প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২৩ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৩ নভেম্বর। এবার একই দিনে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও শুরু হবে। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। এ বছর ২১ লাখ ৫৫ হাজার শিক্ষার্থী প্রাথমিক এবং তিন লাখ ৪০ হাজার পরীক্ষার্থী ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে।আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শিক্ষা সমাপনী পরীক্ষাসংক্রান্ত নির্বাহী কমিটির এক সভায় পরীক্ষা অনুষ্ঠান এবং ফল প্রকাশের তারিখ নির্ধারণ এবং পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নির্দেশাবলি প্রণয়ন ও অনুমোদন করা হয়। সরকারের এক তথ্যবিবরণীতে এসব জানানো হয়।নির্বাহী কমিটির সভাপতি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিদিন একটি করে বিষয়ের পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। এ ছাড়া সমাপনী পরীক্ষার ফলাফল ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ, ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে নম্বরপত্র বিতরণ এবং ২০১১ সালের জানুয়ারির মধ্যে সনদ বিতরণেরও সিদ্ধান্ত হয়। নম্বরপত্র পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে গঠিত কমিটি উত্তরপত্র পুনর্নিরীক্ষার কাজ করবে।এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ১৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।এবার পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো সংবাদমাধ্যমে প্রচার করা হবে বলেও জানানো হয়। পরীক্ষার প্রবেশপত্রে পরীক্ষার্থীর পাসপোর্ট আকারের ছবি রাখা এবং তাদের তথ্য এন্ট্রি ও ফলাফল প্রণয়নে নতুন সফটওয়্যার ব্যবহার করা হবে। উপজেলা কিংবা থানা পর্যায়ে নির্ধারিত সম্মেলন কক্ষ অথবা স্থানে কেন্দ্রীয়ভাবে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।প্রসঙ্গত, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গত বছর প্রথম প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হয়। তবে ইবতেদায়ির শিক্ষার্থীদের এবারই প্রথম শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হবে।