প্রাথমিক পর্যায়ে দুই লাখ শিক্ষকের পদ তৈরির প্রয়োজন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন শিক্ষানীতি বাস্তবায়িত হলে প্রাথমিক পর্যায়ে নতুন দুই লাখ ২৩ হাজার ৩২ জন শিক্ষকের পদ তৈরির প্রয়োজন হবে। এ ছাড়া দাপ্তরিক কাজের জন্য উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা-কর্মচারীর পদ তৈরি করতে হবে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে হাফিজউদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন এ কথা বলেন। আফসারুল আমিন বলেন, পর্যায়ক্রমে এই পদগুলো তৈরি করা হবে। নতুন শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার আওতা পঞ্চম থেকে বাড়িয়ে অষ্টম শ্রেণী করা হবে। এ জন্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষকের পদ তৈরির প্রয়োজন হবে।গোলাপ শাহ মাজার থেকে বুড়িগঙ্গা সেতু পর্যন্ত ফ্লাইওভার প্রকল্প প্রক্রিয়াধীন: মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, যানজট নিরসনে রাজধানীর গোলাপ শাহ মাজার থেকে বুড়িগঙ্গা সেতু পর্যন্ত ফ্লাইওভার তৈরির প্রকল্প প্রক্রিয়াধীন। এ ছাড়া গুলশান থেকে মাদানি এভিনিউ পর্যন্ত রাস্তা নির্মাণ, সমন্বিত হাতিরঝিল উন্নয়ন, কুড়িলে বহুমুখী ফ্লাইওভার নির্মাণ, গুলশান-১-এ বহুতল গাড়ি পার্কিং কাম অফিস ভবন এবং দিলকুশা বাণিজ্যিক এলাকায় বহুতল গাড়ি পার্কিং নির্মাণ প্রকল্প চলছে।মমতাজ বেগমের অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজধানীকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরে পরিণত করার লক্ষ্যে নানাবিধ উদ্যোগ নিয়েছে। মন্ত্রণালয় এ লক্ষ্যে বেশকিছু প্রকল্প নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, আবাসিক প্রকল্প, ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প ইত্যাদি। বাস্তবায়নাধীন আবাসিক প্রকল্পগুলো হচ্ছে, পূর্বাচল নিউ টাউন আবাসিক প্রকল্প, উত্তরা (৩য় পর্ব) আবাসিক প্রকল্প ও ঝিলমিল আবাসিক প্রকল্প। এ ছাড়া মিরপুর ও মোহাম্মদপুরে বেশকিছু আবাসিক সুবিধাসংবলিত বহুতল ফ্ল্যাট নির্মাণ প্রকল্প চলমান আছে। ঢাকা শহরের আশপাশেও চারটি স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা সরকারের আছে। এই টাউনগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য সরকার কার্যক্রম নিয়েছে।এক সম্পূরক প্রশ্নের জবাবে আবদুল মান্নান খান জানান, এই চারটি স্যাটেলাইট টাউনের একটি হবে কেরানীগঞ্জের রুহিতপুরে। আর সাভার-ধামরাই-সিঙ্গাইর এলাকার সাংসদদের মধ্যে যিনি এলাকার জনগণের আগ্রহের কথা জানাবেন, সে এলাকায় একটি করা হবে। লুত্ফুর রহমানের এক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ করার পরিকল্পনা সরকারের আছে। ইতিমধ্যে আইনের খসড়া করা হয়েছে। এটি চূড়ান্ত করার কাজ চলছে।