণের অভিনব ব্যবস্থাটি দেখানো হয়। সঙটিও দেখানো হয়। এখানে যেহেতু অভিনেতারা আধুনিক, তাই সঙের অভিনেতাদের মতোই অভিনয় করেন বটে কিন্তু সঙ অভিনেতাদের হুবহু অনুকরণ নয়। তাঁদেরকে পরিমিতিবোধের বিষয়টি বিবেচনায় রাখতে হয়েছে। ফলে নাটকটি নাগরিক দর্শকদের কাছে সহজেই পৌঁছে গেল। শেষ পর্যন্ত নাটকটির আবেদনও দর্শকদের মনে দাগ কাটল। তেমনি যখন সাঁওতালদের নিয়ে রাঢ়াং নির্মাণ করি, তখন নাটকের প্রয়োজনে কিছু নৃত্যগীত ব্যবহার করতে হয়েছিল। কিন্তু সমস্যার কথা আগেই বলেছি। আমি নাটকের সংগীত পরিচালক নিয়ে বিভিন্ন সাঁওতাল গ্রামে গিয়ে অজস্র সুর সংগ্রহ করি তাঁদেরই কণ্ঠে। এরপর আমাদের শ্রুতিতে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবহার করা হয়। নৃত্যের ক্ষেত্রেও তাঁদের নৃত্যের মুদ্রাকে ঠিক রেখে নতুন করে সেগুলোকে তৈরি করা হয়। পরিণতিতে দর্শকের কাছে তা ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।আজকের দিনে লোক আঙ্গিক শুধু যে সংগীত-চলচ্চিত্র-নাটকে ব্যবহূত হচ্ছে তা নয়, পটচিত্রও এখন আমাদের দেশে বেশ জনপ্রিয় মাধ্যম। চিত্রকলায় আদি থেকেই লোকজ আঙ্গিক ব্যবহূত হয়েছে। দুই যুগ ধরে নববর্ষে জামা-কাপড়ে, আসবাবে, থালা-বাসনে—সর্বত্র লোক আঙ্গিক ব্যবহূত হচ্ছে। ভবিষ্যতেও ব্যবহূত হবে, যদি তার মধ্যে সমসাময়িকতা থাকে। আমাদের লোক আঙ্গিকে প্রাণের সুর আছে বলেই বারবার তা আমাদের মন কাড়বে। আমাদের মেধা মননকে সমৃদ্ধ করবে।