৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার (প্রিলিমিনারি) ফলাফল প্রকাশ না করতে সরকারি কর্মকমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিটের শুনানি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ না করতে বলা হয়েছে।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন।৩০তম বিসিএস প্রাথমিক বাছাই পরীক্ষার প্রশ্নপত্রে অসংগতির অভিযোগ এনে পরীক্ষার্থী শফিউল ইসলাম মণ্ডলসহ ১৯ জন পরীক্ষার্থী রিটটি দায়ের করেন। শুনানিতে অংশ নিয়ে সরকার পক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার সময়ের আবেদন জানান। রিট আবেদনকারী পক্ষের কৌঁসুলি মনজিল মোরশেদ রিটের শুনানি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ না করার জন্য নির্দেশনা চান। এরপর আদালত আদেশ দেন।পরে মনজিল মোরশেদ প্রথম আলোকে বলেন, আদালত এক দিন সময় দিয়েছেন। কাল রিটের ওপর শুনানি হবে।