প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২৩ কোটি ২০ লাখ বই ছাপা হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২৩ কোটি ২০ লাখ বই ছাপা হবে। এ বছরের মধ্যে বই ছাপানোর কাজ শেষ করে আগামী শিক্ষাবর্ষ শুরুর প্রথম দিনই শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন তিনি। আজ শনিবার রাজধানীর নায়েম মিলনায়তনে মাধ্যমিক শিক্ষাক্রম উন্নয়নসংক্রান্ত এক কর্মশালায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, গতবার ১৯ কোটি বই ছাপানো হয়েছিল। এবার ২৩ কোটি ২০ লাখ বই ছাপানো হবে। বিষয়টা কষ্টের হলেও তা ‘আনন্দের কষ্ট’ বলে তিনি মন্তব্য করেন। মন্ত্রী সিলেবাস দেওয়া, কারিকুলাম প্রণয়ন, পাঠ্যপুস্তক তৈরি ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি দ্রুত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি শিক্ষার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিএ পাস করার পরও কেউ কেউ ভালো করে বাংলা ও ইংরেজিতে কিছু লিখতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। কর্মশালায় উপস্থাপন করা এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, দেশের ৪৭ শতাংশ বিদ্যালয়ের শিক্ষক এবং ৫২ শতাংশ কলেজের শিক্ষক মনে করেন তথ্যপ্রযুক্তির বিকাশ ও বিশ্বায়নের বর্তমান চ্যালেঞ্জের সঙ্গে প্রচলিত শিক্ষাক্রম সংগতিপূর্ণ নয়।